Published : 17 Jul 2026, 10:23 AM
স্যামসাংয়ের আনপ্যাকড ইভেন্টে ফোল্ডএবল ফোন উন্মোচনের আগেই জোর গুঞ্জন শুরু হয়েছে এর নতুন ডিসপ্লে নিয়ে।
ফোল্ডএবল ডিভাইসের স্ক্রিনকে আরও টেকসই ও ভাঁজের অস্বস্তিকর দাগ পুরোপুরি দূর করতে দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি জায়ান্ট এবার নিয়ে আসছে আধুনিক ‘ফ্লেক্স টাইটানিয়াম’ প্রযুক্তি, যার মসৃণতার প্রমাণ এরইমধ্যে মিলেছে সিইএস প্রদর্শনী ও অনলাইনে ফাঁস হওয়া বিভিন্ন ভিডিওতে।
কোম্পানিটি বলেছে, এবার ‘সপ্তম প্রজন্মের ফোল্ডএবল উদ্ভাবন ও প্রকৌশলগত দক্ষতার’ ওপর ভিত্তি করে তারা ফোনটি তৈরি করেছে। ২২ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া স্যামসাংয়ের ‘আনপ্যাকড’ ইভেন্টে ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’ ও ‘ফ্লিপ ৮’ মডেলের সঙ্গে এ নতুন ডিসপ্লে প্রযুক্তির দেখা মিলবে।
নতুন এ ডিসপ্লে প্রযুক্তির জন্য স্যামসাং দুটি বিশেষ উপাদান তৈরি করেছে, যার একটি ‘টাইটানিয়াম অ্যালয় ফিল্ম’, যা ওএলইডি প্যানেলের ঠিক নিচে বসানো থাকবে এবং ডিসপ্লের দৃঢ়তা প্রায় ২০ গুণ করে দেবে।
এর ঠিক নিচে থাকবে টাইটানিয়াম প্লেট, যা ফোনটি যখন খোলা বা আনফোল্ড অবস্থায় থাকবে তখন ডিসপ্লেকে স্থিতিশীল থাকায় সাপোর্ট দেবে। একইসঙ্গে বারবার ভাঁজ করার পরও ফোনের স্ক্রিন যাতে নষ্ট না হয়, সেজন্য প্রয়োজনীয় নমনীয়তা ধরে রাখবে।

আরেকটি হচ্ছে ‘অ্যাডভান্সড হোল প্রসেসিং’ প্রযুক্তি, যার মাধ্যমে এ নতুন টাইটানিয়াম প্লেটটি মডিউল ও আঠার মাঝের ফাঁকা বাতাস পুরোপুরি দূর করবে।
স্যামসাং ডিসপ্লের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কিয়ং-জিন ইউ বলেছেন, টাইটানিয়াম প্লেটের ভাঁজ হওয়ার অংশে থাকা এ ‘মাইক্রো-প্যাটার্নড হোল’ বা অতি ক্ষুদ্র ছিদ্রগুলো একইসঙ্গে ডিসপ্লের ‘নমনীয়তা ও শক্তিশালী স্থায়িত্ব নিশ্চিত করবে’।
স্যামসাংয়ের পরবর্তী প্রজন্মের ডিভাইসগুলোর ডিসপ্লেতে ভাঁজের দাগ বা ক্রিজ কম দেখা যাবে কি না তা নিজের চোখে দেখার জন্য আর কেবল কয়েকটা দিনের অপেক্ষা।
এ বছরের শুরুতে ‘সিইএস’ প্রদর্শনীতে স্যামসাংয়ের ‘সিমলেস’ বা জোড়াহীন ফোল্ডএবল ডিসপ্লের প্রদর্শনী দেখা গিয়েছিল, যেখানে থাকা ডিভাইসটির ঠিক মাঝখানের ভাঁজটি ছিল একদমই অদৃশ্য। এর পাশে দেখানো পুরানো ডিসপ্লে প্রযুক্তির স্যামসাং ফোনটির সঙ্গে তুলনা করলে নতুন ডিসপ্লেটি বেশ চমৎকার দেখায়; কারণ পুরানো মডেলটিতে ভাঁজের দাগটি খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল।
এদিকে, গ্যালাক্সি জেড ফোল্ড ৮ আল্ট্রা দাবি করা একটি ফাঁস হওয়া ভিডিও শনাক্ত করেছে প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম ‘নাইনটুফাইভগুগল’। সেই ভিডিওতেও ডিভাইসটির স্ক্রিনটি মসৃণ দেখা গেছে, যেখানে ভাঁজের কোনো দাগ দৃশ্যমান ছিল না।