১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এবার জিমেইলে এক ক্লিকেই করা যাবে ‘আনসাবস্ক্রাইব’

‘ম্যানেজ সাবস্ক্রিপশন’ টুলে প্রতিটি ইমেইলের পাশে থাকবে ‘ওয়ান ক্লিক আনসাবস্ক্রাইব’ লিংক, যা দিয়ে ব্যবহারকারীরা সহজেই অনাকাঙ্ক্ষিত মেইলের তালিকা থেকে নিজেকে সরিয়ে নিতে পারবেন।

এবার জিমেইলে এক ক্লিকেই করা যাবে ‘আনসাবস্ক্রাইব’
ফিচারটি এরইমধ্যে জিমেইলের ওয়েব ভার্সনে পাওয়া যাচ্ছে। ছবি: গুগল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2025, 05:02 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

জিমেইলে গুরুত্বপূর্ণ আপডেটের ঘোষণা দিয়েছে গুগল। এই আপডেট, ব্যবহারকারীদের মাত্র এক ক্লিকেই ‘ইমেইল সাবস্ক্রিপশন’ থেকে ‘আনসাবস্ক্রাইব’ করার সুযোগ দেবে। 

নতুন এ ফিচারটির লক্ষ্য ইনবক্সে আসা সাবস্ক্রিপশন ভিত্তিক ইমেইলের জট কমানো। এখন থেকে জিমেইল স্বংক্রিয়ভাবে এই ধরনের ইমেইল আলাদা করে সাজাবে।

‘ম্যানেজ সাবস্ক্রিপশন’ টুলে প্রতিটি ইমেইলের পাশে থাকবে ‘ওয়ান ক্লিক আনসাবস্ক্রাইব’ লিংক, যা দিয়ে ব্যবহারকারীরা সহজেই অনাকাঙ্ক্ষিত মেইলের তালিকা থেকে নিজেকে সরিয়ে নিতে পারবেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

গুগলের প্রোডাক্ট ম্যানেজমেন্ট পরিচালক ক্রিস ডোয়ান লিখেছেন, “ইনবক্সে অসংখ্য সাবস্ক্রিপশন মেইল জমে গেলে তা ঠেকানো অসম্ভব বলে মনে হতে পারে।

“বিভিন্ন ডেইলি অ্যালার্ট যা মূলত স্প্যাম ম্যাসেজ, ব্লগ থেকে আসা সাপ্তাহিক নিউজলেটার যা কখনও পড়া হয় না, বিজ্ঞাপন জাতীয় কিছু মেইল যেখানে কখনোই কেনাকাটা করা হয় না এসব মেইল দিয়ে সহজেই ইনবক্স ভরে যায়।

“জিমেইলের নতুন ‘ম্যানেজ সাবস্ক্রিপশন’ এর মাধ্যমে আপনি আপনার ইমেইলগুলো সহজে দেখতে পারবেন, ফলে যেসব মেইল আর দেখতে চান না তা এক জায়গা থেকেই সহজে আনসাবস্ক্রাইব করতে পারবেন।”  

ফিচারটি ইতিমধ্যে জিমেইলের ওয়েব ভার্সনে পাওয়া যাচ্ছে। অ্যান্ড্রয়েড ও আইওএস ভার্সনে এই মাসের শেষের দিকে পাওয়া যাবে।

গুগল ‘স্ক্যাম ইমেইল’ ব্লক করার জন্য নতুন ‘এআই-ভিত্তিক ডিফেন্স’ চালু করছে। কোম্পানিটির মতে এটি ৩৫ শতাংশ ক্ষেত্রে কাজ করে।