১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

হ্যাকিং ঠেকাতে হোয়াটসঅ্যাপের ‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস’

এ সেটিংস-এর ভেতরে থাকা কেবল একটি বাটনে ক্লিক করলে ফোনের একগুচ্ছ নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় হয়ে উঠবে।

হ্যাকিং ঠেকাতে হোয়াটসঅ্যাপের ‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস’
অপরিচিতদের কাছ থেকে আসা মিডিয়া ফাইল ও অ্যাটাচমেন্ট ব্লক করে দেবে এই ফিচার। ছবি: মেটা

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2026, 03:43 PM

Updated : 26 Aug 2026, 02:49 PM

ক্রমাগত সাইবার হামলা থেকে ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিতে কঠোর পদক্ষেপ নিচ্ছে মেটা। উচ্চ-ঝুঁকিতে থাকা ব্যবহারকারী, বিশেষ করে সাংবাদিক ও জনসম্পৃক্ত ব্যক্তিদের টার্গেট করে হওয়া হ্যাকিং ঠেকাতে নতুন নিরাপত্তা ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মেটা বলেছে, ‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস’ নামের নতুন ফিচারটি ব্যবহারকারীদের অ্যাকাউন্টকে ‘অত্যন্ত জটিল সাইবার আক্রমণ থেকেও সুরক্ষা দেবে’।

এ সেটিংস-এর ভেতরে থাকা কেবল একটি বাটনে ক্লিক করলে ফোনের একগুচ্ছ নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় হয়ে উঠবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।

ফিচারটি কীভাবে কাজ করে?

অপরিচিতদের কাছ থেকে আসা মিডিয়া ফাইল ও অ্যাটাচমেন্ট ব্লক করে দেবে এই ফিচার। লিংকের প্রিভিউ দেখা বন্ধের পাশাপাশি অচেনা নম্বর থেকে আসা বিভিন্ন কলকে সাইলেন্ট রাখবে। ফলে অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা কিছুটা সীমাবদ্ধ হয়ে পড়লেও অ্যাকাউন্টকে নিরাপদ রাখবে ফিচারটি।

মেটা বলেছে, সাধারণ ব্যবহারকারীদের জন্য খুব একটা প্রয়োজন নেই এ ফিচারের। কারণ হোয়াটসঅ্যাপের কথোপকথন ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’-এর মাধ্যমে সুরক্ষিত থাকে। ফিচারটি ‘সাংবাদিক বা জনসম্মুখে পরিচিত ব্যক্তিত্বদের’ জন্য এনেছে তারা, যাদের ‘বিরল ও অত্যন্ত শক্তিশালী সাইবার আক্রমণ থেকে বাঁচার জন্য বিশেষ নিরাপত্তার প্রয়োজন হতে পারে’।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বজুড়ে সব ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু করবে মেটা। ব্যবহারকারীরা অ্যাপের ‘প্রাইভেসি’ সেটিংয়ের ভেতরে এ টুলটি পাবেন।

উচ্চ-ঝুঁকিতে থাকা ব্যবহারকারীদের জন্য উন্নত নিরাপত্তা সুবিধা দেওয়া বিভিন্ন প্রযুক্তি কোম্পানির মধ্যে হোয়াটসঅ্যাপের এই সংযোজন সর্বশেষ।

এর আগে, ২০২২ সালে ‘লকডাউন মোড’ এনেছিল আইফোন নির্মাতা কোম্পানি অ্যাপল। আর, গত বছর নিজেদের ‘অ্যাডভান্সড প্রোটেকশন মোড’ চালু করেছিল অ্যান্ড্রয়েড।