১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

৪৮ মেগাপিক্সেল আইফোন ১৪ প্রো, এলো ওয়াচ সিরিজ ৮, এয়ারপড প্রো

১.৯ অ্যাপারচারের ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে আইফোন ১৪-তে। ভিডিওর বেলায় যোগ হচ্ছে নতুন অ্যাকশন স্ট্যাবিলাইজেশন মোড। ৫জি সংযোগ থাকবে এতে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2022, 10:33 PM

Updated : 10 Sep 2022, 01:40 PM

বাংলাদেশ সময় রাত ১২:৩০

আইফোন ১৪ প্রো-এর দাম শুরু হবে ৯৯৯ ডলার থেকে; আর আইফোন ১৪ প্রো ম্যাক্সের দাম শুরু হবে ১০৯৯ ডলার থেকে।

৯ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার নেবে অ্যাপল, কিনতে পাওয়া যাবে ১৬ সেপ্টেম্বর থেকে।

বাংলাদেশ সময় রাত ১২:২০

আইফোন ১৪ প্রো

আরও আসছে নতুন আইফোন ১৪ প্রো। স্টেইনলেস স্টিলের কেইস থাকবে এতে, কিনতে পাওয়া যাবে চারটি রঙে। নোটিফিকশেন দেখাবে নতুন ‘ডায়নামিক আইল্যান্ড’। প্রো সংস্করণেরও আছে দুটি মডেল; বেসিক প্রো মডেলের ডিসপ্লের আকার ৬.১ ইঞ্চি, প্রো ম্যাক্সের ডিসপ্লের আকার ৬.৭ ইঞ্চি।

অবশেষে যোগ হচ্ছে ‘অলওয়েজ অন ডিসপ্লে’।

চলবে নতুন এ১৬ বায়োনিক চিপে। গুরুত্ব পেয়েছে বিদ্যুৎ খরচ, ক্যামেরা এবং ডিসপ্লে। ৪ ন্যানোমিটার প্রক্রিয়ায় এ১৬ চিপ বানিয়েছে অ্যাপল।

ছয় কোরের সিপিইউতে থাকবে দুটি হাই-পারফর্মেন্স কোর এবং দুটি হাই এফিশিয়েন্সি কোর; আছে ১৬ কোরের নিউরাল ইঞ্জিন এবং পাঁচ কোরের জিপিইউ।

৪৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা থাকছে এতে, আছে কোয়াড-পিক্সেল সেন্সর। ৪৮ মেগাপিক্সেলে ‘র’ ফরম্যাটে ছবি তুলতে দেবে আইফোন ১৪ প্রো।

আরও আছে ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা ও ১২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা।

বাংলাদেশ সময় রাত ১২:১০

আইফোন ১৪ এর দাম শুরু হবে ৭৯৯ ডলার থেকে। প্লাস সংস্করণের দাম শুরু হবে ৮৯৯ থেকে। ৯ সেপ্টেম্বর থেকে প্রিঅর্ডার নেবে অ্যাপল।

বাংলাদেশ সময় রাত ১২:০০

১.৯ অ্যাপারচারের ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে আইফোন ১৪-তে। ভিডিওর বেলায় যোগ হচ্ছে নতুন অ্যাকশন স্ট্যাবিলাইজেশন মোড। ৫জি সংযোগ থাকবে এতে।

Image

ছবি: অ্যাপল

একাধিক ডিজিটাল ‘ইসিম’

যুক্তরাষ্ট্রের মডেলগুলোতে থাকবে না কোনো সিম ট্রে। ইসিম আগেই এনেছিল অ্যাপল, পাশাপাশি ছিল সিম ট্রে-ও। এবার কিছু কিছু এলাকায় আইফোন কোনো সিম ট্রে ছাড়াই আনবে নির্মাতা। তালিকার শুরুতেই আছে মার্কিন যুক্তরাষ্ট্র।

স্যাটেলাইট সংযোগ

ইন্টারনেট বা সেলুলার সংযোগ বিহীন অঞ্চলে জরুরি প্রয়োজনে সাহায্য চাওয়ার পথ করে দেবে ‘ইমার্জেন্সি এসওএস ভায়া স্যাটেলাইট’। স্যাটেলাইটের মাধ্যমে জরুরী সাহায্যের আহ্বান জানানোর সুযোগ দেবে নতুন আইফোন।

প্রয়োজনীয় স্যাটেলাইটটিও খুঁজে দেবে নতুন আইফোন। স্যাটেলাইটের মাধ্যমে কাছের মানুষদের নিজের অবস্থান সম্পর্কেও জানাতে পারবেন ব্যবহারকারী। ফিচার চালু হবে নভেম্বর মাস থেকে।

বাংলাদেশ সময় রাত ১১:৫০

‘আইফোন ১৪’ নিশ্চিত করলেন কুক

আইফোন ১৪-এর ডিসপ্লে হবে ৬.১ ইঞ্চির, আর এর প্লাস সংস্করণে থাকবে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে। দুই মডেলেই থাকবে সিরামিক শিল্ড, পানি ও ধুলা নিরোধক হবে ডিভাইসগুলো, কিনতে পাওয়া যাবে পাঁচটি রঙে।

থাকছে এ১৫ বায়োনিক চিপের পাঁচ কোরের জিপিইউ। ১.৫ অ্যাপারচারের ১২ মেগাপিক্সেলের মূল ক্যামেরা থাকবে আইফোন ১৪-তে।

Image

ছবি: অ্যাপল

বাংলাদেশ সময় রাত ১১:৪০

নতুন এয়ারপড প্রো: দাম ২৯৯ ডলার

নতুন এয়ারপড প্রো আনছে অ্যাপল। নতুন এইচ২ চিপ থাকবে এয়ারপড প্রো-তে। রাস্তার বাড়তি আওয়াজ কমাবে নতুন ‘অ্যাডাপ্টিভ ট্রান্সপারেন্সি’ ফিচার। আঙ্গুল স্পর্শেই নিয়ন্ত্রণ করা যাবে ভলিউম। একবারের চার্জে টানা ছয় ঘণ্টা চলবে নতুন এয়ারপড প্রো।

দাম হবে ২৯৯ ডলার। ৯ সেপ্টেম্বর থেকে প্রি অর্ডার করা যাবে ডিভাইসগুলো।

Image

ছবি: অ্যাপল

বাংলাদেশ সময় রাত ১১:৩৫

১৩০ ফুট পানির নিচেও চলবে অ্যাপল ওয়াচ আল্ট্রা। ডাইভ ওয়াচ হিসেবে কাজ করবে ডিভাইসটি।

দাম হবে ৭৯৯ ডলার। ২৩ সেপ্টেম্বর থেকে বাজারে কিনতে পাওয়া যাবে ডিভাইসটি, অ্যাপল প্রিঅর্ডার নেবে ৭ সেপ্টেম্বর থেকেই।

Image

ছবি: অ্যাপল

বাংলাদেশ সময় রাত ১১:৩০

নতুন চমক: অ্যাপল ওয়াচ আল্ট্রা, (তা-ই কি?)

আগেই গুজব ছিল এমন একটি মডেল আনতে যাচ্ছে অ্যাপল। সেটিই সত্যি হলো।

টাইটেনিয়ামের তৈরি এর ৪৯ মিলিমিটরের কেইস। আছে নতুন ‘অ্যাকশন বাটন’। একবারের চার্জে ৩৬ ঘণ্টা চলবে আল্ট্রা। ৬০ ঘণ্টার সমর্থন আসছে শিগগিরই। রাতের জন্য আছে ‘নাইট মোড’। জীবনে অ্যাডভেঞ্চার চান এমন মানুষদের কথা মাথায় রেখে এর নকশা করেছে অ্যাপল।

জিপিএস সিগনালের বাধা বিপত্তি এড়াতে ডুয়াল ফ্রিকোয়েন্সির জিপিএস ফিচার রেখেছে অ্যাপল। অ্যাপল ওয়াচ আল্ট্রাকে বাজারের সেরা স্পোর্টস ওয়াচ হিসেবে উপস্থাপন করছে অ্যাপল। হারিয়ে গেলেও ফেলার পথ খুঁজে দেবে আল্ট্রার জিপিএস। ১৩০ ফুট পানির নিচেও চলবে অ্যাপল ওয়াচ আল্ট্রা। ডাইভ ওয়াচ হিসেবে কাজ করবে ডিভাইসটি।

বাংলাদেশ সময় রাত ১১:২৫

টাইটেনিয়ামে তৈরি অ্যাপল ওয়াচ এসই

আরও আসছে নতুন অ্যাপল ওয়াচ এসই সংস্করণ। দ্বিতীয় প্রজন্মের এসই-তেও ইমার্জেন্সি এসওএস এবং ক্র্যাশ ডিটেকশন ফিচার থাকবে। বড় হচ্ছে ডিসপ্লের আকার। চলবে ওয়াচ ওএস ৯ অপারেটিং সিস্টেমে। কিনতে পাওয়া যাবে ১৬ সেপ্টেম্বর থেকে।

Image

ছবি: অ্যাপল

বাংলাদেশ সময় রাত ১১:২০

এক চার্জে ১৮ ঘণ্টা

একবারের চার্জে ১৮ ঘণ্টা চলবে নতুন অ্যাপল ওয়াচ। কিন্তু ‘লো পাওয়ার মোড’-এ ডিভাইসটি চলবে টানা ৩৬ ঘণ্টা। ‘ইন্টারন্যাশনাল রোমিং’ সেবা যোগ হচ্ছে সেলুলার সেবা আছে অ্যাপল ওয়াচ সিরিজের নতুন সংস্করণে। আরও আছে কসমেটিক্স আপডেট।

জিপিএস মডেলের দাম শুরু হবে ৩৯৯ ডলার থেকে।


বাংলাদেশ সময় রাত ১১:১০

নতুন সংযোজন: নারীদের পিরিয়ড ট্যাক করবে অ্যাপল ওয়াচ।

তাপমাত্রা মাপার জন্য নতুন দুটি সেন্সর থাকবে অ্যাপল ওয়াচ সিরিজ ৮-এ। এর সব আপডেট পাওয়া যাবে অ্যাপলের হেলথ অ্যাপে। নারীদের স্বাস্থ্য সংশ্লিষ্ট ডেটা এনক্রিপ্টেড অবস্থায় থাকবে ডিভাইসে।

‘ক্র্যাশ ডিটেকশন’। গাড়ি দুর্ঘটনায় পড়লে স্বয়ংক্রিয়ভাবে জরুরি সেবাদাতাদের সঙ্গে যোগাযোগ করবে ডিভাইসটি। খবর চলে যাবে কাছের মানুষদের কাছে।

বাংলাদেশ সময় রাত ১১:০৫

আসছে অ্যাপল ওয়াচের সিরিজ ৮

বিপদে শেষ ভরসা হিসেবে অ্যাপল ওয়াচকে তুলে ধরছে প্রয়াত স্টিভ জবসের প্রতিষ্ঠান। নতুন অ্যাপল ওয়াচ সিরিজ ৮-এর ঘোষণা দিচ্ছেন জেফ উইলিয়ামস। ‘সুইম প্রুফ’ এবং ‘ডাস্ট প্রুফ’ হবে নতুন অ্যাপল ওয়াচ।

Image

ছবি: অ্যাপল

বাংলাদেশ সময় রাত ১১:০০

মঞ্চে নয়, খোলা মাঠে টিম কুক, শুরু হলো আয়োজন

নতুন অ্যাপল পণ্যের ঘোষণা দিতে স্টিভ জবস থিয়েটারের খোলা মাঠে হাজির টিম কুক। ঘোষণা আসছে নতুন আইফোন, এয়ারপড আর অ্যাপল ওয়াচ নিয়ে।

প্রথমেই আসছে নতুন অ্যাপল ওয়াচ।

Image

ফার আউট আয়োজনের আমন্ত্রণপত্র

বাংলাদেশ সময় রাত ১০:৩০

লাইভ ব্লগ: অ্যাপলের ‘ফার আউট’ শুরুর অপেক্ষা, আসবে কি আইফোন ১৪?

বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হতে যাচ্ছে অ্যাপলের ‘ফার আউট’ আয়োজন। গত ক’মাস ধরেই বাজারে জোর গুঞ্জন চলছে স্যাটেলাইট সংযোগ সুবিধার নয়া আইফোন আনছে অ্যাপল। আর সেপ্টেম্বরেই নতুন আইফোন ঘোষণা অ্যাপলের পুরোনো রেওয়াজ।

আলোচনায় আরও আছে নতুন অ্যাপল ওয়াচ আর এয়ারপডস। তবে, অ্যাপল এবার নতুন পণ্যের দাম বাড়াবে, এমনও গুজব আছে বাজারে। অপেক্ষা এখন কেবল টিম কুকের ঘোষণার।

ঘোষণার সঙ্গে সঙ্গেই আপডেট পেতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর টেক পাতার সঙ্গে থাকুন।