Published : 03 Jul 2026, 02:19 PM
দামি সিনেমা ক্যামেরার ফিচার এবার পকেট সাইজ ডিভাইসে আনছে ডিজেআই। ভ্লগারদের জনপ্রিয় পছন্দ পকেট থ্রি’র উত্তরসূরি হিসেবে ডুয়াল ক্যামেরা সেটআপ নিয়ে আসছে অসমো পকেট ৪পি।
মাল্টায় আয়োজিত এক অনুষ্ঠানে এ আসন্ন প্রো গিম্বল ক্যামেরা ‘অসমো পকেট ৪পি’ সম্পর্কে কিছু নতুন তথ্য প্রকাশ করেছে নির্মাতা কোম্পানিটি।
ভ্লগিং ও সাধারণ গ্রাহকদের জন্য তৈরি ‘অসমো পকেট ৪’-এর পাশাপাশি এ ‘পকেট ৪পি’ও বাজারে আসছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
‘অসমো পকেট ৪পি’-এ দুটি ক্যামেরা থাকছে, যার একটিতে পকেট ৪-এর মতোই সাধারণ ওয়াইড লেন্স থাকবে এবং অন্যটিতে পোরট্রেইট ও প্রোডাক্ট শটের জন্য একটি ৩এক্স জুম লেন্স দিয়েছে ডিজেআই।
ডিজেআই বলেছে, অসমো পকেট ৪পি’তে ১৭ স্টপ ডায়নামিক রেঞ্জ পাওয়া যাবে, যা সাধারণ ক্রেতাদের জন্য তৈরি তাদের অন্য যে কোনো ক্যামেরাকে ছাড়িয়ে যাবে। এটিই ক্যামেরাটিকে ‘আরি’র ব্যয়বহুল বিভিন্ন সিনেমা ক্যামেরার সমান করে তুলবে।
এ বাড়তি ডায়নামিক রেঞ্জের পূর্ণ সুবিধা নেওয়ার জন্য ডিজেআই নতুন এক লগ মোড ‘ডি-লগ২’-এর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। তবে ১৭ স্টপ ডায়নামিক রেঞ্জের এ দাবিটি কতটা সত্য তা ক্যামেরাটি আনুষ্ঠানিকভাবে বাজারে আসার পরই যাচাই করা যাবে।
ডিজেআই বলেছে, এ লেন্সের ফোকাল লেন্থ ফুল-ফ্রেম ক্যামেরার ৬০ মিমি’র সমান, যা পোরট্রেইট ও প্রোডাক্ট শট নেওয়ার জন্য বেশ সুবিধাজনক। পাশাপাশি এতে ‘বড়’ অ্যাপারচার থাকছে, যা সম্পর্কে এখনও বিস্তারিত জানায়নি কোম্পানিটি।
আগের গুঞ্জন বলছে, এতে ৩এক্স জুম লেন্স থাকার ফলে মূল ক্যামেরাটির ফোকাল লেন্থ দাঁড়ায় প্রায় ২০ মিমি, যার ফলে ব্যবহারকারীরা একইসঙ্গে আল্ট্রা-ওয়াইড ও পোরট্রেইট উভয় ধরনের অপশনই পাচ্ছেন।
আরেকটি খবর হচ্ছে, ‘অসমো পকেট ৪পি’ কালো রঙের পাশাপাশি সাদা রঙেও বাজারে আসবে, যা ‘পকেট ৪পি’র প্রধান প্রতিদ্বন্দ্বী ‘ইন্সটা৩৬০ লুনা আল্ট্রা’র রঙের মতোই।
কোম্পানিটি এর দাম, রেজুলিউশন ও ফ্রেম রেটের মতো অন্যান্য স্পেসিফিকেশন বা তথ্য গোপন রেখেছে। তবে ফাঁস হওয়া তথ্য ও ডিজেআইয়ের স্বভাবসুলভ খাপছাড়া ধাপে ধাপে বাজারে পণ্য ছাড়ার অভ্যাসের কারণে ক্যামেরাটি এরইমধ্যে চীনে বিক্রি শুরু হয়ে যাওয়ায় এসব তথ্য খুঁজে পাওয়া খুব একটা কঠিন নয়।
ইউরোপ বা উত্তর আমেরিকার বাজারে ক্যামেরাটি কবে নাগাদ আসবে সে বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। তবে ধারণা করা যায়, আগামী প্রন্তিকের শুরুতেই এটি বাজারে আসতে পারে।