Published : 01 Oct 2025, 02:19 PM
কোম্পানির প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেছেন মিউজিক স্ট্রিমিং প্লাটফর্ম স্পটিফাইয়ের প্রতিষ্ঠাতা ড্যানিয়েল এক।
মঙ্গলবার স্পটিফাই বলেছে, সিইও পদ থেকে সরে গিয়ে কোম্পানিটির এক্সিকিউটিভ চেয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ড্যানিয়েল।
স্টকহোমভিত্তিক স্ট্রিমিং জায়ান্টটি বলেছে, ড্যানিয়েলের স্থলাভিষিক্ত হবেন কোম্পানিটির প্রধান পণ্য ও প্রযুক্তি কর্মকর্তা গুস্তাভ সোদারস্ট্রম এবং প্রধান বাণিজ্য কর্মকর্তা অ্যালেক্স নরস্ট্রম। তারা কোম্পানিটির কো-সিইও হিসেবে দায়িত্ব নেবেন। বর্তমানে স্পটিফাইয়ের কো-প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছে এ জুটি। ১ জানুয়ারি থেকে তারা নতুন দায়িত্বে যোগ দেবেন।
স্পটিফাই বলেছে, ২০২৩ সাল থেকে স্পটিফাই যেভাবে কাজ করছে এ পদক্ষেপের মাধ্যমে তা এখন আরও ‘আনুষ্ঠানিকভাবে’ নিশ্চিত করা হল, যেখানে কোম্পানির বড় বড় পরিকল্পনা গঠন এবং দৈনন্দিন কাজের বাস্তবায়নে নেতৃত্ব দিয়ে আসছিলেন গুস্তাভ সোদারস্ট্রম ও অ্যালেক্স নরস্ট্রম।
ড্যানিয়েল বলেছেন, এরইমধ্যে ‘প্রতিদিনের ব্যবস্থাপনা ও কৌশলগত দিকনির্দেশনার বড় এক অংশ এই জুটির হাতে তুলে দিয়েছেন’ তিনি।
“এই পরিবর্তন কেবল আমাদের বর্তমান কাজের ধরন অনুযায়ী পদবি ঠিক করে নিচ্ছে।”
নতুন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে ড্যানিয়েল বলেছেন, তিনি এখন স্পটিফাইয়ের ‘দীর্ঘমেয়াদি লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার’ দিকেই মনোযোগ দেবেন।
এ ঘোষণার পর এক অনলাইন প্রশ্নোত্তর পর্বে ড্যানিয়েল বলেছেন, তার নতুন পদটি কেবল নামমাত্র বা আনুষ্ঠানিক কোনও দায়িত্ব নয়, যেমনটা ‘মার্কিন দৃষ্টিভঙ্গির’ বিনিয়োগকারীরা আশা করতে পারেন।
তিনি বলেছেন, ইউরোপে এক্সিকিউটিভ চেয়ারম্যান সাধারণত ‘ব্যবসার সঙ্গে সক্রিয়ভাবে’ যুক্ত থাকেন এবং সরকারের মতো ‘নির্দিষ্ট পার্টনারদের সঙ্গেও’ প্রতিনিধিত্ব করেন।
ড্যানিয়েলে আরও বলেছেন, এখনও স্পটিফাইয়ের সামনে অনেক বড় উন্নতির সুযোগ দেখতে পান তিনি, বিশেষ করে ‘এশিয়া থেকে আফ্রিকা পর্যন্ত অনেক দেশে মানুষ এখনও স্ট্রিমিংয়ে খুব একটা অভ্যস্ত হয়ে ওঠেনি’, সেসব জায়গায় নতুন করে বাজার গড়ার সুযোগ রয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মতো নতুন প্রযুক্তিও স্পটিফাইয়ের জন্য বড় সম্ভাবনা তৈরি করতে পারে।
প্রায় দুই দশক আগে স্পটিফাই প্রতিষ্ঠার পর থেকে এ প্ল্যাটফর্মের উত্থানে গানের ব্যবসায় বিপ্লব এনেছেন ড্যানিয়েল এবং আধুনিক স্ট্রিমিং সেবার পথও তৈরি করেছেন তিনি।
বর্তমানে স্পটিফাই-এর ৭০ কোটির বেশি সাবস্ক্রাইবারের পাশাপাশি এতে রয়েছে ১০ কোটির বেশি গান, ৭০ লাখ পডকাস্ট ও ৩ লাখ ৫০ হাজার অডিওবুকের বিশাল সংগ্রহ।