Published : 26 Mar 2026, 01:08 PM
ফেইসবুক ও ইনস্টাগ্রামের কনটেন্ট নির্মাতারা এখন থেকে তাদের রিলস ভিডিওতে সরাসরি পণ্য কেনার লিংক যোগ করতে পারবেন। এতে করে ফলোয়ারদের জন্য পছন্দের পণ্য কেনা সহজ হবে ও নির্মাতাদের আয়ের নতুন পথ খুলবে।
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, মেটার বিভিন্ন প্লাটফর্মের কনটেন্ট নির্মাতাদের জন্য ফলোয়ারদের কাছে পণ্য পৌঁছে দেওয়া আরও সহজ করতে এমন পদক্ষেপ এল।
নির্মাতারা সাধারণত ব্র্যান্ড পার্টনারশিপ ও অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে ফেইসবুক ও ইনস্টাগ্রাম থেকে অর্থ আয় করেন, যেখানে পণ্যের বিক্রির ওপর তারা একটি নির্দিষ্ট কমিশন পান।
তবে এতদিন নির্মাতাদের জন্য তাদের ফলোয়ারদের অন্য কোনো প্ল্যাটফর্মে পাঠানোর সুযোগ সীমিত করে রেখেছিল মেটা। ফলে, নির্মাতারা তাদের পছন্দের বা বিজ্ঞাপন পণ্যগুলোর লিংক শেয়ারের জন্য থার্ড পার্টির ‘লিংক ইন বায়ো’ পরিষেবার ওপর নির্ভর করতেন।
এখন মেটা বলেছে, যোগ্য নির্মাতারা একটি রিল ভিডিওতে ৩০টি পর্যন্ত আলাদা পণ্যের লিংক দিতে পারবেন। এ সুবিধাটি ইনস্টাগ্রাম ও ফেইসবুক উভয় প্ল্যাটফর্মেই মিলবে।
তবে ফেইসবুক নির্মাতাদের ক্ষেত্রে সীমাবদ্ধতা হচ্ছে তারা কেবল অ্যামাজনের মতো মার্কেটপ্লেস পার্টনারদের পণ্যই ট্যাগ করতে পারবেন।
এ পরিবর্তনটি লাইফস্টাইল নির্মাতা ও তাদের জন্য বড় এক আশীর্বাদ হতে পারে, যারা ফলোয়ারদের কেনাকাটার ওপর ভিত্তি করে আয় করেন। ফলে মেটার বিভিন্ন অ্যাপ এখন টিকটক ও ইউটিউব শর্টস-এর সমপর্যায়ে চলে এল। এসব প্ল্যাটফর্মে এ সুবিধা আগে থেকেই রয়েছে।
তবে এর ফলে শপিং সংক্রান্ত বিভিন্ন ভিডিও এড়িয়ে যাওয়া দর্শকদের জন্য কঠিন হয়ে পড়বে, যা কিছুটা ঝুঁকিরও। কারণ নির্মাতারা যদি অতিরিক্ত পণ্য প্রচার শুরু করেন তবে দর্শকরা বিরক্ত হতে পারেন।
মেটার জন্য এ পরিবর্তনের বড় সুবিধা হচ্ছে তারা এখন জানতে পারবে তাদের ব্যবহারকারীরা আসলে কী কী পণ্য কিনছেন।
মেটার একজন মুখপাত্র বলেছেন, আপাতত এসব লিংকের মাধ্যমে হওয়া বিক্রি থেকে কোম্পানি কোনো কমিশন বা ভাগ নিচ্ছে না।
তবে এটা ধরে নেওয়া যেতে পারে, এ কেনাকাটা থেকে পাওয়া বিভিন্ন তথ্য মেটা তাদের বিজ্ঞাপনের ব্যবসাকে আরও শক্তিশালী করতে ব্যবহার করবে।