Published : 23 Jul 2026, 03:42 PM
ব্যবহারকারীর মনোযোগ বিভ্রান্তি কমাতে ও সহজে স্বাস্থ্য পর্যবেক্ষণে স্ক্রিন ছাড়া ফিটনেস ট্র্যাকার উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড গারমিন। ডিসপ্লে ছাড়া ট্র্যাকার গারমিনের এটিই প্রথম।
হাত বা বাইসেপে পরার উপযোগী ‘সিরকা’ নামের এ ব্যান্ডটি কোনো সাবস্ক্রিপশন ফি ছাড়াই ব্যবহারকারীর দৈনিক শারীরিক কর্মকাণ্ড, ঘুম ও ক্যালোরির হিসাব রাখবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।
বাজার বিশ্লেষকরা বলছেন, ব্যান্ডটি বাজারে থাকা প্রতিদ্বন্দ্বী ‘হুপ ব্যান্ড’ ও নতুন ‘ফিটবিট এয়ার’-এর মতো বিভিন্ন ডিভাইসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামবে।
গারমিনের এই ব্যান্ডের সেবা পেতে প্রতি মাসে সাবস্ক্রিপশন ফি দেওয়ার প্রয়োজন হবে না। তবে এর কিছু নির্দিষ্ট ফিচার ব্যবহার করতে ‘কানেক্ট প্লাস’ পরিকল্পনার গ্রাহক হতে হবে, যা গত বছর কিছুটা বিতর্কের মুখেই চালু করেছিল গারমিন।
এক বিজ্ঞপ্তিতে কোম্পানিটি বলেছে, ডিভাইসের নোটিফিকেশনে অতিরিক্ত মগ্নতা বা মনোযোগ বিভ্রান্তি কমানোই স্ক্রিনহীন ব্যান্ডটি তৈরির কারণ।
“ব্যবহারকারীর পুরো মনোযোগ কেড়ে না নিয়ে বরং একটি সুস্থ জীবনধারা গড়ে তুলতে সাহায্য করাই এ ডিজাইনের মূল উদ্দেশ্য।”
গারমিনের অন্যান্য পণ্যের মতোই এ পরিধেয় প্রযুক্তিটি ব্যবহারকারীর দৈনিক পদক্ষেপ সংখ্যা, ঘুমের হিসাব ও বার্ন হওয়া ক্যালোরির মতো তথ্য ট্র্যাক করবে।
পাশাপাশি এ দিয়ে বিভিন্ন কায়িক কার্যক্রম ট্র্যাক করা গেলেও লোকেশন শনাক্তের জন্য সংযোগওয়ালা স্মার্টফোনের জিপিএসের ওপর নির্ভর করতে হবে।
গারমিনের কনজিউমার সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট সুসান লেইম্যান বলেছেন, “যারা নিজেদের স্বাস্থ্য ও কর্মক্ষমতা নিয়ে সচেতন তাদের কথা ভেবেই আমরা ‘সিরকা স্মার্ট ব্যান্ড’ তৈরি করেছি।
“ব্যান্ডটির মার্জিত ডিজাইন ও গারমিনের ওপর আস্থাযোগ্য ট্র্যাকিং টুলের সমন্বয় আমাদের স্মার্টওয়াচ ও ওয়েলনেস মনিটরের চাহিদাকে আরও পূর্ণ করবে।”
এর আগে, গত বছর ‘ইনডেক্স স্লিপ মনিটর’ নামে এক পরিধেয় প্রযুক্তি ডিভাইস চালু করেছিল গারমিন। দেখতে নতুন ব্যান্ডের মতো কিছুটা একরকম হলেও এর ব্যবহার কেবল রাতে ঘুমানোর সময়।
যেসব ব্যবহারকারী রাতে ঘড়ি পরে ঘুমাতে অস্বস্তি বা বিরক্তবোধ করেন তাদের জন্য ওই মনিটরটি কেবল ঘুমের বিভিন্ন পরিমাপ ট্র্যাক করত।
সেই মনিটরটি বাজারে আসার পর থেকেই গুঞ্জন চলছিল, স্ক্রিন ছাড়াই সারাদিন ফিটনেস ট্র্যাক করা সম্ভব এমন পরিধেয় প্রযুক্তি নিয়ে কাজ করছে গারমিন। গেল এক বছরে ফাঁস হওয়া বেশ কিছু তথ্যও সে ইঙ্গিতই দিয়েছিল। এবার ব্যান্ডটি প্রকাশ করণ গারমিন।
২৪ জুলাই থেকে ‘সিরকা’ ব্যান্ডটি বাজারে পাওয়া যাবে। যুক্তরাষ্ট্রে ডিভাইসটির দাম ১৯৯.৯৯ ডলার এবং যুক্তরাজ্যেও সমপরিমাণ পাউন্ডে কেনা যাবে।