Published : 09 Feb 2026, 07:05 PM
লিরিকস বা গানের কথা দেখার সুবিধাটি কেবল প্রিমিয়াম গ্রাহকদের জন্য সীমিত করার কাজ শুরু করেছে ইউটিউব মিউজিক।
২০২০ সালে চালু হওয়া ফিচারটি এতদিন বিনামূল্যে ব্যবহার করা যেত। তবে সম্প্রতি অনেক ব্যবহারকারী ও প্রযুক্তি সাইট নাইনটুফাইভগুগল বলছে, ফিচারটি এখন ‘পে ওয়াল’ বা অর্থের বিনিময়ে ব্যবহারের সুযোগ দিতে যাচ্ছে তারা।
নতুন এ আপডেটে গান শোনার সময় ‘লিরিকস’ ট্যাবে গেলে একটি সতর্কবার্তা দেখা যাচ্ছে, যেখানে লেখা আছে, “আপনার লিরিকস বারটি দেখার সুযোগ রয়েছে। তবে প্রিমিয়াম নিয়ে লিরিকস আনলক করুন।”
এক্ষেত্রে ফ্রি ব্যবহারকারীরা সর্বোচ্চ পাঁচটি গানের কথা পুরোপুরি দেখতে পারবেন। এরপর থেকে গানের কেবল কয়েক লাইন দেখা যাবে ও বাকি অংশটুকু ঝাপসা করে দেবে ইউটিউব।
আগের বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছিল, গেল বছরের সেপ্টেম্বর থেকে সীমিত সংখ্যক ব্যবহারকারীর ওপর ফিচারটি নিয়ে পরীক্ষা করেছিল মার্কিন সার্চ জায়ান্ট ও ইউটিউবের মূল কোম্পানি গুগল।
‘মিউজিকম্যাচ’-এর মতো লিরিকস সরবরাহকারী বিভিন্ন কোম্পানিকে যে অর্থ দিতে হয় সে খরচ উসুল করতেই ইউটিউব এ পরিবর্তন আনছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
২০২৪ সালে একইভাবে লিরিকস ফিচারটি তাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশনের অন্তর্ভুক্ত করেছিল মিউজিক স্ট্রিমিং সাইট স্পটিফাই’ও। তবে ব্যবহারকারীদের তীব্র ক্ষোভ ও প্রতিবাদের মুখে পুনরায় বিনামূল্যে লিরিকস দেখার সুযোগ ফিরিয়ে দিতে বাধ্য হয় প্লাটফর্মটি।
তবে, এখনও এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি গুগল।
বর্তমানে অনেক বড় পরিসরে চালু করা হলেও ইউটিউবের এমন পদক্ষেপ পরীক্ষামূলক পর্যায়ে থাকতে পারে।
যুক্তরাষ্ট্রে ইউটিউব মিউজিকের প্রিমিয়াম সাবস্ক্রিপশন ফি মাসে ১০.৯৯ ডলার।
এর মাধ্যমে বিজ্ঞাপন ছাড়া গান শোনা, অফলাইনে ডাউনলোড ও এআই ফিচারসহ আরও অনেক সুবিধা মেলে, যা ইউটিউব মিউজিকের প্রধান প্রতিদ্বন্দ্বী স্পটিফাই, অ্যাপল মিউজিক ও মার্কিন ই কমার্স জায়ান্টের অ্যামাজন মিউজিকের সাবস্ক্রিপশন ফি’র সমান।