০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মৃত্যুভয় কাটাতে প্রযুক্তির আশ্রয়, চীনে জনপ্রিয়তার শীর্ষে এই অ্যাপ

গেল বছরের মে মাসে অনেকটা নীরবে চালু হয়েছিল অ্যাপটি। তবে গত কয়েক সপ্তাহে চীনের বড় শহরে একা বাস করা তরুণ-তরুণীরা দলে দলে অ্যাপটি ডাউনলোড করছেন।

মৃত্যুভয় কাটাতে প্রযুক্তির আশ্রয়, চীনে জনপ্রিয়তার শীর্ষে এই অ্যাপ
২০৩০ সালের মধ্যে চীনে একা বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় ২০ কোটিতে পৌঁছাতে পারে। ছবি: ফ্রিপিক

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2026, 10:47 AM

Updated : 26 Aug 2026, 05:33 PM

অদ্ভুত আর কিছুটা গা শিউরে ওঠা নামের একটি অ্যাপ সম্প্রতি ব্যাপক সাড়া ফেলেছে চীনে। জীবনের যান্ত্রিকতা আর একাকীত্বের ভিড়ে যারা একা থাকতে ভালোবাসেন বা বাধ্য হয়ে একা থাকেন তাদের জন্য এই অ্যাপ।

অ্যাপটির নাম ‘আর ইউ ডেড?’। এর কাজের ধরন খুবই সহজ, যেখানে ব্যবহারকারীকে প্রতি দুই দিন অন্তর অ্যাপটিতে ঢুকে এর বড় এক বাটনে ক্লিক করে নিশ্চিত করতে হবে, ‘আপনি বেঁচে আছেন’।

ব্যবহারকারীর যদি নির্দিষ্ট সময়ে ক্লিক না করেন তবে অ্যাপটি ধরে নেবে আপনি কোনো বিপদে পড়েছেন। সেক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে আপনার আগে থেকে ঠিক করে রাখা জরুরি যোগাযোগ নম্বরে বার্তা পাঠিয়ে দেবে অ্যাপটি, যেখানে লেখা থাকবে, ‘আপনার কোনো বিপদ হয়ে থাকতে পারে’।

বিবিসি লিখেছে, গেল বছরের মে মাসে অনেকটা নীরবে চালু হয়েছিল অ্যাপটি। তবে গত কয়েক সপ্তাহে এ নিয়ে মানুষের আগ্রহ আকাশচুম্বী হয়েছে, বিশেষ করে চীনের বড় বড় শহরে যারা একা বাস করেন সেসব তরুণ-তরুণীরা দলে দলে অ্যাপটি ডাউনলোড করছেন।

বর্তমানে চীনের সবচেয়ে বেশি ডাউনলোড করা ‘পেইড অ্যাপ’ হিসেবে পরিণত হয়েছে এটি।

চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস-এর প্রতিবেদন অনুসারে, বিভিন্ন গবেষণার তথ্য বলছে, ২০৩০ সালের মধ্যে চীনে একা বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় ২০ কোটিতে পৌঁছাতে পারে।

একাকী মানুষদের লক্ষ্য করেই অ্যাপটি তৈরি হয়েছে। অ্যাপটি নিজেকে ‘নিরাপত্তা সঙ্গী’ হিসেবে বর্ণনা করেছে।

অ্যাপ নির্মাতাদের ভাষ্য, “আপনি একজন একা বসবাসকারী অফিসকর্মী হন বা ঘর থেকে দূরে থাকা শিক্ষার্থী হন বা নির্জন জীবনযাপন পছন্দ করা যে কেউ হন না কেন, এ অ্যাপ আপনার জন্যই।”

একজন চীনা সামাজিক মাধ্যম ব্যবহারকারী বলেছেন, “জীবনের যে কোনো পর্যায়ে যারা একা বসবাস করেন তাদের জন্য এমন অ্যাপ প্রয়োজন। পাশাপাশি যারা অন্তর্মুখী, বিষণ্নতায় ভুগছেন, বেকার বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে রয়েছেন তাদের সবার জন্যই অ্যাপটি দরকারি।”

অন্য আরেকজন ব্যবহারকারী আক্ষেপ করে বলেছেন, “একাকী বসবাসকারী মানুষের মনে এ ভয় কাজ করে যে, তারা হয়ত সবার অগোচরেই মারা যাবেন ও সাহায্য ডাকার মতো কেউ থাকবে না। আমি মাঝে মাঝে ভাবি, আমি যদি একা মরে যাই, তবে আমার মৃতদেহ উদ্ধারের জন্যও কেউ কী থাকবে?”

৩৮ বছর বয়সী উইলসন হাউ তার পরিবার থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে একা থাকেন। তিনি বলেছেন, ঠিক এ কারণেই অ্যাপটি ডাউনলোড করেছেন তিনি।

রাজধানী বেইজিংয়ে কাজ করেন হাউ। সপ্তাহে দুইবার বাড়ি গিয়ে স্ত্রী ও সন্তানের সঙ্গে দেখা করেন। তবে তিনি বলেছেন, বর্তমানে এক প্রজেক্টের কাজের জন্য তাকে নিজেদের থেকে দূরে থাকতে হচ্ছে ও বেশিরভাগ সময় কাজের জায়গাতেই রাত কাটান তিনি।

“আমি দুশ্চিন্তা করি, আমার যদি কিছু হয়ে যায় তবে হয়ত আমি আমার এই ভাড়া বাসাতেই একা মারা যাব ও কেউ টেরও পাবে না। এ কারণেই অ্যাপটি ডাউনলোড করেছি এবং আমার মাকে ইমার্জেন্সি কনট্যাক্ট হিসেবে সেট করে রেখেছি।”

অ্যাপটি বাজারে আসার পরপরই দ্রুত তা ডাউনলোড করেছেন হাউ। তার ভয় ছিল, অ্যাপটির নামের সঙ্গে নেতিবাচক বা অশুভ অর্থ জড়িয়ে থাকায় তা হয়ত সরকারিভাবে চীনে নিষিদ্ধ করে দেওয়া হতে পারে।

দেশটিতে নিষিদ্ধ না হলেও কেউ কেউ অ্যাপটির এমন নামের তীব্র সমালোচনা করেছেন। তাদের মতে, এ ধরনের অ্যাপে সাইন-আপ করা বা নাম লেখানো অমঙ্গল বয়ে আনতে পারে।

আবার অনেকে অ্যাপটির নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন। তারা মনে করছেন, এর নাম বদলে আরও ইতিবাচক কিছু রাখা উচিত, যেমন ‘আপনি কি ঠিক আছেন?’ বা ‘আপনি কেমন আছেন?’।

অ্যাপটির সাফল্যের পেছনে এর কৌতূহলোদ্দীপক নামের বড় ভূমিকাও রয়েছে। এরপরও অ্যাপটির নির্মাতা কোম্পানি ‘মুনস্কেপ টেকনোলজিস’ বলেছে, বর্তমান নাম নিয়ে বিভিন্ন সমালোচনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে তারা। অ্যাপটির নাম পরিবর্তনের সম্ভাবনা নিয়েও চিন্তাভাবনা রয়েছে তাদের।

আন্তর্জাতিকভাবে ‘দেমুমু’ নামে তালিকাভুক্ত রয়েছে অ্যাপটি। পেইড ইউটিলিটি অ্যাপের তালিকায় বর্তমানে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও হংকংয়ে শীর্ষ দুইয়ের মধ্যে জায়াগা করে নিয়েছে এই অ্যাপ।

এ ছাড়া অস্ট্রেলিয়া ও স্পেনে শীর্ষ চারের মধ্যে রয়েছে অ্যাপটি। বিদেশে বসবাসরত চীনা ব্যবহারকারীদের কারণেই আন্তর্জাতিক বাজারে এর জনপ্রিয়তা এত বেড়েছে।

শুরুতে একটি ফ্রি অ্যাপ হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে পেইড বা অর্থের বিনিময়ে কেনা অ্যাপের তালিকায় জায়গা করে নিয়েছে ‘আর ইউ ডেড’। তবে এর দাম খুব সামান্য, কেবল ৮ ইউয়ান বা ১ দশমিক ১৫ ডলার।

অ্যাপটির প্রতিষ্ঠাতাদের সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না। তবে কোম্পানিটি বলেছে, ১৯৯৫ সালের পরে জন্ম নেওয়া বা জেনজি তিন তরুণ চীনে হেনান প্রদেশের ঝেংঝু শহর থেকে ছোট এক দল নিয়ে অ্যাপটি তৈরি করেছেন।

তবে অ্যাপটির বর্তমান আর্থিক মূল্য এখন আকাশচুম্বী। এই তিন তরুণের একজন গুও। তিনি বলেছেন, কোম্পানির কেবল ১০ শতাংশ শেয়ার বিক্রি করে ১০ লাখ ইউয়ান বা প্রায় ১ লাখ ৪০ হাজার ডলার তহবিল সংগ্রহের পরিকল্পনা করছেন তারা।

অ্যাপটি নিয়ে বিবিসির মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি কোম্পানিটি।