১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এনডিএএ বিল: পারমাণবিক চুল্লি উন্নয়নে বড় পদক্ষেপ যুক্তরাষ্ট্রের

প্রতিরক্ষা বিলটি এ সপ্তাহের শুরুতে কংগ্রেস পাস করেছে। এতে এমন দুটি সংশোধনী অন্তর্ভুক্ত রয়েছে, যা বাণিজ্যিক পারমাণবিক শক্তি সমর্থকরা রীতিমতো উদযাপন করছেন।

এনডিএএ বিল: পারমাণবিক চুল্লি উন্নয়নে বড় পদক্ষেপ যুক্তরাষ্ট্রের
২০২৬ অর্থবছরের জন্য ‘ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট’ বা এনডিএএ স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2025, 10:52 AM

Updated : 26 Aug 2026, 05:24 PM

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রজন্মের পারমাণবিক বিভিন্ন চুল্লির উন্নয়ন বা প্রসারে বড় ধরনের গতি আসতে পারে। এসব আধুনিক পারমাণবিক চুল্লি অনেক বেশি নিরাপদ, ছোট ও পরিবেশবান্ধব।

বৃহস্পতিবার ২০২৬ অর্থবছরের জন্য ‘ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট’ বা এনডিএএ স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এতে এমন কিছু পদক্ষেপ রয়েছে, যা পরবর্তী প্রজন্মের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরির ক্ষেত্রে উভয় দল যেমন রিপাবলিকান ও ডেমোক্র্যাটের যৌথ প্রচেষ্টাকে আরও বাড়িয়ে দেবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ভার্জ।

এ প্রযুক্তিকে বিভিন্ন ডেটা সেন্টারের জন্য নতুন এক শক্তির উৎস হিসেবে গ্রহণ করেছে ট্রাম্প প্রশাসন। কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের জন্য এখন অনেক বিদ্যুতের প্রয়োজন হচ্ছে।

অন্যদিকে, ছোট ও আপাতদৃষ্টিতে সাশ্রয়ী ও সহজে নির্মাণযোগ্য বিভিন্ন পারমাণবিক চুল্লিকে কার্বন দূষণমুক্ত শক্তির উৎস হিসেবে সমর্থন করছেন অনেক ডেমোক্র্যাট সদস্য, যা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাহায্য করতে পারে।

পাশাপাশি, দুর্গম এলাকার কার্যক্রম পরিচালনার জন্য অতি-ক্ষুদ্র পারমাণবিক চুল্লি তৈরিতে আগ্রহ দেখিয়েছে মার্কিন সামরিক বাহিনীও।

প্রতিরক্ষা বিলটি এ সপ্তাহের শুরুতে কংগ্রেস পাস করেছে। এতে এমন দুটি সংশোধনী অন্তর্ভুক্ত রয়েছে, যা বাণিজ্যিক পারমাণবিক শক্তি সমর্থকরা রীতিমতো উদযাপন করছেন।

প্রথমটি হচ্ছে ‘ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার এনার্জি অ্যাক্ট’, যা মার্কিন পারমাণবিক প্রযুক্তির উন্নয়ন ও রপ্তানির জন্য বিভিন্ন ওয়ার্কিং গ্রুপ গঠন করবে এবং তহবিল ও আন্তঃসংস্থা সহযোগিতা বাড়াবে।

এ ছাড়া, ‘ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন’-এর মেয়াদ পুনরায় অনুমোদন করেছে এনডিএএ। এই আর্থিক প্রতিষ্ঠানটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও ইউরেনিয়াম জ্বালানি প্রকল্পে বিনিয়োগ করবে।

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক গবেষণা প্রতিষ্ঠান ‘থার্ড ওয়ে’-এর পারমাণবিক শক্তি বিষয়ক জ্যেষ্ঠ পলিসি উপদেষ্টা রোয়েন প্রাইস বলেছেন, এগুলো ‘বড় ধরনের জয়’, যা বিশ্ববাজারে মার্কিন পারমাণবিক প্রযুক্তির রপ্তানিকে আরও আকর্ষণীয় করে তুলবে।

বিলটিতে ‘পারমাণবিক শক্তিকেন্দ্র স্থাপন ও কার্যক্রম’ তদারকির জন্য একজন ‘এক্সিকিউটিভ এজেন্ট’ বা প্রধান প্রতিনিধি নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে মার্কিন যুদ্ধ (প্রতিরক্ষা) বিভাগকে।