স্মার্টওয়াচ বানাচ্ছে ওমাটে
স্মার্টওয়াচ উৎপাদনের প্রাথমিক অর্থ সংগ্রহ করতে সক্ষম হয়েছে ওমাটে প্রতিষ্ঠানটি। কিকস্টার্টার নামের একটি অর্থ সংগ্রহকারী সাইট তাদের ‘ওমাটে ট্রুস্মার্ট’ নামের এ স্মার্টওয়াচ বানানোর অর্থ সংগ্রহে সহযোগিতা করেছে। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, স্মার্টওয়াচ বানানোর জন্য সংগৃহীত অর্থ নির্মাতাদের কাছে পৌঁছে দেবে কিকস্টার্টার।
স্মার্টওয়াচটির জন্য এক লাখ ডলারেরও বেশি অর্থ সংগৃহীত হয়েছে। এ অর্থের সাহায্যে সহজেই প্রথম দফার উৎপাদন শুরু করা সম্ভব। ওমাটে ট্রুস্মার্টে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। এ ছাড়াও এতে মাইক্রো সিম কার্ড ব্যবহার করা যাবে। এর মাধ্যমে ফোন করা এবং সোশাল মেসেজেও পাঠানো যাবে।
ওমাটে জানিয়েছে, তাদের এ স্মার্টওয়াচটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ৪.২.২-এ চলবে এবং এতে বিভিন্ন অ্যাপও চালানো যাবে। স্মার্টওয়াচটিতে ৩.৯ সেন্টিমিটার টাচস্ক্রিন ডিসপ্লে থাকবে। ওয়াটার রেসিসট্যান্ট যন্ত্রটিতে জিপিএস লোকেশন, চার গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ এবং ৩২ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহার করার সুবিধা থাকবে।
