Published : 22 Jul 2026, 08:49 PM
বিশ্ববাজারে মেমোরি চিপের আকস্মিক দামবৃদ্ধি ও অ্যাপলের সম্ভাব্য প্রতিযোগিতা সামলে নিতে নতুন আকারের ফোল্ডএবল স্মার্টফোন উন্মোচন করেছে স্যামসাং।
লন্ডনে আয়োজিত ‘স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ২০২৬’ ইভেন্টের জমকালো আয়োজনে কোম্পানিটির জেড সিরিজের তিনটি নতুন ফোল্ডএবল ফোন দেখিয়েছে কোরিয়ান এই স্মার্টফোন জায়ান্ট।
রয়টার্স লিখেছে, গুগলের এআই চ্যাটবট জেমিনাইচালিত নতুন তিন ফোনে বিশ্ববাজার ধরে রাখার চেষ্টা করলেও উৎপাদন খরচ বাড়ায় জনপ্রিয় এসব মডেলের দাম কিছুটা বাড়িয়েছে দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি জায়ান্টটি।
স্যামসাং ফোল্ডএবল স্মার্টফোনের প্রচলন ঘটালেও বিশ্ববাজারে তাদের একক আধিপত্য এবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে।
বাজার বিশ্লেষকদের ধারণা, এ বছরই অ্যাপল আইপ্যাড মিনি আকারের স্ক্রিনসহ তাদের প্রথম ফোল্ডএবল ফোন বাজারে আনতে যাচ্ছে।
বিষয়টিকে কৌশলগত উল্লেখ করে গবেষণা কোম্পানি আইডিসি’র ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিসকো জেরোনিমো বলেছেন, “এবারের ইভেন্টটি স্যামসাংয়ের জন্য ফোল্ডএবল ফোনের অন্যতম গুরুত্বপূর্ণ উন্মোচন। নিজের তৈরি করা বাজার নিজেদেরই রক্ষা করতে হবে। ফলে স্যামসাং এখানে কোনো ঝুঁকি না নিয়ে সরাসরি প্রতিদ্বন্দিতায় নেমেছে।”
ভিডিও কনটেন্টপ্রেমীদের কথা মাথায় রেখে চওড়া স্ক্রিনের ‘গ্যালাক্সি জেড ফোল্ড৮’-এর দাম নির্ধারণ করেছে ১ হাজার ৮৯৯ ডলার।
এ ছাড়া প্রিমিয়াম সংস্করণের ‘গ্যালাক্সি জেড ফোল্ড৮ আল্ট্রা’ ও ক্ল্যামশেল বা ঝিনুক স্টাইলের ‘ফ্লিপ৮’-এর দাম আগের বিভিন্ন মডেলের চেয়ে ১০০ ডলার বাড়িয়ে ২ হাজার ৯৯ ও ১ হাজার ১৯৯ ডলার করেছে কোম্পানিটি।
মেমোরি চিপের তীব্র সংকটের কারণে ২০২৬ সালে বিশ্বজুড়ে স্মার্টফোনের বাজার রেকর্ড ১৪ শতাংশ সংকুচিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে গবেষণা কোম্পানি আইডিসি।
তবে সার্বিক বাজার নিম্নমুখী থাকলেও এ বছর স্যামসাং ইলেকট্রনিক্সের বিশ্বজুড়ে স্মার্টফোনের বাজার আধিপত্য কিছুটা বাড়তে পারে। অন্যদিকে, ফোল্ডএবল ফোনের বৈশ্বিক সরবরাহ অন্তত ২০ শতাংশ বাড়বে বলে ধারণা আইডিসি’র।
এ দিকে, চিপের আকাশচুম্বী দামের কারণে স্যামসাংয়ের মেমোরি বিজনেস রেকর্ড মুনাফা করলেও বিপরীত চিত্র দেখা গেছে তাদের মোবাইল বিভাগে।
উপাদান খরচ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় মুনাফার মার্জিন কমে এপ্রিল-জুন প্রান্তিকে স্যামসাংয়ের মোবাইল বিভাগ ইতিহাসে প্রথমবারের মতো ত্রৈমাসিক ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেক বাজার বিশ্লেষক।
বাজার গবেষণা কোম্পানি ওমডিয়া’র তথ্যমতে, একটি বাজেট স্মার্টফোনের মোট উপাদান খরচের ৬০ শতাংশেরও বেশি ব্যয় হয় মেমোরি ও স্টোরেজের পেছনে। ফ্ল্যাগশিপ বা প্রিমিয়াম মডেলগুলোর ক্ষেত্রে এই খরচ ৩০ শতাংশের বেশি।
ওমডিয়ার জ্যেষ্ঠ বিশ্লেষক শেং উইন চাউ বলেছেন, “১৫০০ ডলারের দামি বিভিন্ন ডিভাইসে মোট খরচের তুলনায় মেমোরি চিপের আনুপাতিক খরচ মিড-রেঞ্জ ফোনের চেয়ে অনেক কম। ফলে দামি ফোনগুলোতে চিপের বর্ধিত দাম সামলে নেওয়ার সুযোগ বেশি।”
উচ্চ মূল্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, “মূল প্রশ্ন হচ্ছে, কোন বৈশিষ্ট্যের কারণে গ্রাহক এত বাড়তি দাম দেবেন? কারণ, এখন আর কেবল একটি বড় স্ক্রিন দেখিয়ে গ্রাহকদের সন্তুষ্ট করা সম্ভব নয়।”
নতুন উন্মোচিত প্রসেসিং পাওয়ারের দিক থেকে স্যামসাং ‘গ্যালাক্সি ফোল্ড৮’ ও ‘ফোল্ড৮ আল্ট্রা’তে প্রসেসর হিসেবে ব্যবহৃত হয়েছে কোয়ালকমের আধুনিক চিপসেট। আঞ্চলিক বাজারভেদে ‘ফ্লিপ৮’ মডেলটিতে প্রসেসর হিসেবে কোয়ালকম বা স্যামসাংয়ের নিজস্ব ‘এক্সিনোস’ চিপ ব্যবহৃত হয়েছে।