২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সার্চ প্রতিষ্ঠানকে এফটিসির সতর্কতা

ওয়েব সার্চের ফলাফল এবং বিজ্ঞাপনের পার্থক্য নিশ্চিত করতে বিভিন্ন ইন্টারনেট সার্চ প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে সতর্ক করেছে এফটিসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2013, 11:04 AM

Updated : 25 Apr 2022, 06:55 PM

যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন সম্প্রতি ইন্টারনেট সার্চ প্রতিষ্ঠানগুলোকে বিজ্ঞাপন প্রক্রিয়া উন্নত করার সুনির্দিষ্ট বিষয়ে সতর্ক করেছে। এ বিষয়ে এফটিসি ২৪টি ইন্টারনেট সার্চ প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বিজ্ঞাপনদাতাদের ওয়েব সার্চের ফলাফল এবং বিজ্ঞাপনের পার্থক্য নিশ্চিত করতে বলা হয়েছে ওই চিঠিতে।

সার্চ জায়ান্ট গুগল, ইয়াহু এবং মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানও ওই চিঠি প্রাপকের তালিকায় রয়েছে।

বর্তমানে বিভিন্ন নতুন প্রযুক্তি, যেমন মোবাইল সেবাসংক্রান্ত অনলাইন প্রতিষ্ঠানের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। এ পরিস্থিতিতে পেইড সার্চ রেজাল্ট এবং বিজ্ঞাপনের পার্থক্য নিশ্চিত করতেই এফটিসি বিভিন্ন ইন্টারনেট সার্চ প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

চিঠির ব্যাপারে মাইক্রোসফট কোনো মন্তব্য না করলেও গুগল এক বিবৃতিতে জানিয়েছে, লেবেল ক্লিয়ার ও পেইড সার্চ রেজাল্টের বিষয়টি পরিষ্কার করাটা বেশ গুরুত্বপূর্ণ। তারা নিজেরাই তাদের সেবার মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে এ বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এফটিসি সতর্ক করে বলেছে, প্রতারণামূলক বিজ্ঞাপন ঠেকাতে যে আইন আছে, তা লংঘনকারী প্রতিষ্ঠানকে জরিমানা করার মতো ক্ষমতা সংস্থাটির আছে।