১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাইবার হামলা ঠেকাতে আউটলুকে নতুন নিয়ম মাইক্রোসফটের

এখন থেকে আউটলুক ফর ওয়েব এবং উইন্ডোজের নতুন সংস্করণে ইনলাইন এসভিজি ইমেজ আর দেখা যাবে না।

সাইবার হামলা ঠেকাতে আউটলুকে নতুন নিয়ম মাইক্রোসফটের
আউটলুকে ম্যালওয়্যার ও ফিশিং আক্রমণ ঠেকাতে এ পদক্ষেপ। ছবি: মাইক্রোসফট

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2025, 05:36 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

ইমেইলে ম্যালওয়্যার ও ফিশিং আক্রমণ ঠেকাতে বড় পদক্ষেপ নিচ্ছে মাইক্রোসফট। সাম্প্রতিক বছরগুলোতে এসভিজি ফাইলের অপব্যবহার বেড়ে যাওয়ায় এবার আউটলুকে এই ধরনের কনটেন্ট প্রদর্শন সীমিত করছে কোম্পানিটি।

মাইক্রোসফট বলছে, এখন থেকে আউটলুক ফর ওয়েব এবং উইন্ডোজের নতুন সংস্করণে ইনলাইন এসভিজি ইমেজ আর দেখা যাবে না। ব্যবহারকারীরা যেখানে এই ছবিগুলো থাকার কথা সেখানে শুধু ফাঁকা জায়গা দেখতে পাবেন।

তবে মাইক্রোসফট এসভিজি ফাইল পুরোপুরি নিষিদ্ধ করছে না। কোম্পানিটি বলছে, ক্লাসিক অ্যাটাচমেন্ট হিসেবে পাঠানো এসভিজি ইমেজগুলো আগের মতোই দেখা যাবে এবং সেগুলো সমর্থিত থাকবে। এই আপডেট সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি যেমন ক্রস-সাইট স্ক্রিপ্টিং আক্রমণ প্রতিরোধে সহায়তা করবে।

মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, আউটলুকে ব্যবহার করা ইমেজগুলোর মধ্যে দশমিক ১ শতাংশেরও কম ইনলাইন এসভিজি পদ্ধতি ব্যবহার করে, তাই সাধারণ যোগাযোগে এর প্রভাব খুবই সামান্য হবে।

প্রযুক্তি সাইট টেক রেডার লিখেছে, এই সিদ্ধান্ত মাইক্রোসফটের বৃহত্তর নিরাপত্তা কৌশলের অংশ। কৌশলটির লক্ষ্য সফটওয়্যারে এমন সব ফিচার সীমিত করা যেগুলো হ্যাকাররা অপব্যবহার করতে পারে।

গত কয়েক বছরে কোম্পানিটি অফিস এবং উইন্ডোজ উভয় প্ল্যাটফর্মেই ফিশিং ও ম্যালওয়্যার আক্রমণে ব্যবহার হয় এমন বেশ কিছু ফিচার বাতিল বা সীমিত করেছে।

২০২৫ সালের শুরুর দিকে আউটলুক ওয়েব এবং আউটলুক ফর উইন্ডোজে ডট লাইব্রেরি-এমএস ও ডট সার্চ-এমএস ফাইল ব্লক করা হয়। এই দুটি ফাইল ২০২২ সাল থেকে সরকারি সংস্থাগুলোর বিরুদ্ধে সাইবার আক্রমণে ব্যবহার করা হচ্ছিল বলে সংবাদ প্রকাশ করেছিল প্রযুক্তি সাইট ব্লিপিং কম্পিউটার।

এ ছাড়া মাইক্রোসফট এর অফিস সফটওয়্যারগুলোতেও নিরাপত্তা জোরদার করেছে। এখন থেকে ভিবিএ ম্যাক্রো ডিফল্টভাবে ব্লকড হয়ে যাবে, এক্সেল ৪.০ ম্যাক্রোর জন্য নতুন সুরক্ষা যুক্ত হয়েছে, অনির্ভরযোগ্য এক্সএলএল অ্যাড-ইন ও অ্যাক্টিভএক্স কন্ট্রোল নিষ্ক্রিয় করা হয়েছে এবং ভিবিস্ক্রিপ্ট সমর্থনও থাকছে না।