২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ক্রোম কিনতে সাড়ে ৩ হাজার কোটি ডলারের প্রস্তাব পারপ্লেক্সিটির

সার্চ ও বিজ্ঞাপন বাজারে গুগলের আধিপত্য নিয়ে সম্প্রতি তীব্র তদন্তের মুখে পড়েছে কোম্পানিটি, যেখানে দুটি অ্যান্টিট্রাস্ট মামলায় আইনি লড়াইয়ে জড়িয়ে রয়েছে গুগল।

ক্রোম কিনতে সাড়ে ৩ হাজার কোটি ডলারের প্রস্তাব পারপ্লেক্সিটির
এ মাসেই গুগলের বিরুদ্ধে একটি রায় দেওয়ার কথা রয়েছে মার্কিন ফেডারেল বিচারকের। ছবি: পিক্সাবে

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2025, 04:17 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

গুগলের ক্রোম ইন্টারনেট ব্রাউজার কিনে নেওয়ার জন্য তিন হাজার চারশ ৫০ কোটি ডলারের দরপত্র জমা দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর স্টার্টআপ পারপ্লেক্সিটি।

গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট-এর প্রধান সুন্দার পিচাইকে পাঠানো এক চিঠিতে পারপ্লেক্সিটি বলেছে, ব্যবহারকারীর নিরাপত্তার প্রতি অঙ্গীকারবদ্ধ এমন এক স্বাধীন কোম্পানির অধীনে ক্রোম ব্রাউজারকে দেওয়া হলে তা সাধারণ মানুষের উপকারেই আসবে।

তবে পারপ্লেক্সিটির এ প্রস্তাবকে ‘প্রচারণামূলক কৌশল বা স্টান্ট’ বলে বর্ণনা করেছেন প্রযুক্তি খাতের একজন বিনিয়োগকারী। তিনি বলেছেন, পারপ্লেক্সিটির প্রস্তাবিত এ মূল্য ক্রোম-এর প্রকৃত মূল্যের চেয়ে অনেক কম এবং গুগল ক্রোম ব্রাউজার বিক্রি করবে কি না বা আদৌ এটি বিক্রির জন্য উন্মুক্ত কি না তা এখনও স্পষ্ট নয়।

এ বিষয়ে মন্তব্যের জন্য গুগলের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি। 

তবে গুগল এখন পর্যন্ত ক্রোম বিক্রির কোনো পরিকল্পনার ঘোষণা করেনি। বিশ্বজুড়ে প্রায় তিনশ কোটির বেশি ব্যবহারকারী নিয়ে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউজার হচ্ছে ক্রোম।

বিবিসি লিখেছে, অনলাইন সার্চ ও বিজ্ঞাপন বাজারে গুগলের আধিপত্য নিয়ে সম্প্রতি তীব্র তদন্ত ও সমালোচনাও মুখে পড়তে হচ্ছে মার্কিন সার্চ জায়ান্টটিকে, যেখানে দুটি অ্যান্টিট্রাস্ট মামলায় বছরের পর বছর ধরে আইনি লড়াইয়ে জড়িয়ে রয়েছে গুগল।

এ মাসেই একটি রায় দেওয়ার কথা রয়েছে মার্কিন ফেডারেল আদালতের, যেখানে গুগলকে তাদের সার্চ ব্যবসা ভেঙে দেওয়ার নির্দেশ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গুগল বলেছে, এমন কোনো রায় এলে তারা আপিল করবে। ক্রোম ব্রাউজারকে আলাদা করে দেওয়ার ধারণাকে ‘অভূতপূর্ব প্রস্তাব’ বলেও উল্লেখ করেছে তারা, যা গ্রাহক ও ব্যহারকারীদের নিরাপত্তার জন্য ক্ষতিকর হতে পারে।

পারপ্লেক্সিটির একজন মুখপাত্র বলেছেন, ‘উন্মুক্ত ওয়েব, ব্যবহারকারীর স্বাধীনতা ও যারা ক্রোম ব্যবহার করছেন সবসময় তাদের পাশে থাকার প্রতি গুরুত্বপূর্ণ এক প্রতিশ্রুতি’ তাদের এই প্রস্তাব।

প্রস্তাবিত অধিগ্রহণের অংশ হিসেবে পারপ্লেক্সিটি বলেছে, ক্রোমের মধ্যে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে গুগলকে রাখবে তারা। তবে ব্যবহারকারীরা চাইলে সেটিংসে গিয়ে এটি পরিবর্তন করতে পারবেন।

প্রস্তাবিত চুক্তির জন্য অর্থায়ন কিভাবে করা হবে সে সম্পর্কে কোনো ব্যাখ্যা দেয়নি পারপ্লেক্সিটি। জুলাইয়ে কোম্পানিটির আনুমানিক মূল্য ছিল এক হাজার আটশ কোটি ডলার।

এদিকে, পারপ্লেক্সিটির এ প্রস্তাবকে ‘স্টান্ট’ হিসেবে উল্লেখ করেছেন প্রযুক্তি শিল্পের বিনিয়োগকারী ও স্টার্টআপ প্রতিষ্ঠাতা হিথ আহরেন্স। 

তিনি বলেছেন, “ক্রোম-এর প্রকৃত মূল্য প্রস্তাবিত এই মূল্যের চেয়ে অনেক বেশি, এমনকি নাগালেরও বাইরে। কারণ ক্রোম-এর কাছে রয়েছে ডেটার এক বিশাল ভাণ্ডার।

“প্রস্তাবটি সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ নয়। তবে ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান বা মার্কিন ধনকুবের ইলন মাস্কের মতো কেউ এই দাম তিন গুণ বাড়িয়ে ব্রাউজারটি চাইলে কিনে নিতে পারেন।”

‘থিওরি ভেঞ্চার্স’-এর টমাস টুঙ্গুজ বলেছেন, গুগল প্ল্যাটফর্মটি বিক্রির কথা বিবেচনা করছে কি না তা-ও স্পষ্ট নয়।