১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ফ্ল্যাগশিপ আইফোনের সাশ্রয়ী সংস্করণ আনল অ্যাপল

এ সপ্তাহজুড়েই নিজেদের বেশ কিছু নতুন পণ্য বাজারে আনার ঘোষণা দিতে যাচ্ছে কোম্পানিটি, যেখানে সপ্তাহের শুরুতেই এ নতুন ফোনের খবর এল।

ফ্ল্যাগশিপ আইফোনের সাশ্রয়ী সংস্করণ আনল অ্যাপল
ফোনটি কালো, সাদা ও গোলাপি এ তিনটি রঙে পাওয়া যাবে। ছবি: অ্যাপল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2026, 04:55 PM

Updated : 26 Aug 2026, 03:04 PM

ফ্ল্যাগশিপ ফোনের সাশ্রয়ী সংস্করণ হিসেবে আইফোন ১৭ই বাজারে এনেছে অ্যাপল। এ নতুন ফোনে উন্নত চিপ, ভালো চার্জিং সুবিধা ও দ্বিগুণ স্টোরেজ থাকলেও এর দাম রাখা হয়েছে আগের মডেলের মতোই।

ব্রিটিশ পত্রিকা ইন্ডিপেনডেন্ট প্রতিবেদনে লিখেছে, নতুন এ ডিভাইসে উন্নত চিপ এবং আরও ভালো মানের ওয়্যারলেস চার্জিংয়ের পাশাপাশি বেশ কিছু হার্ডওয়্যারে পরিবর্তন হয়েছে।

এর ফলে ফোনটিতে নতুন কিছু ফিচার যোগ হয়েছে, যেমন অ্যাপলের আপডেটেড পোর্ট্রেইট ফিচার, যা পশু-পাখি চিনতে পারে ও ছবির গভীরতা সংরক্ষণ করে রাখে। ফলে ছবি তোলার পরেও ব্যাকগ্রাউন্ড ব্লার বা ঝাপসা করা সম্ভব হয়।

তবে দামি আইফোন ১৭ ও ১৭ প্রো-এর তুলনায় এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। যেমন, আইফোন ১৭ই’তে কেবল একটি ক্যামেরা ব্যবহার করেছে অ্যাপল।

এ সপ্তাহজুড়েই নিজেদের বেশ কিছু নতুন পণ্য বাজারে আনার ঘোষণা দিতে যাচ্ছে কোম্পানিটি, যেখানে সপ্তাহের শুরুতেই এ নতুন ফোনের খবর এল। এ সপ্তাহে অ্যাপল উন্নত প্রযুক্তির ম্যাকবুক ও অন্যান্য ডিভাইসও উন্মোচন করতে পারে।

দীর্ঘ সময় ধরে সিরি’র উন্নত সংস্করণ তৈরির কাজ করছে অ্যাপল, যেখানে গুগলের প্রযুক্তি ব্যবহৃত হবে, যা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বুঝে প্রশ্নের উত্তর দেবে। তবে এ সপ্তাহের ঘোষণার তালিকায় সিরির উন্নত সংস্করণ থাকবে কি না তা এখনও নিশ্চিত নয়।

আইফোন ১৭ই-এর দাম এর আগের মডেলের মতোই ৫৯৯ ডলার থেকে শুরু হচ্ছে। ফোনের প্রারম্ভিক স্টোরেজ দ্বিগুণ হয়ে ২৫৬ জিবি হয়েছে। ফোনটি কালো, সাদা ও গোলাপি এ তিনটি রঙে পাওয়া যাবে।

এতে ৬.১ ইঞ্চির স্ক্রিন রয়েছে, যা গত বছরের আইফোন ১৬ই-এর মতোই। তবে এর ডিসপ্লেতে ব্যবহৃত হয়েছে ‘সিরামিক শিল্ড ২’ গ্লাস।

অ্যাপলের দাবি, নতুন ফোনটি আগের চেয়ে তিন গুণ স্ক্র্যাচ-প্রতিরোধী ও এতে আলোর প্রতিফলন বা গ্লেয়ার অনেক কম হবে।

এ ছাড়া এতে উন্নত মানের ‘সি১এক্স’ মডেম ব্যবহৃত হয়েছে, যা অ্যাপলের নিজস্ব তৈরি প্রথম মডেমগুলোর একটি। সেইসঙ্গে ফোনের একক ক্যামেরাটিও উন্নত হয়েছে।