২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেট এক্সপ্লোরারে নতুন ‘বাগ’!

ইন্টারনেট এক্সপ্লোরারের সদ্য আবিষ্কৃত সফটওয়্যার বাগ নিয়ে সতর্ক করে দিয়েছে মার্কিন সফটজায়ান্ট মাইক্রোসফট। ইন্টারনেট এক্সপ্লোরারের ভার্সন ৬ থেকে ১১ পর্যমন্ত সবগুলো ভার্সনে উপস্থিত ওই বাগটির সুযোগ নিয়ে ব্যবহারকারীদের কম্পিউটারের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে নিয়ে নিতে পারবে হ্যাকাররা।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2014, 06:59 PM

Updated : 25 Apr 2022, 04:06 PM

বার্তাসংস্থা বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ইন্টারনেট এক্সপ্লোরের সদ্য আবিষ্কৃত বাগটি নিয়ে তদন্ত করা হচ্ছে এবং যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে মাইক্রোসফট।

তবে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছেন উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীরা। মাইক্রোসফট উইন্ডোজ এক্সপির জন্য সফটওয়্যার আপডেট এবং সিকিউরিটি প্যাচ ইস্যু করা বন্ধ করে দিয়েছে এই মাসেই। ফলে নতুন সফটওয়্যার বাগটির হুমকি মোকাবলে করতে মাইক্রোসফট কোনো সফটওয়্যার আপডেট অথবা সিকিউরিটি প্যাচ ইস্যু করলেও তা উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীদের কাজে আসবে না।

নেটমার্কেট শেয়ারের তথ্য অনুযায়ী বিশ্ববাজারের শতকরা ৫০ শতাংশ ব্যবহারকারী ব্রাউজার হিসেবে ব্যবহার করেন ইন্টারনেট এক্সপ্লোরার। আর এখনও বিশ্বব্যাপী ৩০ শতাংশ পিসিতে ব্যবহৃত হচ্ছে উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম। ফলে ইন্টারনেট এক্সপ্লোরারের নতুন বাগটির ফলে সাইবার আক্রমণের হুমকিতে আছেন ব্যবহারকারীদের একটা বড় অংশ।