Published : 18 Feb 2026, 01:06 PM
প্রযুক্তিপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে বছরের প্রথম বড় ইভেন্টের ঘোষণা দিল অ্যাপল। আগামী ৪ মার্চ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে আয়োজিত হতে যাচ্ছে এই ইভেন্ট।
প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, ‘অ্যাপল এক্সপেরিয়েন্স’ নামের ইভেন্টটি সবার জন্য অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে কি না তা এখনও নিশ্চিত করেনি অ্যাপল।
প্রযুক্তি সাইট ‘ম্যাক রিউমার্স’-এর তথ্য বলছে, একই সময়ে লন্ডন ও সাংহাইতেও এ ‘অ্যাপল এক্সপেরিয়েন্স’-এর বিশেষ আয়োজন থাকবে। এ ইভেন্টে নিজেদের সর্বশেষ মডেলের আইপ্যাড ও ম্যাকবুক উন্মোচন করবে অ্যাপল।
এ মাসের শুরুতে মার্কিন বাণিজ্য প্রকাশণা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছিল, ‘সপ্তাহের শুরুতেই ২ মার্চ থেকে’ বেশ কিছু হার্ডওয়্যার সংক্রান্ত ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছে আইফোন নির্মাতা কোম্পানিটি।
গুঞ্জন রয়েছে, এ আয়োজনে নতুন ম্যাকবুক এয়ার এবং আপডেটেড ১৪ ও ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো দেখাবে অ্যাপল। এর সঙ্গে প্রথমবারের মতো বাজারে আসছে শক্তিশালী ‘এম৫ প্রো’ ও ‘এম৫ ম্যাক্স’ চিপ। বেসিক ‘এম৫’ চিপসহ একটি ম্যাকবুক প্রো গত অক্টোবরে বাজারে এনেছিল কোম্পানিটি।
এ ছাড়াও গুঞ্জন রয়েছে, উন্নতমানের সাশ্রয়ী এক ম্যাকবুকের ঘোষণা দিতে পারে অ্যাপল, যা হালকা হলুদ, হালকা সবুজ, নীল ও গোলাপি এ চার রঙে পাওয়া যাবে।
পাশাপাশি, নতুন আইপ্যাডও আনতে পারে অ্যাপল। যার মধ্যে উন্নতমানের সাশ্রয়ী মডেলে এ১৮ চিপ ব্যবহৃত হবে। ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ বা বিভিন্ন এআই ফিচার সমর্থন করবে আইপ্যাডটি।
আইপ্যাড এয়ার-এর ক্ষেত্রেও আপডেটের সম্ভাবনা রয়েছে, যেখানে এ সিরিজে প্রথমবারের মতো ‘এম৪’ চিপ যোগ করতে পারে অ্যাপল।
এ বছরের শেষদিকে নিজেদের ম্যাক স্টুডিও, স্টুডিও ডিসপ্লে ও ম্যাক মিনি-এর নতুন বা আপডেটেড বিভিন্ন সংস্করণও বাজারে আনবে কোম্পানিটি।