Published : 27 May 2026, 05:05 PM
কোডিংয়ের ব্যয় অতিরিক্ত বেড়ে যাওয়ায় অ্যানথ্রপিকের জনপ্রিয় এআই কোডিং টুলের লাইসেন্স বাতিল করতে যাচ্ছে মাইক্রোসফট।
কেবল কয়েক মাসেই বার্ষিক এআই বাজেট শেষ হওয়ায় আগামী ৩০ জুনের মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে।
এ পদক্ষেপের মাধ্যমে মাইক্রোসফট তাদের ডেভেলপারদের এখন গিটহাবের নিজস্ব ‘কোপাইলট সিএলআই’ ব্যবহারের দিকে সরিয়ে নিচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট সাইবারনিউজ।
গেল ডিসেম্বরে হাজার হাজার ডেভেলপারকে অ্যানথ্রপিকের এআই কোডিং টুল ‘ক্লড কোড’ ব্যবহারের আমন্ত্রণ জানিয়েছিল মাইক্রোসফট। এরপর এখন নিজেদের সেসব লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সফটওয়্যার জায়ান্টটি।
বর্তমান সময়ে মাইক্রোসফটের ডেভেলপারদের মধ্যে ক্লড কোড বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে ভার্জ প্রতিবেদনে লিখেছে, ডেভেলপারদের মাইক্রোসফটের নিজস্ব মালিকানাধীন গিটহাবের তৈরি কোপাইলট সিএলআই ব্যবহারের নির্দেশনা দিয়েছে কোম্পানিটি।
বিশ্বের সবচেয়ে বড় কোড হোস্টিং প্ল্যাটফর্ম গিটহাব ডেভেলপারদের স্বাভাবিক আলাপের মাধ্যমে কোড তৈরি, ডিবাগ ও বোঝার সুবিধা দেয়, এবং এর মালিক মাইক্রোসফট।
গেল সপ্তাহে সাইবারনিউজ প্রতিবেদনে লিখেছিল, গিটহাব হ্যাকিংয়ের শিকার হয়েছে এবং সাইবার অপরাধীরা চুরি করা ডেটা অনলাইনে বিক্রি করছে।
অ্যানথ্রপিকের টোকেনভিত্তিক বিলিং পদ্ধতির কারণে কেবল কয়েক মাসেই মাইক্রোসফটের বার্ষিক এআই বাজেট শেষ হয়ে যায়। ফলে আগামী ৩০ জুনের মধ্যে ক্লড কোডের লাইসেন্সগুলোর মেয়াদ পুরোপুরি শেষ বা বাতিল করে দেওয়া হতে পারে।
‘প্রেডিক্টিভ কনসাল্টিং’-এর পার্টনার ও কো-ফাউন্ডার জোনাথন লো বলেছেন, এআই শিল্পে ‘ফিক্সড’ বা ‘ফ্ল্যাট-রেট ফি’র পরিবর্তে টোকেনভিত্তিক বিলিং পদ্ধতি চালু হওয়ায় এখন তা অনেক কোম্পানির জন্যই অতিরিক্ত ব্যয়বহুল হয়ে উঠেছে।
টোকেনভিত্তিক বিলিং পদ্ধতিতে প্রতিটি লাইনের কোড তৈরির জন্য আলাদা খরচ ধরা হয়। এ পদ্ধতির কারণে উবার বলেছে, তারা কেবল চার মাসেই তাদের ২০২৬ সালের সম্পূর্ণ বাজেট শেষ করে ফেলেছে।
জোনাথন লো বলেছেন, “এমন ভারসাম্য বা কাজের পরিবেশ তৈরি হবে বলে ধরে নেওয়া যেতে পারে, যেখানে বিভিন্ন এআই কোম্পানিকে নিজেদের ব্যবহারকারী না হারিয়েই বিনিয়োগের কিছু অংশ তুলে আনার সুযোগ দেবে। তবে সেটা কবে ও কীভাবে সম্ভব হবে তা এখনও স্পষ্ট নয়।”
তিনি আরও বলেছেন, এআই সরবরাহকারী ও গ্রাহকদের মধ্যকার এই টানাপোড়েন সাময়িকভাবে এর চাহিদাকে কিছুটা কমিয়ে দিতে পারে।
এ বছরের মে মাসের শুরুতে অ্যানথ্রপিক বলেছিল, ইলন মাস্কের মহাকাশ কোম্পানি স্পেসএক্স-এর সঙ্গে তাদের অংশীদারিত্বের ফলে কোম্পানির কম্পিউট সক্ষমতা ‘ব্যাপকহারে’ বাড়বে।
এ অগ্রগতির কারণে কোম্পানিটি এরইমধ্যে ‘ক্লড কোড’ ও ‘ক্লড এপিআই’-এর ব্যবহারের সীমা বাড়াতে পেরেছে।
তবে এ অংশীদারিত্ব বা লাইসেন্স বাতিলের বিষয়ে মাইক্রোসফট কিংবা অ্যানথ্রপিক কোনো পক্ষের কাছ থেকেই এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এক বছর আগে মাইক্রোসফটের প্রধান নির্বাহী সাত্যিয়া নাদেলা দাবি করেছিলেন, তাদের কোম্পানির তৈরি কোডের প্রায় ৩০ শতাংশই এখন এআইয়ের মাধ্যমে সম্পন্ন হচ্ছে।