০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

আইফোনের ব্যাটারি কতটা সতেজ, সহজ উপায়ে জেনে নিন

আইফোনের ব্যাটারি প্রত্যাশা অনুসারে কাজ করছে কি না ও একটি সেকেন্ড হ্যান্ড বা পুরনো আইফোন কেনার আগে এর সার্বিক অবস্থা নিশ্চিত হতে এসব তথ্য জানা জরুরি।

আইফোনের ব্যাটারি কতটা সতেজ, সহজ উপায়ে জেনে নিন
ব্যাটারি হেলথ ৮০ শতাংশের নিচে নেমে গেলে ফোনটি সচল থাকলেও আগের চেয়ে দ্রুত চার্জ শেষ হয়ে যাওয়ার বিষয়টি ধরা পড়বে। ছবি: ম্যাগনিফিক

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Sep 2026, 04:38 PM

Updated : 17 Sep 2026, 02:59 AM

নতুন আইফোন কেনার পর স্বাভাবিকভাবেই গ্রাহকরা তা দীর্ঘদিন ব্যবহারের আশা করেন। তবে সব ধরনের রিচার্জএবল ব্যাটারিই ক্ষয়িষ্ণু উপাদান, যা সময়ের সঙ্গে সঙ্গে রাসায়নিকভাবে এর গুণমান ও কার্যসক্ষমতা হারাতে থাকে।

ব্যাটারির ক্ষয় যত বাড়তে থাকে তা তত কম চার্জ ধরে রাখতে পারে, যা দিনশেষে ডিভাইসের দৈনিক ব্যবহারে সরাসরি প্রভাব ফেলে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

আইফোনের ব্যাটারি প্রত্যাশা অনুসারে কাজ করছে কি না, কখন ব্যাটারিটি পাল্টে ফেলা দরকার বা একটি সেকেন্ড হ্যান্ড বা পুরনো আইফোন কেনার আগে এর সার্বিক অবস্থা নিশ্চিত হতে এসব তথ্য জানা জরুরি।

গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে অ্যাপল তাদের ফোনে ‘সাইকেল কাউন্ট’ বা ফোনটি কতবার পূর্ণ চার্জ ও ডিসচার্জ হয়েছে এবং সার্বিক ‘ব্যাটারি হেলথ’ পর্যবেক্ষণের বিল্ট-ইন ফিচার যোগ করেছে।

আইফোনের ব্যাটারির বর্তমান অবস্থা পরীক্ষার নিয়মটি একেবারেই সহজ– 

●    শুরুতেই ডিভাইসের ‘সেটিংস’ অ্যাপটি ওপেন করুন।

●    কিছুটা নিচে স্ক্রল করে ‘ব্যাটারি’ অপশনে ট্যাপ করুন।

●    এরপর ‘ব্যাটারি হেলথ’ সেকশনটিতে ক্লিক করুন। আইফোন ১৩-এর মতো কিছু পুরানো মডেলে অপশনটি ‘ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং’ নামে দেখতে পাবেন।

এই স্ক্রিনে প্রবেশ করলেই নতুন থাকা অবস্থার তুলনায় বর্তমানে ফোনের ব্যাটারি ঠিক কত শতাংশ চার্জ ধরে রাখতে পারছে তার একটি আনুমানিক ধারণা ও ব্যাটারি সংক্রান্ত অন্যান্য দরকারি তথ্য সামনে আসবে।

ব্যাটারি পরিসংখ্যানের মানে কী?

‘ম্যাক্সিমাম ক্যাপাসিটি’র শতকরা হিসাব থেকে আইফোনের ব্যাটারির সার্বিক অবস্থা বোঝা যায়। অ্যাপলের তথ্য অনুসারে, স্বাভাবিক পরিস্থিতিতে ব্যবহারে একটি ব্যাটারি এর ধারণসক্ষমতার প্রায় ৮০ শতাংশ পর্যন্ত ধরে রাখার উপযোগী করে তৈরি হয়।

আইফোন ১৫ ও এর পরবর্তী মডেলগুলোর ক্ষেত্রে এক হাজারটি পূর্ণ চার্জ সাইকেলের ওপর ভিত্তি করে এই হিসাব করা হয়েছে। তবে পুরানো মডেলগুলোতে ৫০০ চার্জ সাইকেলের পরই ব্যাটারির সক্ষমতা কমতে শুরু করে।

ব্যাটারি হেলথ ৮০ শতাংশের নিচে নেমে গেলে ফোনটি সচল থাকলেও আগের চেয়ে দ্রুত চার্জ শেষ হয়ে যাওয়ার বিষয়টি ধরা পড়বে।

কোনো কোনো ক্ষেত্রে ব্যাটারির স্থায়িত্ব অনেক কমে গেলে হঠাৎ ফোন বন্ধ হয়ে যাওয়া ঠেকাতে আইওএস স্বয়ংক্রিয়ভাবে বিশেষ এক পারফর্ম্যান্স ম্যানেজমেন্ট ফিচার চালু করে দেয়। তেমনটি ঘটলে ‘পিক পারফরম্যান্স ক্যাপাবিলিটি’ অপশনের নিচে একটি সতর্কবার্তা দেখা যাবে।

সেখানে যদি কোনো মেসেজ না থাকে তবে বুঝতে হবে ব্যাটারিতে কোনো জটিলতা নেই ও ফোনটি পূর্ণ গতিতেই কাজ করছে।

আইফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখতে ব্যাটারি সেটিংস থেকে ‘অপটিমাইজড ব্যাটারি চার্জিং’ অপশনটি চালু করে রাখা বুদ্ধিমানের কাজ হবে। ফিচারটি সচল থাকলে ফোনটি ব্যবহারকারীর দৈনন্দিন চার্জিং অভ্যাসের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়।

ফলে চার্জ ৮০ শতাংশে পৌঁছানোর পর তা সাময়িকভাবে স্থগিত থাকে ও ফোনটি ব্যবহারের ঠিক কিছুক্ষণ আগে বাকী ১০০ শতাংশ চার্জ পূর্ণ হয়। আইফোন ১৫ ও এর পরবর্তী মডেলগুলোতে ব্যাটারি চার্জের সর্বোচ্চ সীমা বা ‘চার্জ লিমিট’ নির্ধারণ করে দেওয়ার সুযোগ রয়েছে, যা দীর্ঘমেয়াদে ব্যাটারির আয়ু বাড়াতে সহায়তা করে।

আইফোনের ‘সাইকেল কাউন্ট’ দেখার নিয়ম

ব্যবহারকারীর কাছে যদি আইফোন ১৫ বা এর পরবর্তী কোনো নতুন মডেল থাকে তবে খুব সহজেই সেটিংস অ্যাপ থেকে ‘সাইকেল কাউন্ট’ দেখে নিতে পারবেন। এজন্য ‘সেটিংস’-এ গিয়ে ‘ব্যাটারি’ থেকে ‘ব্যাটারি হেলথ’ অপশনে ঢুকে একটু নিচে স্ক্রল করলেই সাইকেল কাউন্টের সংখ্যাটি দেখা যাবে।

ব্যবহারকারীর ডিভাইসটি পুরানো মডেলের হলে অ্যাপল সরাসরি এই হিসাব দেখায় না। সেক্ষেত্রে আইফোনের চার্জ সাইকেল পরীক্ষা করতে ‘কোকোনাট ব্যাটারি’র মতো জনপ্রিয় থার্ড-পার্টি ম্যাক অ্যাপের সাহায্য নিতে হবে।

ডিভাইসের দীর্ঘমেয়াদী আয়ু ও ব্যাটারি কতটা ব্যবহার করেছেন তা বুঝতে সাইকেল কাউন্ট জানা দরকারি। অ্যাপল বলেছে, আইফোন ১৫ ও পরবর্তী মডেলগুলো এক হাজারটি ফুল চার্জ সাইকেল পর্যন্ত তাদের ব্যাটারি হেলথ ধরে রাখতে পারে।

পুরানো মডেলগুলোর ক্ষেত্রে এই সীমা সর্বোচ্চ ৫০০ সাইকেল। বাস্তব ব্যবহারে এক হাজার চার্জ সাইকেল পূর্ণ হতে প্রায় দুই থেকে তিন বছর সময় লাগে।

এখানে মনে রাখা জরুরি, এক সাইকেল বলতে ব্যাটারির সম্পূর্ণ ১০০ শতাংশ সক্ষমতা ব্যয় হওয়াকে বোঝায়। তবে তা একবারে হওয়া জরুরি নয়।

যেমন, আপনি যদি একদিন ব্যাটারির ৫০ শতাংশ ব্যবহার করে ফোনটি রিচার্জ করেন এবং পরদিন আবার ৫০ শতাংশ ব্যবহার করেন তবে তা একটি পূর্ণ চার্জ সাইকেল হিসেবে বিবেচিত হবে।

সাইকেল কাউন্টের এ নির্দিষ্ট সীমায় পৌঁছে যাওয়ার মানে এই নয় যে, ব্যাটারিটি হঠাৎ নষ্ট হয়ে যাবে। এর মানে হচ্ছে, এর ধারণসক্ষমতা কমে আসবে এবং আগের চেয়ে কম সময় ধরে ব্যাকআপ থাকবে।

ব্যবহারকারীর আইফোনের ব্যাটারি হেলথ ৮০ শতাংশের নিচে নেমে চার্জ সাইকেল এক হাজার পেরিয়ে গেলে ফোনটি মসৃণভাবে চালাতে ব্যাটারি পরিবর্তনের কথা ভাবতে পারেন। নির্ভরযোগ্য সেবার জন্য অ্যাপল সাপোর্টের সঙ্গে যোগাযোগ করাই সবচেয়ে ভালো উপায়।