১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আবারও ডিএম চালুর চেষ্টায় ইউটিউব

ইউটিউবের মূল কোম্পানি গুগল বলেছে, “এসব বার্তা আমাদের কমিউনিটি গাইডলাইন অনুসরণ করছে কি না তা যাচাইয়ের জন্য পর্যালোচনা করা হবে।”

আবারও ডিএম চালুর চেষ্টায় ইউটিউব
ইউটিউবের এই মেসেজিং ফিচার দেওয়ার প্রথম চেষ্টা এবারই প্রথম নয়। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2025, 05:36 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

আবারও নিজেদের প্ল্যাটফর্মে ডাইরেক্ট মেসেজ বা ডিএম যোগের প্রচেষ্টা শুরু করেছে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউব।

ব্যবহারকারীদের ভিডিও শেয়ার ও আলোচনার জন্য ডিএম পরীক্ষা করছে প্লাটফর্মটি। ইউটিউব এ পরীক্ষাটি আয়ারল্যান্ড ও পোল্যান্ডের ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীদের ওপর করছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।

ডিএম ব্যক্তিগত বার্তা হলেও ইউটিউবের মূল কোম্পানি গুগল বলেছে, “এসব বার্তা আমাদের কমিউনিটি গাইডলাইন অনুসরণ করছে কি না তা যাচাইয়ের জন্য পর্যালোচনা করা হবে।”

ইউটিউবে এ মেসেজিং ফিচার দেওয়ার চেষ্টা এবারই প্রথম নয়। ২০১৭ সালে নিজেদের অ্যাপে ডিএম যোগ করেছিল ভিডিও প্ল্যাটফর্মটি। তবে ২০১৯ সালে তা সরিয়ে ফেলে। কারণ, কোম্পানিটি চেয়েছিল ব্যবহারকারী যেন ভিডিও নিয়ে কমেন্টে সেকশনে বেশি আলোচনা করেন।

এ নতুন পরিষেবায় অন্য কোনো উপায়ে ভিডিও পাঠানোর ধরন পরিবর্তন আনবে না ইউটিউব।

ছয় বছর পরে একই সিস্টেম আবার চালুর বিষয়টি কিছুটা অদ্ভুত মনে হলেও গুগল বলেছে, ‘অনেক ব্যবহারকারী এ ফিচার চাইছেন’। ফলে এবার হয়ত বেশি মানুষ ব্যবহার করবে ডিএম ফিচার।