Published : 07 Sep 2026, 04:37 PM
অ্যাপল ও শাওমির সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখে চীনা প্রিমিয়াম হ্যান্ডসেটের বাজারে নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে ফ্ল্যাগশিপ ফোল্ডএবল স্মার্টফোনের নতুন সংস্করণ বাজারে এনেছে প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ে।
সোমবার উন্মোচিত হওয়া নতুন ‘মেইট এক্সটিটু’ নামের স্মার্টফোনটি দুবার ভাঁজ খুলে খুব সহজেই একটি ট্যাবলেট আকৃতির বড় স্ক্রিনে রূপান্তর করা যায় বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
ডিভাইসটিতে হুয়াওয়ের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন ‘কিরিন ৯০৫০ প্রো’ চিপ ব্যবহৃত হয়েছে।
হুয়াওয়ে বলেছে, চিপটির বিশেষ নকশা কম বিদ্যুৎ খরচ করে বেশি কম্পিউটিং সক্ষমতা দিতে পারে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে উন্নত প্রযুক্তিতে প্রবেশাধিকার সীমিত হয়ে পড়ার পর এ চিপের মাধ্যমে সেই বাধা কাটিয়ে ওঠার ক্ষেত্রে বড় অগ্রগতি পেয়েছে কোম্পানিটি।
এদিকে, প্রযুক্তি বাজারে প্রতিযোগিতা আরও বাড়িয়ে সোমবার হুয়াওয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে ফোল্ডএবল ফোন বাজারে আনছে শাওমি।
অন্যদিকে, আগামী বুধবার অ্যাপল তাদের নতুন আইফোন সিরিজ উন্মোচন করতে যাচ্ছে।
প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, অনুষ্ঠানে অ্যাপলও তাদের বহুল প্রতীক্ষিত ফোল্ডএবল ফোনটি বাজারে আনার ঘোষণা দিতে পারে।
নতুন ‘মেইট এক্সটিটু’ মডেলে উন্নত ফোল্ডিং মেকানিজম বা ভাঁজ করার পদ্ধতি যোগ হয়েছে।
পাশাপাশি, এতে ওয়াটার রেজিস্ট্যান্স বাড়ানোর সঙ্গে সঙ্গে আশপাশের লোকজনের দৃষ্টি থেকে স্ক্রিনের প্রাইভেসি রক্ষার জন্য এক বিশেষ প্রাইভেসি স্ক্রিনের অপশন রয়েছে।
ডিভাইসটিতে উন্নতমানের ক্যামেরা যোগ হয়েছে ও কোম্পানিটির অভ্যন্তরীণ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এর সার্বিক পারফরম্যান্স আগের সংস্করণের তুলনায় ৪২ শতাংশ পর্যন্ত উন্নত করেছে হুয়াওয়ে।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে দেশটিতে পণ্য বিক্রি না করলেও ‘কনসালটেন্সি ফার্ম আইডিসি’র তথ্য অনুসারে, দ্বিতীয় প্রান্তিকে ২২ দশমিক ৬ শতাংশ বাজার শেয়ার নিয়ে চীনের প্রিমিয়াম স্মার্টফোন বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে হুয়াওয়ে, যেখানে অ্যাপলের বাজার শেয়ার ১৮ দশমিক ১ শতাংশ ও শাওমির ১২ দশমিক ৪ শতাংশ।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা কোম্পানি ‘স্মার্ট অ্যানালিটিক্স গ্লোবাল’-এর তথ্য অনুসারে, ফোল্ডএবল ফোনের বাজারে হুয়াওয়ের অবস্থান বেশ শক্তিশালী। দ্বিতীয় প্রান্তিকে একাই চীনের মোট ফোল্ডএবল ফোন চালানের ৬৮ শতাংশ দখলে নিয়েছে কোম্পানিটি।