১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আইওএস ২৬-এ দ্রুতই কমছে চার্জ? জেনে নিন সমাধান

অন-ডিভাইস এআই ব্যবহার করে ফোনের ব্যবহার বিশ্লেষণ করবে অ্যাডাপ্টিভ পাওয়ার।

আইওএস ২৬-এ দ্রুতই কমছে চার্জ? জেনে নিন সমাধান
ব্যাটারির আয়ু বাড়ানোর জন্য অ্যাপল নতুন একটি ফিচার যুক্ত করেছে। ছবি: ফ্রিপিক

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2025, 04:07 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

আইফোনের কাছ থেকে অনেক ব্যবহারকারীর সবচেয়ে বড় প্রত্যাশা ভালো ব্যাটারি লাইফ। অ্যাপল প্রতি বছর নতুন ডিজাইন আর ফিচার যোগ করলেও যদি তারা একদিন ঘোষণা করে যে নতুন আইফোনে রেকর্ড পরিমাণ ব্যাটারি লাইফ পাওয়া যাবে তাহলে সম্ভবত অনেক ব্যবহারকারীই অনেক বেশি আস্বস্ত হবেন।

যদিও এমন দিন আসতে এখনও সময় লাগবে, তবে ব্যাটারির আয়ু বাড়ানোর জন্য অ্যাপল তাদের সর্বশেষ অপারেটিং সিস্টেম আইওএস ২৬-এ নতুন একটি ফিচার যুক্ত করেছে। ফিচারটির নাম ‘অ্যাডাপ্টিভ পাওয়ার’।

প্রযুক্তি সাইট ‘লাইফহ্যাকার’ লিখেছে, এটি অন-ডিভাইস এআই ব্যবহার করে ফোনের ব্যবহার বিশ্লেষণ করবে এবং অনুমান করবে কোন সময়ে অতিরিক্ত ব্যাটারি ক্ষমতার প্রয়োজন হতে পারে।

কীভাবে ব্যাটারি বাড়ায় অ্যাডাপ্টিভ পাওয়ার?

যখন অ্যাডাপ্টিভ পাওয়ার সক্রিয় হয়, এটি ব্যবহারকারীর আইফোনের পারফরম্যান্স কমিয়ে দেয়। ফলে কিছু কাজ স্বাভাবিকের চেয়ে ধীরে সম্পন্ন হয় তবে এতে ব্যাটারি সাশ্রয় হয়। এর পাশাপাশি এটি স্ক্রিনের উজ্জ্বলতা ৩ শতাংশ কমিয়ে দেয়, ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটিজ সীমিত করে এবং ফোনের চার্জ ২০ শতাংশে নেমে এলে কোনো অনুমতি ছাড়াই নিজ থেকেই ‘লো পাওয়ার মোড’ চালু করে দেয়।

তবে অ্যাপল পুরোপুরি পরিষ্কার করেনি ‘লো পাওয়ার মোড’ আর ‘অ্যাডাপ্টিভ পাওয়ার’-এর মধ্যে পার্থক্য কী। অ্যাডাপ্টিভ পাওয়ার নির্দিষ্ট সময়ে প্রসেসরের গতি কমায় আর অল্প পরিমাণে উজ্জ্বলতা কমিয়ে দেয়। অন্যদিকে লো পাওয়ার মোড গতি কমানোর পাশাপাশি ডিসপ্লের রিফ্রেশ রেট কমায়, উজ্জ্বলতা সীমিত করে, ৫জি, আইক্লাউড সিংকিং এবং মেইল ফেচসহ বেশ কিছু ফিচার বন্ধ করে দেয়।

কোন কোন আইফোনে ফিচারটি পাওয়া যাবে

অ্যাডাপ্টিভ পাওয়ার অ্যাপলের নতুন আইফোন মডেলগুলোতে ডিফল্টভাবে চালু থাকবে। এর মধ্যে আছে আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং আইফোন এয়ার। তবে অন্যান্য সমর্থিত আইফোনে যেমন আইফোন ১৫ প্রো এবং তার আগের মডেলগুলোতে এই ফিচার ডিফল্টভাবে বন্ধ থাকবে। অর্থাৎ আইফোন ১৭ সিরিজ ছাড়া অন্য ফোনে এটি ব্যবহার করতে চাইলে ম্যানুয়ালি চালু করতে হবে।

কীভাবে চালু বা বন্ধ করবেন

আইফোন ১৫ প্রো বা আইফোন ১৭-এর যাই ব্যবহার করুন না কেন ‘অ্যাডাপ্টিভ পাওয়ার’ চালু বা বন্ধ করার জায়গা একই। সেটিংস > ব্যাটারি > পাওয়ার মোড-এ গিয়ে অ্যাডাপ্টিভ পাওয়ার-এর পাশে থাকা টগল অন বা অফ করতে পারবেন।

অ্যাডাপ্টিভ পাওয়ার দিনের বিভিন্ন সময়ে চালু বা বন্ধ হয় তাই চাইলে এর সক্রিয় হওয়ার নোটিফিকেশনও পেতে পারেন। এজন্য ‘অ্যাডাপ্টিভ পাওয়ার নোটিফিকেশনস’ টগল ব্যবহার করতে হবে।