১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

উইন্ডোজের ফায়ারফক্সে যোগ হল এনভিডিয়ার ‘জিফোর্স নাও’

গুগল ক্রোম, মাইক্রোসফট এজ, অ্যাপলের সাফারি ও অপেরা ব্রাউজারে এই সুবিধা ছিল। এবার সেই তালিকায় আনুষ্ঠানিকভাবে যোগ হল ফায়ারফক্স।

উইন্ডোজের ফায়ারফক্সে যোগ হল এনভিডিয়ার ‘জিফোর্স নাও’
ফায়ারফক্সে ‘জিফোর্স নাও’ সুবিধার দাবি ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিলেন। ছবি: মজিলা

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2026, 02:20 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

ফায়ারফক্স ব্যবহারকারী গেইমারদের জন্য সুখবর দিল মার্কিন চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া। এবার উইন্ডোজ পিসির ফায়ারফক্স ব্রাউজার থেকেও সরাসরি ক্লাউড গেইম খেলার সুযোগ চালু করেছে তারা।

জনপ্রিয় ফায়ারফক্স ব্রাউজারে অবশেষে ‘জিফোর্স নাও’ ব্যবহারের আনুষ্ঠানিক সুবিধা যোগ করেছে কোম্পানিটি। ফলে ফায়ারফক্সের মাধ্যমে উইন্ডোজ পিসিতে ক্লাউড গেইম স্ট্রিম করা যাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

‘জিফোর্স নাও আলটিমেট’ সংস্করণের গ্রাহকরা ফায়ারফক্স ব্রাউজারে সর্বোচ্চ ১৪৪০পি রেজুলিউশন ও প্রতি সেকেন্ডে ১২০ ফ্রেম গতিতে পিসি গেইম স্ট্রিমের সুযোগ পাবেন।

এর আগে, গুগল ক্রোম, মাইক্রোসফট এজ, অ্যাপলের সাফারি ও অপেরা ব্রাউজারে এই সুবিধা ছিল। এবার সেই তালিকায় আনুষ্ঠানিকভাবে যোগ হল ফায়ারফক্স।

বর্তমানে পিসি, ট্যাবলেট, স্মার্টফোন, টিভি ও গেইমিং হ্যান্ডহেল্ডসহ প্রায় সব ধরনের ডিভাইসেই এনভিডিয়ার এ সেবাটি রয়েছে।

স্টিম, এপিক গেইমস স্টোর, জিওজি, এক্সবক্স পিসি গেইম পাস ও ইউবিসফট কানেক্ট থেকে ব্যবহারকারীদের নিজস্ব বা অ্যাক্সেস থাকা দুই হাজারেও বেশি গেইম ‘জিফোর্স নাও’-এর মাধ্যমে খেলার সুযোগ পাচ্ছেন গেইমাররা।

মজিলা বলেছে, ফায়ারফক্সে ‘জিফোর্স নাও’ সুবিধার দাবি ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিলেন। সেই চাওয়া পূরণ করতে এনভিডিয়ার সঙ্গে টানা কয়েক মাস ধরে কাজ করেছে তারা।

যারা ক্লাউড গেইম পছন্দ ও দৈনন্দিন কাজে ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তাদের জন্য এমনটা নিঃসন্দেহে ভালো সংবাদ।

যাদের হাই-এন্ড বা ভারী গেইম খেলার মতো শক্তিশালী পিসি সেটআপ নেই এবং বর্তমান বাজার পরিস্থিতিতে নতুন পিসি কেনার কথা ভাবছেন না তাদের জন্য বড় স্বস্তি বয়ে আনবে।