অনলাইনে ব্যক্তিগত তথ্য মুছতে বড় পদক্ষেপ নিল ক্যালিফোর্নিয়া
অনেক কোম্পানি গোপনে ব্যবহারকারীর অজান্তেই তার তথ্য জমা করে ও পরে তা অন্যের কাছে বিক্রি করে দেয়। টুলটি তাদের সেই কাজে বাধা দেবে।
নতুন এক ফ্রি টুলের কল্যাণে এখন থেকে নিজেদের ব্যক্তিগত তথ্য অনলাইন কেনাবেচার বাজারে বিক্রি হওয়া বন্ধ করতে পারবেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা।
এ বছরের ১ জানুয়ারি থেকে ‘ডিলিট রিকোয়েস্ট অ্যান্ড অপ্ট-আউট প্ল্যাটফর্ম’ বা সংক্ষেপে ‘ড্রপ’ চালু করেছে যুক্তরাষ্ট্রের এ অঙ্গরাজ্যটি।
প্ল্যাটফর্মটির মাধ্যমে ডেটা ব্রোকারদের কাছে নিজেদের সব ধরনের ব্যক্তিগত তথ্য অনলাইন থেকে মুছে ফেলার অনুরোধ জানাতে পারবেন সেখানকার বাসিন্দারা।
প্ল্যাটফর্মটি চালু করেছে ক্যালিফোর্নিয়া প্রাইভেসি প্রটেকশন এজেন্সি বা ‘ক্যাল-প্রাইভেসি’। তারা বলেছে, ড্রপ তাদের ‘প্রথম এ ধরনের কোনো টুল’।
অনেক কোম্পানি গোপনে ব্যবহারকারীর অজান্তেই তার তথ্য জমা করে ও পরে তা অন্যের কাছে বিক্রি করে দেয়। টুলটি তাদের সেই কাজে বাধা দেবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
এ প্রক্রিয়ায় প্রথমে ব্যবহারকারীকে ক্যালিফোর্নিয়ার বাসিন্দা কি না তা যাচাই করতে হবে। এরপর ‘কেবল একটি অনুরোধ পাঠানোর মাধ্যমেই ক্যালিফোর্নিয়ায় নিবন্ধিত প্রতিটি ডেটা ব্রোকারের কাছে নিজের তথ্য মুছে ফেলার নির্দেশ দিতে পারবেন’ ব্যবহারকারী।
অন্যদিকে, এখন থেকে ডেটা ব্রোকারদের জন্য প্রতি বছর নিবন্ধন করা ও ‘ড্রপ’-এর মাধ্যমে আসা তথ্য মুছে ফেলার বিভিন্ন অনুরোধ কার্যকরের বিষয়টি বাধ্যতামূলক করবে ‘ক্যাল-প্রাইভেসি’। এর আওতায় ডেটা ব্রোকারদের এমনটিও জানাতে হবে যে, তারা ঠিক কী ধরনের তথ্য সংগ্রহ ও আদান-প্রদান করছে।
একইসঙ্গে, নিয়ম মেনে চলছে কি না তা যাচাই করতে নিয়মিত অডিট বা পরীক্ষা হবে তাদের। কোনো ডেটা ব্রোকার যদি এসব নিয়ম এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তবে তাদের মোটা অংকের জরিমানা ও শাস্তির মুখে পড়তে হতে পারে।
অনলাইন থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার জন্য এ ধরনের টুল বা ব্যবস্থা চালুর ক্ষেত্রে ক্যালিফোর্নিয়াই যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম অঙ্গরাজ্য।
‘ক্যাল-প্রাইভেসি’ বলেছে, অরিগন, টেক্সাস ও ভারমন্টের পাশাপাশি ক্যালিফোর্নিয়াও এখন সেই চারটি অঙ্গরাজ্যের একটি, যেখানে ডেটা ব্রোকারদের নিবন্ধনের বিষয়টি বাধ্যতামূলক।
সংস্থাটির মতে, চলতি বছরের ১ অগাস্ট থেকে ‘ড্রপ’-এর মাধ্যমে আসা প্রথম তথ্য মোছার বিভিন্ন অনুরোধ কার্যকর শুরু করবে ডেটা ব্রোকাররা।
