০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

গ্রক এআই দিয়ে ‘অডেসি’ বানানোর ঘোষণা মাস্কের

এ বছরের মধ্যেই নিজের গ্রক এআই দিয়ে হোমারের মহাকাব্যের ‘ঐতিহাসিকভাবে নিখুঁত’ এক এআই সংস্করণ তৈরির কথা বলেছেন মার্কিন এ ধনকুবের।

গ্রক এআই দিয়ে ‘অডেসি’ বানানোর ঘোষণা মাস্কের
নোলানের উদ্দেশ্যে মাস্ক লিখেছেন, ‘নোলান পুরস্কারের লোভেই এমন করেছেন’ ও ‘নিজের সততা হারিয়েছেন’। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2026, 12:05 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

ক্রিস্টোফার নোলানের সদ্য মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার চলচ্চিত্র অডেসি’র কাস্টিং নিয়ে টানা সমালোচনার পর এবার নতুন ঘোষণা দিলেন ইলন মাস্ক।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান লিখেছে, এ বছরের মধ্যেই নিজের ‘গ্রক ইমেজিন’ এআই প্ল্যাটফর্ম দিয়ে হোমারের মহাকাব্যের ‘ঐতিহাসিকভাবে নিখুঁত’ এক পূর্ণদৈর্ঘ্য এআই সংস্করণ তৈরির কথা বলেছেন মার্কিন এ ধনকুবের।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মাস্ক লিখেছেন, “এ বছর শেষ হওয়ার আগেই অডেসি’র ওপর পূর্ণদৈর্ঘ্য এক চলচ্চিত্র তৈরি করবে গ্রক ইমেজিন, যা হোমারের শিল্পশৈলীর প্রতি অনুগত ও ঐতিহাসিকভাবে সঠিক হবে।”

পাশাপাশি গ্রক ইমেজিন দিয়ে তৈরি তিন মিনিটের একটি ভিডিও ক্লিপের লিংক শেয়ার করেছেন মাস্ক, যেখানে ট্রয়যুদ্ধের নায়ক অডেসিয়াস ও দেবী ক্যালিপসোর দৃশ্য দেখানো হয়েছে।

সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া নোলানের অডেসি সিনেমাটি বিশ্বজুড়ে প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও বিশাল সাফল্য পেয়েছে।

সিনেমায় অডেসিয়াস চরিত্রে ম্যাট ডেমন ও পেনেলোপে চরিত্রে অ্যান হ্যাথাওয়ে অভিনয় করেছেন। তবে ছবিটির কাস্টিং নিয়ে শুরু থেকেই বিতর্ক উসকে দেওয়ার চেষ্টা করছেন মাস্ক।

ট্রয়ের হেলেন ও ক্লাইটেমনেস্ট্রা চরিত্রে কৃষ্ণাঙ্গ অভিনেত্রী লুপিতা নিওঙ্গো ও সিনন চরিত্রে রূপান্তরকামী অভিনেতা এলিয়ট পেজকে নেওয়া নিয়ে তীব্র আপত্তি তোলেন মার্কিন এই ধনকুবের।

নোলানের উদ্দেশ্যে মাস্ক লিখেছেন, ‘নোলান পুরস্কারের লোভেই এমন করেছেন’ ও ‘নিজের সততা হারিয়েছেন’।

তবে মাস্কের এমন সমালোচনার খুব একটা প্রভাব পড়ছে না। কারণ, মুক্তির প্রথম সপ্তাহান্তেই বিশ্বজুড়ে বক্স অফিসে ২৬ কোটি ৪০ লাখ ডলার আয় করেছে অডেসি। পাশাপাশি জনপ্রিয় রিভিউ সাইট ‘রটেন টম্যাটোস’-এ সিনেমাটির দর্শক রেটিং হয়েছে ৯৭ শতাংশ।

মে মাসে সমালোচকদের কড়া জবাব দিয়ে অভিনেত্রী নিওঙ্গো বলেছিলেন, “আমাদের কাস্টিং পুরো বিশ্বের প্রতিনিধিত্ব করছে। কোনো ধরনের সাফাই গাওয়ার পেছনে আমি আমার সময় নষ্ট করছি না। আমি এতে মনোযোগ দিই বা না দিই, সমালোচনা থাকবেই।”

সমালোচনা সম্পর্কে নোলান বলেছেন, “এ ধরনের পরিস্থিতি কাজেরই অংশ। মানুষ সিনেমাটি দেখার আগে যে আলোচনাগুলো হয় সেগুলো সবসময়ই অপ্রাসঙ্গিক। কারণ, সিনেমাটি আসলে কেমন তা না দেখেই তারা এসব মন্তব্য করেন।”

চলচ্চিত্র নির্মাণে এআইয়ের সম্ভাব্য প্রভাব নিয়ে নিজের মূল্যায়নেও বেশ কঠোর ছিলেন অস্কারজয়ী এ পরিচালক।

তিনি বলেছেন, “এআই পুরোপুরিভাবে মানুষ ও মানুষের সৃজনশীলতাকে প্রতিস্থাপন করবে এমন ধারণা আমার কাছে পুরোপুরি অর্থহীন।

“আমি এর আগে এমন কোনো প্রযুক্তি দেখিনি, যা ওয়াল স্ট্রিট, বিনিয়োগকারী ও বিভিন্ন প্রযুক্তি কোম্পানি এত সফলভাবে গ্রহণ করেছে, অথচ সাধারণ মানুষ তা পুরোপুরি বাতিল করেছে।”

আরও পড়ুন…

এআইকে সৃজনশীলতার বিকল্প ভাবা অর্থহীন: ক্রিস্টোফার নোলান