১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডব্লিউডব্লিউই ‘র’ রেসলিং আসছে নেটফ্লিক্সে, যুক্ত হচ্ছেন দ্য রক

নেটফ্লিক্সের সঙ্গে এ চুক্তির মাধ্যমে ডব্লিউডব্লিউই’র বিভিন্ন জনপ্রিয় ‘পে-পার-ভিউ’ শো যেমন রেসলম্যানিয়া, সামারস্ল্যাম ও রয়্যাল রাম্বলও দেখার সুযোগ মিলবে।

ডব্লিউডব্লিউই ‘র’ রেসলিং আসছে নেটফ্লিক্সে, যুক্ত হচ্ছেন দ্য রক

তবে, এই চেহারায় দ্য রককে আর না ও দেখা যেতে পারে

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2024, 02:56 PM

Updated : 24 Jan 2024, 03:53 PM

২০২৫ সাল থেকে পেশাদার রেসলিং জগতের শীর্ষ সাপ্তাহিক শো ‘ডব্লিউডব্লিউই র’ দেখার সুযোগ পাবেন কেবল নেটফ্লিক্সের গ্রাহকরা।

৩১ বছর ধরে বিশ্বের বিভিন্ন টেলিভিশন নেটওয়ার্কে সম্প্রচারিত হয়ে আসছে তিন ঘণ্টা দীর্ঘ এ প্রোগ্রামটি।

তবে, ডব্লিউডব্লিউই ও ইউএফসি’র যৌথ উদ্যোগে গঠিত কোম্পানি ‘টিকেও’র নীতিনির্ধারকরা সম্প্রতি ঘোষণা দিয়েছেন, আগামী বছরের জানুয়ারি থেকে র কেবল নেটফ্লিক্সে দেখা যাবে।

এর ফলে, যুক্তরাষ্ট্রের বাইরের দর্শকরাও ডব্লিউ ডব্লিউই-এর সাপ্তাহিক সবগুলো টিভি শো এমনকি লাইভ ইভেন্ট দেখার সুযোগ পাবেন শীর্ষ এ স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

টিকেও বলেছে, নেটফ্লিক্সের সঙ্গে এ চুক্তির মাধ্যমে ডব্লিউডব্লিউই’র বিভিন্ন জনপ্রিয় ‘পে-পার-ভিউ’ শো যেমন রেসলম্যানিয়া, সামারস্ল্যাম ও রয়্যাল রাম্বলও দেখার সুযোগ মিলবে।

প্রাথমিকভাবে এ চুক্তির সুবিধা পাবেন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও লাতিন আমেরিকার দর্শকরা।

বিশেষ কোনো কারণ না থাকলে ডব্লিউডব্লিউই র সাধারণত সরাসরিই সম্প্রচারিত হয়। এখন পর্যন্ত সাপ্তাহিক অনুষ্ঠানটির সম্প্রচারিত পর্বের সংখ্যা এক হাজার ছয়শ, যেখানে রেসলারদের দ্বৈরথ বা স্টোরিলাইন দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন দর্শকরা।

কোম্পানির নীতিনির্ধারকদের দাবি, প্রতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠানটির গড় দর্শক প্রায় পৌনে দুই কোটি। আর বিভিন্ন সামাজিক মাধ্যমে ডব্লিউডব্লিউই’র সর্বমোট অনুসারী সংখ্যা একশ কোটিরও বেশি।

“আমরা নেটফ্লিক্সকে বিশ্বের অন্যতম বিনোদন ব্র্যান্ড হিসেবে দেখি। আর এটি দীর্ঘমেয়াদে র-এর বিশ্বস্ত ও তরুণ ভক্তদের কাছে ডব্লিউডব্লিউই কনটেন্ট দেখার আদর্শ জায়গা হতে যাচ্ছে।” --বলেন ডব্লিউডব্লিউই প্রেসিডেন্ট নিক খান।

ডব্লিউডব্লিউই’র পে-পার-ভিউ শো’গুলো নেটফ্লিক্স গ্রাহক সেবার মধ্যে অন্তর্ভূক্ত থাকবে কি না, সে সম্পর্কে স্ট্রিমিং কোম্পানিটিকে জিজ্ঞেস করেছিল বিবিসি।

কোম্পানি আরও ঘোষণা দিয়েছে, টিকেও’র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন একসময়ের জনপ্রিয় রেসলার ও বর্তমানে হলিউড সুপাস্টারের তকমা পাওয়া অভিনেতা ডুয়েইন জনসন, যিনি বেশি পরিচিত দ্য রক নামে।

এমনকি এ চুক্তির অংশ হিসেবে ‘দ্য রক’ ট্রেডমার্কের মালিকানাও পেয়েছেন তিনি। রেসলিং ছেড়ে এখন সিনেমায় কাজ করলেও এ নাম এখনও পিছু ছাড়েনি জনসনের। তবে, ট্রেডমার্কটি এতদিন ছিল ডব্লিউডব্লিউই’র মালিকানায়।

“টিকেও’র পরিচালনা পর্ষদ সদস্য হওয়া ও ‘দ্য রক’ নামের পুরো মালিকানা পাওয়ার বিষয়টি কেবল অভূতপূর্বই নয় বরং অনুপ্রেরণারও বটে। কারণ, এটা আমার পাগলাটে জীবন চক্রের গুরুত্বপূর্ণ অংশ।” --এক বিবৃতিতে বলেন জনসন।

জনসনের এমন ঘোষণায় রিংয়ে তার প্রত্যাবর্তন নিয়েও গুঞ্জন বেড়েছে। এ মাসের শুরুতে র-এর একটি পর্বেও দেখা গিয়েছিল স্করপিয়ন কিং খ্যাত এই অভিনেতাকে।