১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চীনা স্মার্টফোনের জন্য এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট আনল বাইটড্যান্স

এআই অ্যাসিস্ট্যান্টটি ব্যবহার করে মানুষ কেবল কথা বলেই কনটেন্ট খোঁজা ও টিকিট বুক করার মতো বিভিন্ন কাজ করতে পারবেন।

চীনা স্মার্টফোনের জন্য এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট আনল বাইটড্যান্স
এআই অ্যাসিস্ট্যান্টটি বাইটড্যান্সের জনপ্রিয় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ‘ডাউবাও’-এর মাধ্যমে চলবে। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2025, 04:05 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

চীনা স্মার্টফোনের জন্য নতুন এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট উন্মোচন করেছে শর্ট ভিডিও সাইট টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স।

সোমবার চীনা প্রযুক্তি কোম্পানিটি বলেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত এক ভয়েস-কন্ট্রোল টুল চালু করছে তারা। প্রথমে জেডটিই’র তৈরি স্মার্টফোনে ব্যবহৃত হবে টুলটি। পরে ধীরে ধীরে অন্যান্য কোম্পানির ফোনেও এই প্রযুক্তি যোগ করবে তারা।

এআই অ্যাসিস্ট্যান্টটি বাইটড্যান্সের জনপ্রিয় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ‘ডাউবাও’-এর মাধ্যমে চলবে, যা ব্যবহার করে মানুষ কেবল কথা বলেই কনটেন্ট খোঁজা ও টিকিট বুক করার মতো বিভিন্ন কাজ করতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

টুলটি হুয়াওয়ে ও শাওমির মতো চীনা স্মার্টফোন নির্মাতাদের তৈরি একইরকম এআই ফিচারের সঙ্গে প্রতিযোগিতা করবে। অ্যাপল এখনও চীনে নিজেদের এআই অ্যাসিস্ট্যান্ট ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ চালু করেনি।

তবে চীনা ই কমার্স জায়ান্ট আলিবাবা বলেছে, চীনে বিভিন্ন আইফোনের জন্য এআই ফিচার উন্নয়নে অ্যাপলের সঙ্গে কাজ করবে তারা।

বাইটড্যান্সের এআই ভয়েস টুলটি প্রথমে আসবে জেডটিই-এর নুবিয়া এম১৫৩ স্মার্টফোনে। ফোনটি এখনো চূড়ান্ত নয়। বর্তমানে এটি প্রোটোটাইপ আকারে রয়েছে, যার দাম ৩ হাজার ৪৯৯ ইউয়ান বা প্রায় ৪৯৫ ডলার। খুব সীমিত সংখ্যায় আগাম অর্ডার করা যাচ্ছে ফোনটি।

এ খবর প্রকাশের পর সোমবার জেডটিই-এর শেয়ারের দাম বেড়েছে ১০ শতাংশ, যা গত ২৯ অক্টোবরের পর সবচেয়ে বেশি। তাদের নতুন ফোন নিয়ে আসা সংক্রান্ত খবর এবং ভিয়েতনামে ফাইভজি টুল সরবরাহের জন্য একাধিক বড় চুক্তির কারণে কোম্পানিটির এ শেয়ারের দামে বড় উত্থান হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

বাইটড্যান্স এক বিবৃতিতে বলেছে, কোনো স্মার্টফোন বানানোর পরিকল্পনা নেই তাদের। কেবল নিজেদের এআই ভয়েস অ্যাসিস্ট্যান্টটি বিভিন্ন কোম্পানির ফোনে যোগের জন্য একাধিক স্মার্টফোন নির্মাতার সঙ্গে আলোচনা চলছে।

চীনে কনজিউমার এআই অ্যাপের ক্ষেত্রে শীর্ষস্থানীয় খেলোয়াড় হিসেবে উঠে এসেছে টিকটক ও এর শর্ট ভিডিও অ্যাপের চীনা সংস্করণ ‘ডুয়িন’-এর মালিক কোম্পানিটি, যার প্রধান কারণ তাদের এআই চ্যাটবট ‘ডাউবাও’।

এআই পণ্য ট্র্যাকিং প্ল্যাটফর্ম এআইসিপিবি ডটকম-এর তথ্য অনুসারে, অক্টোবরে ‘ডাউবাও’-এর মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৫.৯ কোটি,যা টেনসেন্টের ‘ইউয়ানবাও’-এর ৭.৩ কোটি ও ডিপসিকের ৭.২ কোটির চেয়ে অনেক বেশি।