১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

২০২৫ সালে মার্কিন প্রাপ্তবয়স্কদের পছন্দের শীর্ষে ছিল যে অ্যাপগুলো

দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা। জরিপে অংশ নেওয়া ৭১ শতাংশ প্রাপ্তবয়স্ক ফেইসবুক ব্যবহার করেন।

২০২৫ সালে মার্কিন প্রাপ্তবয়স্কদের পছন্দের শীর্ষে ছিল যে অ্যাপগুলো
এ তালিকায় নিচের দিকে রয়েছে ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স। ছবি: উইকিপিডয়া

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2026, 07:13 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

প্রযুক্তিমুখী অনেকের জীবনেই বড় অংশ দখল করে আছে বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম। যুক্তরাষ্ট্রের কোন বয়সীদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার বেশি এবং তারা কোন মাধ্যম বেশি ব্যবহার করেন তা অনেকেরই অজানা। এ বিষয়ে খানিকটা ঝলক মিলল সাম্প্রতিক এক জরিপে।

বেশিরভাগ মানুষের ধারণা, মার্কিন প্রাপ্তবয়স্কদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সামাজিক মাধ্যম সম্ভবত ইনস্টাগ্রাম বা টিকটক নয়।

তবে ‘পিউ রিসার্চ সেন্টার’-এর ২০২৫ সালের এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে ব্যবহারকারীরা ঠিক কতটা সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মের ওপর নির্ভর করেন।

আমেরিকান প্রাপ্তবয়স্কদের সামাজিক মাধ্যম ব্যবহারের ওপর ভিত্তি করে তৈরি এ গবেষণায় আরও উঠে এসেছে, বছরের পর বছর সামাজিক মাধ্যম ব্যবহারের পরিবর্তন, বিভিন্ন বয়সের ব্যবধান ও সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কত ঘন ঘন সামাজিক মাধ্যম ব্যবহার করেন এমন সব বিষয়।

প্রথম স্থানে রয়েছে ইউটিউব। জরিপে অংশ নেওয়া পাঁচ হাজার ২২ জন প্রাপ্তবয়স্কের মধ্যে ৮৪ শতাংশ বলেছেন, মার্কিন সার্চ জায়ান্ট গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের এ ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্মটি ব্যবহার করেন তারা।

দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা। জরিপে অংশ নেওয়া ৭১ শতাংশ প্রাপ্তবয়স্ক ফেইসবুক ব্যবহার করেন ও ৫০ শতাংশ ব্যবহার করেন ইনস্টাগ্রাম।

তবে মেটার সব প্ল্যাটফর্ম এমন অবস্থায় নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর আদলে তৈরি মেটার থ্রেডস অ্যাপটি এ গ্রীষ্মে ৪০ কোটি মাসিক সক্রিয় ব্যবহারকারী পেলেও জরিপে অংশ নেওয়া কেবল আট শতাংশ প্রাপ্তবয়স্ক বলেছেন অ্যাপটি ব্যবহার করেন তারা।

এ তালিকায় নিচের দিকে রয়েছে ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স। জরিপে অংশ নেওয়া কেবল ২১ শতাংশ প্রাপ্তবয়স্ক এক্স ব্যবহার করেন। চার শতাংশ অংশগ্রহণকারী ব্লুস্কাই ও তিন শতাংশ ব্যবহার করেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশাল’।

জনপ্রিয়তার পাশাপাশি আমেরিকান প্রাপ্তবয়স্করা কত ঘন ঘন নিজেদের পছন্দের সামাজিক মাধ্যম ব্যবহার করেন সেটিও খুঁজে দেখেছে পিউ রিসার্চ সেন্টার।

পাঁচ হাজার একশ ২৩ জন প্রাপ্তবয়স্ককে নিয়ে করা আরেকটি জরিপে উঠে এসেছে, ৫২ শতাংশ প্রাপ্তবয়স্ক প্রতিদিন ফেইসবুক দেখেন এবং তাদের মধ্যে ৩৭ শতাংশ দিনে একাধিকবার অ্যাপটিতে লগ ইন করেন।

প্রায় একইভাবে ৪৮ শতাংশ প্রাপ্তবয়স্ক প্রতিদিন ইউটিউব ব্যবহার করেন এবং ৩৩ শতাংশ দিনে বারবার ভিডিও দেখেন। জরিপে বয়স অনুযায়ী ব্যবহারের পার্থক্য আরও চোখে পড়ার মতো। ১৮ থেকে ২৯ বছর বয়সীদের ৪৭ শতাংশ প্রতিদিন অন্তত একবার টিকটক ব্যবহার করেন। তবে ৬৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে কেবল ৫ শতাংশ প্রতিদিন চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন অ্যাপটি ব্যবহার করেন।

বার্ষিক ব্যবহারের দিক থেকে ইউটিউব ও ফেইসবুক স্থিতিশীল অবস্থা ধরে রেখেছে এবং কিছু ক্ষেত্রে ২০২১ সাল থেকে ব্যবহারও বেড়েছে অ্যাপ দুটির। অনেকের ধারণা, ফেইসবুকের ব্যবহার ধীরে ধীরে কমছে।

তবে জরিপে উঠে এসেছে, ফেইসবুকের বিশ্বস্ত ব্যবহারকারীর দল রয়েছে, যা এখনও ধারাবাহিক হারে বাড়ছে। তার ওপর সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মটি আপডেট করে চলেছে মেটা, যার মধ্যে সম্প্রতি ফেইসবুক মার্কেটপ্লেস পুনর্গঠনের বিষয়টিও রয়েছে।