Published : 28 Apr 2023, 03:28 PM
২০২৩ সালের প্রথম প্রান্তিকে পাঁচশ ৭০ কোটি ডলার মুনাফার সম্ভাবনা দেখেছে সামাজিক প্ল্যাটফর্ম ফেইসবুক ও ইনস্টাগ্রামের মালিক কোম্পানি মেটা। কর্মী ছাঁটাই কার্যক্রমের বিপরীতে কোম্পানির অনুমিত লাভের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে এটি।
মেটা বলেছে, তাদের ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা (এআই) ‘ভালো ফলাফলই দেখাচ্ছে’।
কোম্পানিটি সামগ্রিকভাবে দুই হাজার আটশ ৬০ কোটি ডলার আয় করার পাশাপাশি প্রতি মাসে ফেইসবুকের মোট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে গিয়ে ঠেকেছে প্রায় তিনশ কোটিতে।
“আমাদের কমিউনিটি ক্রমাগত বড় হচ্ছে।” --বলেন মেটা প্রধান মার্ক জাকারবার্গ।
“আর তুলনামূলক ভালো পণ্য তৈরির উদ্দেশ্যে আমরা আরও দক্ষ হয়ে উঠছি। নিজেদের দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা পূরণের ক্ষেত্রেও এটি আমাদের শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে।”
‘এআই তৈরির পেছনে আর নেই’
জাকারবার্গ বিনিয়োগকারীদের বলেন, মেটা একে ‘শত কোটির বেশি মানুষের কাছে ‘এআই এজেন্ট’ পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ দেখছে, যা ভবিষ্যতে ‘প্রয়োজনীয় ও অর্থবহ’ হবে।
এই প্রসঙ্গে কয়েকটি বিশদ বিবরণ দেওয়ার সময় তিনি বলেন, মেটা ‘হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের চ্যাটিং অভিজ্ঞতা, ফেইসবুক ও ইনস্টাগ্রামে বিভিন্ন পোস্টের জন্য ‘ভিজুয়াল ক্রিয়েশন টুল’ ও বিজ্ঞাপনের পাশাপাশি সময় বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ‘মাল্টিমোডাল’ অভিজ্ঞতা খুঁজে দেখছে।’
বিবিসি’র প্রতিবেদন বলছে, মেটা নিজেদের ব্যক্তিগতভাবে পরিচালিত ‘জেনারেটিভ এআই’র বাণিজ্যিকীকরণ চায়। এই প্রযুক্তির বাস্তবসম্মত অ্যাপ্লিকেশন খোঁজার উদ্দেশ্যে গুগলের সঙ্গে কাজ করছে কোম্পানিটি।
২০১৩ সালে (তৎকালীন) ফেইসবুকের জন্য ‘এআই রিসার্চ ল্যাবরেটরি’ প্রতিষ্ঠা করলেও মাইক্রোসফটের মতো প্রযুক্তি জায়ান্টদের মতো এখনও এই খাতে বড় কোনো ঢেউ আনতে পারেনি কোম্পানিটি।
তবে জাকারবার্গ জোর দিয়ে বলেন, মেটা এখন আর নিজেদের ‘এআই অবকাঠামো তৈরি’র পেছনে কাজ করছে না। তিনি আরও যোগ করেন, আসন্ন মাসগুলোয় মেটার বিভিন্ন জেনারেটিভ এআই ভিত্তিক পণ্য উন্মোচিত হবে, যেগুলোর মাধ্যমে তাৎক্ষণিকভাবেই বিভিন্ন বাক্য ও গ্রাফিক্স তৈরি করা যাবে।
তিনি আরও যোগ করেন, মেটাভার্স বা মেটার ভার্চুয়াল রিয়ালিটি’র প্রকল্প বন্ধ করে এই পদক্ষেপ বাস্তবায়িত হবে না।
গত প্রান্তিকে চারশ কোটি ডলার লোকসানের কথা জানায় মেটার রিয়ালিটি ল্যাবস। কোম্পানি বলছে, ২০২৩ অর্থবছরে এই লোকসান আরও বাড়তে পারে।
জাকারবার্গ আরও বলেন, ‘মেটাভার্স থেকে মেটা দূরে সরে যাচ্ছে’ এমন ধারণা ছড়িয়ে পড়া ‘সঠিক নয়’। পাশাপাশি, এই বছরের শেষ নাগাদ নিজেদের পরবর্তী ‘কোয়েস্ট ভিআর’ হেডসেট আত্মপ্রকাশের পরিকল্পনার কথাও জানান তিনি।