Published : 29 Dec 2025, 03:46 PM
ঘরে ব্যবহারের জন্য নতুন এক হিউম্যানয়েড রোবট দেখানোর প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়ার বহুজাতিক কোম্পানি এলজি। এজন্য ২০২৬ সালের সিইএস প্রযুক্তি মেলাকে বেছে নিয়েছে কোম্পানিটি।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে জানুয়ারিতে অনুষ্ঠিতব্য বার্ষিক প্রযুক্তি মেলাটিতে বিভিন্ন ধরনের হিউম্যানয়েড রোবটের প্রাধান্য থাকবে বলে ধারণা করা হচ্ছে। ফলে, মেলা শুরুর আগেই নিজেদের ‘ক্লয়েড’ নামে বাসার কাজে সহযোগী এই রোবটের ঝলক দেখিয়েছে কোম্পানিটি।
এলজি বলেছে, ক্লয়েড-এর দুইটি নমনীয় হাত ও প্রতি হাতে আলাদাভাবে পাঁচটি আঙুল ঘরের বিভিন্ন কাজ করতে সাহায্য করবে। আর সেইভাবেই বোরটটিকে তৈরি করেছে তারা।
তবে, ক্লয়েড ঠিক কী কী কাজ করতে পারে সে সম্পর্কে এখনও নির্দিষ্ট কিছু জানায়নি এলজি। রোবটটি দেখতে কেমন সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। কারণ খুব কাছ থেকে তোলা এর হাতের দুটি ছবি ছাড়া এলজি পুরো রোবটটির চেহারা মেলা শুরু হওয়ার আগে পর্যন্ত গোপনই রাখবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
এলজি বলেছে, ক্লয়েড রোবটটি মূলত কোম্পানির সেই বিশেষ পরিকল্পনার অংশ, যেখানে ‘প্রযুক্তি ঘরের সব কঠিন ও একঘেয়ে কাজ নিজে থেকেই করে ফেলবে রোবট। এতে মানুষের শারীরিক পরিশ্রম কমে প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে’। ‘গ্রাহকদের ঘরের কাজের ক্লান্তি থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যেই’ রোবটটি তৈরি করেছে তারা।
ক্লয়েড-এর মূল চিপসেটটি এর মাথায় বসানো হয়েছে, যেখানে একটি ডিসপ্লে, স্পিকার, ক্যামেরা ও বিভিন্ন সেন্সর রয়েছে। এ সবকিছুর উদ্দেশ্য মানুষের সঙ্গে রোবটটির যোগাযোগকে আরও প্রাণবন্ত ও ভাব বিনিময়ের করে তোলা।
এলজি বলেছে, তাদের নতুন রোবটটি ‘অ্যাফেকশনেট ইন্টেলিজেন্স’ বা মমতাময় বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে পরিচালিত। রোবটটি এমনভাবে তৈরি হয়েছে যাতে এটি ব্যবহারকারীর সঙ্গে খুব সহজ ও সাবলীলভাবে মিশতে পারে।
এ ছাড়া, ব্যবহারকারীর সঙ্গে বারবার কথা বলার মাধ্যমে নিজেকে আরও উন্নত করার ও সঠিকভাবে সাড়া দেওয়ার সক্ষমতা থাকবে রোবটটির।
সিইএস মেলায় প্রায়ই এমন সব চমৎকার পণ্য ওঠে, যা দেখে ভবিষ্যতের এক ঝলক মেলে। তবে এসব প্রযুক্তির সবকটি শেষ পর্যন্ত বাজারে আসে না। ফলে ক্লয়েড রোবটটি কি কেবল মেলায় দর্শক টানার কোনো বিশেষ আকর্ষণ না কি এমনটি আসলেও বাস্তবে কাজে আসবে তা এখন দেখার অপেক্ষা।
লাস ভেগাস কনভেনশন সেন্টারে এলজি’র বুথে ক্লয়েড রোবটটিকে বাস্তব জীবনের কিছু কাজ করতে সরাসরি দেখতে পাবেন দর্শকরা।