Published : 04 Jan 2026, 04:11 PM
২০২৬ সালে নিজেদের পোর্টেবল প্রজেক্টরটিকে আরও উন্নত করছে দক্ষিণ কোরিয়ার বহুজাতিক প্রযুক্তি কোম্পানি স্যামসাং।
বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি মেলা সিইএস শুরু হওয়ার আগেই তাদের নতুন মডেল ‘ফ্রিস্টাইল+’ আনার ঘোষণা দিয়েছে কোম্পানিটি।
স্যামসাংয়ের দাবি, এ নতুন প্রজেক্টরটির উজ্জ্বলতা আগের মডেলের তুলনায় দ্বিগুণ, মানে ৪৩০ আইএসও লুমেন এবং এতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত স্ক্রিন অপ্টিমাইজেশন সুবিধা রয়েছে।
আগের ফ্রিস্টাইল মডেলগুলোর মতো এটিও ১৮০-ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায় ও এতে ৩৬০-ডিগ্রি অডিও ব্যবস্থাও রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
এ ছাড়া প্রজেক্টরটিতে ‘কিউ-সিম্ফনি’ সমর্থন রয়েছে। ফলে স্যামসাংয়ের নির্দিষ্ট কিছু সাউন্ডবারের সঙ্গে যোগ হয়ে উন্নত শব্দ অভিজ্ঞতা দেবে। প্রজেক্টরটির অন্যান্য কারিগরি তথ্য বা দাম সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানায়নি স্যামসাং।
তবে সিইএস ২০২৬-এ প্রজেক্টরটি দেখাবে কোম্পানিটি। ফলে আশা করা যাচ্ছে, শিরগিরই এ নিয়ে আরও বিস্তারিত জানা যাবে।
স্যামসাংয়ের আগের বিভিন্ন পোর্টেবল প্রজেক্টরে ‘অটো-ফোকাস’ বা স্ক্রিন সমান করার মতো সুবিধা থাকলেও নতুন ‘ফ্রিস্টাইল+’ মডেলটি এই অভিজ্ঞতাকে এআই ব্যবহারের মাধ্যমে আরও উন্নত করেছে।
প্রজেক্টরে যোগ হয়েছে ‘এআই অপ্টি-স্ক্রিন’ প্রযুক্তি। এর মাধ্যমে প্রজেক্টরটি উঁচু-নিচু বা অমসৃণ দেয়ালেও ‘থ্রিডি অটো কিস্টোন’ ব্যবহার করে ছবিকে স্পষ্টভাবে দেখাতে পারে।
প্রজেক্টরটি নাড়াচাড়া করলে সঙ্গে সঙ্গে তা ফোকাস ঠিক করে নেয় এবং দেয়ালের রং বা টেক্সচারের কারণে ছবিতে যে সমস্যা হয় তা-ও স্বয়ংক্রিয়ভাবে সংশোধন করে। এতে স্যামসাংয়ের ‘ভিশন এআই কম্প্যানিয়ন’ সুবিধাও রয়েছে।
নতুন প্রজেক্টরটি বাজারে আনার কোনো নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করেনি স্যামসাং।
তবে কোম্পানিটি বলেছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসের মধ্যে এটি বাজারে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে স্যামসাং। বিশ্বের বিভিন্ন দেশে ধাপে ধাপে আসবে প্রজেক্টরটি।