২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বিনোদন জগতেও অ্যাপলকে শীর্ষে দেখতে চান নতুন সিইও

২০১৯ সালে ‘অ্যাপল টিভি প্লাস’ নামের স্ট্রিমিং অ্যাপের মাধ্যমে মৌলিক টিভি সিরিজ ও চলচ্চিত্র নির্মাণ শুরু করে অ্যাপল।

বিনোদন জগতেও অ্যাপলকে শীর্ষে দেখতে চান নতুন সিইও
অনুষ্ঠানে টার্নাসের সঙ্গেই উপস্থিত ছিলেন অ্যাপলের বিদায়ী সিইও টিম কুক। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2026, 02:45 PM

Updated : 19 Sep 2026, 02:33 PM

সেপ্টেম্বরে প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নিতে যাচ্ছেন কোম্পানিটির বর্তমান হার্ডওয়্যার প্রধান জন টার্নাস।

তিনি বলেছেন, দায়িত্ব গ্রহণের পর সিনেমা ও টিভি সিরিজ তৈরি থেকে শুরু করে অ্যাপলের পুরো বিনোদন ব্যবসাকে আরও উচ্চতায় নিয়ে যেতে চান তিনি।

রয়টার্স লিখেছে, ২০১৯ সালে ‘অ্যাপল টিভি প্লাস’ নামের স্ট্রিমিং অ্যাপের মাধ্যমে মৌলিক টিভি সিরিজ ও চলচ্চিত্র নির্মাণ শুরু করে অ্যাপল।

পরবর্তীতে অস্কারজয়ী সেরা চলচ্চিত্র ‘কোডা’, বক্স অফিস কাঁপানো সিনেমা ‘এফওয়ান’ ও এমিজয়ী জনপ্রিয় শো ‘স্টুডিও’ ও ‘টেড লাসো’র অভাবনীয় সাফল্যের মুখ দেখে কোম্পানিটি।

গেল বছর নিজেদের এ সেবার নাম থেকে ‘প্লাস’ চিহ্নটি বাদ দিয়ে নাম পরিবর্তন করে ‘অ্যাপল টিভি’ রেখেছে অ্যাপল।

জনপ্রিয় কমেডি সিরিজ ‘টেড লাসো’র চতুর্থ সিজনের প্রিমিয়ারে লাল গালিচায় রয়টার্সকে টার্নাস বলেছেন, “আমার মনে হয় অ্যাপল টিভিতে এই মুহূর্তে আমাদের দারুণ অগ্রগতি রয়েছে, যেখানে চমৎকার শো, দারুণ সব চরিত্র ও আকর্ষণীয় গল্প রয়েছে। ফলে আমরা এই সফল ধারা ধরে রাখব।”

এ অনুষ্ঠানে টার্নাসের সঙ্গেই উপস্থিত ছিলেন অ্যাপলের বিদায়ী সিইও টিম কুক।

দায়িত্ব হস্তান্তরের অংশ হিসেবে বিনোদন খাত সংক্রান্ত নিজের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা তিনি টার্নাসের সঙ্গে শেয়ার করছেন বলে জানান কুক।

অ্যাপলের বিনোদন কৌশল সম্পর্কে কুক বলেছেন, “আমাদের লক্ষ্য সেরাটা দেওয়া, এটাই আমাদের নিজস্ব পথ। আমরা সংখ্যার দিক থেকে সবার চেয়ে এগিয়ে থাকতে চাই না, কারণ সেটা অন্যান্য কোম্পানি করে। আমরা চাই গুণগত মানের দিক থেকে সেরা হতে ও আমার মনে হয় সেই কাঙ্ক্ষিত গতি আমরা এরইমধ্যে করতে পেরেছি।”

বিদায়ী প্রধান নির্বাহী কুক আরও বলেছেন, বিনোদনের জগতে অ্যাপল যদি বিশেষ কোনো কারিগরি সক্ষমতা বা নতুনত্ব যোগের সুযোগ পায় তবে ভবিষ্যতে নতুন পার্টনারশিপের জন্য তারা প্রস্তুত। উদাহরণ হিসেবে তিনি ‘ফর্মুলা ওয়ান’ রেসিং লিগের সঙ্গে অ্যাপলের সফল চুক্তির কথা বলেছেন।

ব্র্যাড পিট অভিনীত ‘এফওয়ান’ চলচ্চিত্রের জন্য অ্যাপল বিশেষ ধরনের কাস্টম ক্যামেরা তৈরি করেছিল, যাতে দর্শকরা রেস কারের ভেতর বসে থাকার মতো আসল রোমাঞ্চ অনুভব করতে পারেন।

বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে কেবল ‘অ্যাপল টিভি’তেই ‘ফর্মুলা ওয়ান’ রেস সরাসরি সম্প্রচার করা হচ্ছে। অ্যাপল নিউজ ও অন্যান্য অ্যাপের মাধ্যমে লিডারবোর্ড, রেসের আপডেটসহ নানা তথ্য সেবা দিচ্ছে প্রযুক্তি জায়ান্টটি।

এ নিয়ে টিম কুক বলেছেন, “আমরা ঠিক সে ধরনের কাজগুলোই করব যেখানে ভিন্ন রকম কিছু উপহার দেওয়া সম্ভব এবং এমন উদ্ভাবন আনা সম্ভব, যা অন্য অনেকে হয়ত পারবে না।

“এফওয়ানের ক্ষেত্রে আমরা ঠিক এটাই করতে পেরেছি বলে আমার মনে হয়, সেখানে আমাদের পারফরম্যান্স এবং যে পরিমাণ দর্শক আমরা পাচ্ছি তাতে আমরা ভীষণ আনন্দিত। কাজেই ভবিষ্যতে এ ধরনের আরও নতুন উদ্যোগ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।”

গেল মাসেই অ্যাপলের জ্যেষ্ঠ নির্বাহী এডি কিউ রয়টার্সকে বলেছেন, স্ট্রিমিং ও সিনেমা হলে দর্শকদের জন্য ‘আরও বেশি ও উন্নত মানের’ টিভি শো ও চলচ্চিত্র উপহার দেওয়াটাই এখন তাদের মূল লক্ষ্য।