ফের প্রেসিডেন্ট হলে গুগলের বিচার করবেন ট্রাম্প
“এটি নির্ধারণ করা হয়েছে, গুগল অবৈধভাবে কেবল ডনাল্ড জে. ট্রাম্প সম্পর্কেই খারাপ গল্প দেখানোর একটি সিস্টেম ব্যবহার করছে, যা উদ্দেশ্যপ্রণোদিত।”
সার্চ জায়ান্ট গুগল তার সম্পর্কে কেবল ‘খারাপ গল্প’ দেখায় বলে দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও এবারের মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডনাল্ড ট্রাম্প।
এমন দাবি করে ট্রাম্প শুক্রবার বলেছেন, পাঁচ নভেম্বরের নির্বাচনে জয়ী হলে তিনি গুগলের বিরুদ্ধে বিচার করবেন।
তবে, নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে দেওয়া পোস্টে গুগল সম্পর্কে দাবির পক্ষে ট্রাম্প কোনো প্রমাণ দেননি বলে প্রতিবেদনে লিখেছে বার্তা সংস্থা রয়টার্স।
“এটি নির্ধারণ করা হয়েছে, গুগল অবৈধভাবে কেবল ডনাল্ড জে. ট্রাম্প সম্পর্কেই খারাপ গল্প দেখানোর একটি সিস্টেম ব্যবহার করছে, যা উদ্দেশ্যপ্রণোদিত। একই সময়ে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস সম্পর্কে ভাল সব গল্প দেখাচ্ছে।” – বলেছেন ট্রাম্প।
কাজটিকে বেআইনিও বলেছেন তিনি। পাশাপাশি, নির্বাচনে এমন স্পষ্ট হস্তক্ষেপের কারণে গুগলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ফৌজদারি বিচার করবে বলেও আশা প্রকাশ করেন ট্রাম্প।
“আমাদের দেশের আইন সাপেক্ষে যদি তা না হয়, আমি নির্বাচন জিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর সর্বোচ্চ স্তরে তাদের বিচারের জন্য অনুরোধ করবো।”
এ প্রসঙ্গে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি গুগল।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুসারে, ট্রাম্প ২০১৯ সালেও গুগল সম্পর্কে একইরকম দাবি করেছিলেন। সোশাল মিডিয়া টুইটারের (এখন এক্স) একাধিক পোস্টে ট্রাম্প অভিযোগ করেছিলেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার সম্পর্কে নেতিবাচক সংবাদের পক্ষে ছিল গুগল। সে সময়ে ট্রাম্পের দাবি অস্বীকার করে ওয়েব জায়ান্ট কোম্পানিটি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে সাবেক এ প্রেসিডেন্টের কিছু সমর্থক নতুন করে এমন অভিযোগ তুলেছেন। জুলাই মাসে, ট্রাম্পের হত্যার চেষ্টার কয়েকদিন পরেই, প্রেসিডেন্ট পদপ্রার্থীকে নিয়ে সার্চ নিষিদ্ধ করার জন্য, নিজের এক্স পোস্টে গুগলকে অভিযুক্ত করেছিলেন বিলিয়নেয়ার ইলন মাস্ক।
