তথ্যের বিস্তারিত জানাল ফেইসবুক
সোশাল জায়ান্ট ফেইসবুকের কাছে যুক্তরাষ্ট্র সরকার কতজন গ্রাহকের তথ্য চেয়েছে, তা সম্প্রতি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ফেইসবুকের সঙ্গে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটও একই শ্রেণিভূক্ত তথ্য প্রকাশ করেছে।
ফেইসবুক জানিয়েছে, যুক্তরাষ্ট্র সরকার তাদের কাছে ২০১২ সালের মাঝামাঝি সময়ে নয় থেকে ১০ হাজার গ্রাহকের ডেটা চেয়েছে। সাইটটি আরও জানিয়েছে, এর মধ্যে রয়েছে ১৮ থেকে ১৯ হাজার অ্যাকাউন্ট, যা সাধারণ অপরাধ থেকে শুরু করে জাতীয় নিরাপত্তার জন্য চাওয়া হয়।
সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট জানিয়েছে, তাদেরকে ৩১ থেকে ৩২ হাজার অ্যাকাউন্টের মধ্যে যুক্তরাষ্ট্র্র সরকার, ছয় থেকে সাত হাজার গ্রাহকের তথ্য চেয়েছিল।
গুগল, ইয়াহু, অ্যাপল এবং মাইক্রোসফটের মতো বিভিন্ন ইন্টারনেট প্রতিষ্ঠান তাদের সার্ভারে যুক্তরাষ্ট্র সরকারের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিকে সরাসরি প্রবেশাধিকার দিয়েছে, এমন প্রতিবেদন প্রকাশিত হবার পর প্রতিষ্ঠানগুলো তা অস্বীকার করে। যুক্তরাষ্ট্র সরকারকে সার্ভারের কোনো প্রবেশাধিকার দেয়নি বলেই তারা জানায়।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/আজরাফ/ওএসপি/এইচবি/জুন ১৬/১৩
