Published : 09 Feb 2026, 05:48 PM
বাজারে আসছে অ্যাপলের আসন্ন আইফোন ১৭ই। দাম না বাড়লেও নতুন এই আইফোনের ভেতরে থাকছে বড় ধরনের আপগ্রেড।
মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, নিজেদের এন্ট্রি-লেভেল বা শুরুর দিকের আইফোনের দাম ৫৯৯ ডলারেই রাখছে অ্যাপল এবং খুব শিগগিরই বাজারে আসছে আইফোন ১৭ই, যার দাম আগের মডেলের মতোই রাখবে কোম্পানিটি।
প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, আইফোন ১৬ই বাজারে আসার প্রায় এক বছর হতে চলেছে। এখন অ্যাপলের সাশ্রয়ী দামের এ স্মার্টফোনটির উত্তরসূরি বা নতুন সংস্করণ আসার সময়ও হয়ে এল।
নতুন সংস্করণের এ বাজেট-ফ্রেন্ডলি আইফোনটিতে থাকছে ‘ম্যাগসেইফ’ চার্জিং সুবিধা ও ‘এ১৯’ চিপ, যা মূলত আইফোন ১৭-এর মূল মডেলে ব্যবহার করেছে কোম্পানিটি।
আইফোন ১৭ই’তে অ্যাপলের নিজস্ব সর্বাধুনিক সেলুলার ও ওয়্যারলেস চিপও ব্যবহৃত হতে পারে।
আইফোন ১৬ই-এর রিভিউতে খুব একটা সন্তুষ্ট হওয়া যায়নি, বিশেষ করে এর ক্যামেরার সীমাবদ্ধতা ও কয়েক মাস পরই আইফোন ১৭ বাজারে আসার কারণে।
তবে এবার একই দাম বা ৫৯৯ ডলারে আইফোন ১৭ই’তে এসব গুরুত্বপূর্ণ আপগ্রেড আনছে অ্যাপল, যা মার্কিন সার্চ জায়ান্ট গুগলের ‘পিক্সেল ১০এ’ স্মার্টফোনের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে।
উদীয়মান অর্থনীতি, যেমন ভারত ও বিভিন্ন করপোরেট বিভিন্ন কোম্পানির কথা মাথায় রেখে ফোনটি আনছে অ্যাপল।
বিদেশের বাজারে অ্যাপলকে এখন অনেক বেশি প্রতিযোগিতার মুখে পড়তে হলেও চীনে আইফোন বিক্রিতে আবার জোয়ার এসেছে।
পাশাপাশি, এশিয়া জুড়ে, বিশেষ করে ভারত ও চীনে আইফোনের ব্যাপক বিক্রির পূর্বাভাস দিচ্ছে কোম্পানিটি।