Published : 18 Aug 2024, 03:03 PM
তথ্যপ্রযুক্তি খাতে দেশীয় সফটওয়্যারের স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে অভিষেক হল ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)’-এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের।
সোমবার আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে শপথবাক্য পাঠ করান বেসিসের প্রথম সভাপতি এ তৌহিদ।
অভিষেকের পরপরই বেসিস সভাপতি রাসেল টি আহমেদ তার বক্তব্যে বলেন, এই ইন্ডাস্ট্রির টোটাল টার্ন ওভার দুই হাজার কোটি টাকা হলেও এনবিআর বলছে এটি পাঁচ হাজার কোটি টাকা প্রফিট করে এবং এই ইন্ডাস্ট্রির রেভিনিউ ৫০ হাজার কোটি টাকা।।
“এই অসামঞ্জস্যতা দূর হলে আমরা মনে করি এ ইন্ডাস্ট্রির উপর কর আরোপ করতে আইএমএফও আগ্রহ হারাবে। তাই আমরা এ খাতের সম্ভাবনার কথা বিবেচনা করে ২০৩১ সাল পর্যন্ত কর অব্যাহতির দাবি করছি।”
অনুষ্ঠানে প্রধান অতিথি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান তার বক্তব্যে বলেন, কর অব্যাহতি খুব বড় বিষয় নয়, এর চেয়েও বড় চ্যালেঞ্জ আমাদের সামনে।”
“আপনাদের উচিৎ তথ্যপ্রযুক্তি সেক্টরে আমাদের নতুন নীতিমালা কী হওয়া উচিৎ সেটি ঠিক করা। আমরা কয়েক বছর আগে বললাম, বাচ্চাদের কোডিং শেখাতে হবে। সবাই যেন প্রোগ্রামার হতে পারে।” - সালমান এফ রহমান যোগ করেন।
“অথচ এআইয়ের যুগে এখন দেখা যাচ্ছে, যাদের চাকরি সবার আগে চলে যাবে, তারা হচ্ছে কোডার আর প্রোগ্রামার।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু) ও এফবিসিসিআই-এর সভাপতি মো. মাহবুবুল আলম।
অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ, জ্যেষ্ঠ সহ-সভাপতি এম রাশিদুল হাসান, সহ-সভাপতি (প্রশাসন) সৈয়দ মোহাম্মদ কামাল, সহ-সভাপতি (অর্থ) ইকবাল আহমেদ ফখরুল হাসান, বেসিসের নবনির্বাচিত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান সোহেল, দিদারুল আলম, এম আসিফ রহমান, ড. মুহম্মদ রিসালাত সিদ্দীক, মীর শাহরুখ ইসলাম, বিপ্লব ঘোষ রাহুল ও সৈয়দ আব্দুল্লাহ জায়েদ।
এ ছাড়া, অনুষ্ঠানে বেসিসের সাবেক সভাপতি সরওয়ার আলম, রফিকুল ইসলাম রাউলি, বিদায়ী কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সদস্য কোম্পানির প্রতিনিধি, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেসিসের বিদায়ী জ্যৈষ্ঠ সহ-সভাপতি সামিরা জুবেরী হিমিকা।
এর আগে, ৮ মে বেসিসের ২০২৪-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে, সেখান থেকে ১১ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ গঠন করা হয়।