Published : 21 Jul 2025, 06:24 PM
বিশ্বের সবচেয়ে খ্যাপাটে বা অদ্ভুত ধরনের ই-স্কুটার তৈরির দাবি করেছে যুক্তরাজ্যের ই-স্কুটার নির্মাতা কোম্পানি বো মবিলিটি।
কোম্পানিটির এ অসাধারণ ই-স্কুটার যারা তৈরি করেছেন তারা একে অপরের সঙ্গে পরিচিত হন ‘ফর্মুলা ওয়ান টিম উইলিয়ামস’-এর অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং বিভাগে কাজের সময়।
নির্মাতাদের লক্ষ্য, বিশ্বের দ্রুততম গাড়ি তৈরির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উন্নতমানের একটি ই-স্কুটার তৈরি করা বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
বর্তমানে ফর্মুলা ওয়ান দলে কাজ না করলেও দ্রুতগতির যানবাহন বানানোর আগ্রহ এখনও রয়ে গিয়েছে তাদের। এ কারণেই ‘টার্বো’ নামের নতুন এক ই-স্কুটার এনেছে বো, যেটি কোম্পানিটির সাধারণ ই-স্কুটারেরই উন্নত এক সংস্করণ। এর সম্ভাব্য সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৬০ কিলোমিটারেরও বেশি এবং একবার চার্জে ২৪০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।
‘টার্বো’ স্কুটারটিতে রয়েছে ২৪ হাজার ওয়াটের ডুয়াল মোটর ও এক হাজার আটশ ওয়াট আওয়ার সক্ষমতার ব্যাটারি। স্কুটারের নিরাপত্তা ও ভারসাম্যের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে বো। ফলে এতে ‘ফর্মুলা ওয়ান’-স্টাইলের এয়ার ইনটেক রয়েছে, যেটি ইলেকট্রনিকস ও ব্রেককে ঠান্ডা রাখতে সাহায্য করে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
বো দাবি করছে, স্কুটারটি হালকা হওয়ায় এর পাওয়ার-টু-ওয়েট রেশিও ‘সুপারকার বুগাটি ভেইরন’ স্কুটারের চেয়েও বেশি। এরইমধ্যে স্কুটারটিকে নিয়ে পরীক্ষা করেছেন সাবেক ‘বিএমএক্স’ রাইডার ট্রে হোয়াইট।
তবে তিনি এখন স্কুটারটিতে চড়ে ঘণ্টার ১০০ মাইলের গতি পেরোতে পারেননি। কোম্পানিটির ধারণা, এ গতি শিগগিরই ছাড়িয়ে যাবে টার্বো।
এনগ্যাজেট লিখেছে, স্কুটির দুনিয়ার রাইডাদের নজর কাড়ার দারুণ উপায় হতে পারে টার্বো। কারণ, নিজেদের স্কুটার আমেরিকায় আনুষ্ঠানিকভাবে আনতে চলেছে বো।
কোম্পানিটির ‘বো এম’ নামের স্কুটারটি প্রি-অর্ডার করতে পারবেন আমেরিকার ক্রেতারা, যার ডেলিভারি শুরু হবে আগস্ট ২০২৫ থেকে।
কোম্পানিটির সাধারণ ‘বো এম’ মডেল যারা নিতে চান, এর রেঞ্জ ৪০ কিলোমিটার, সেটির দাম হবে এক হাজার ৯৯০ ডলার। অন্যদিকে, যারা ‘এম২’ মডেল নিতে চান, যার রেঞ্জ প্রায় ৬৫ কিলোমিটার, সেটির দাম দুই হাজার চারশ ৯০ ডলার।
আবার যারা মনে করছেন রাস্তার গাড়ির গতিতে চলতে পারে এমন স্কুটার ব্যবহার করার বিষয়টি দুর্দান্ত এক আইডিয়া হতে পারে তারা চাইলে টার্বো মডেলটিও কিনতে পারেন।
টার্বো স্কুটারটির দাম শুরু হচ্ছে ২৯ হাজার পাঁচশ ডলার থেকে। প্রথম ইউনিটটি ২০২৬ সালে মাদ্রিদের এক সংগ্রাহকের কাছে ডেলিভারি দেবে বো।