১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ইউটিউব ভিডিও নিরাপদে ও আইনি উপায়ে ডাউনলোডের উপায়

অন্যান্য ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের মতো ইউটিউবও সরাসরি ভিডিও ডাউনলোডের অনুমতি দেয় না, ফলে তা করার আইনসিদ্ধ উপায় কেবল একটিই রয়েছে।

ইউটিউব ভিডিও নিরাপদে ও আইনি উপায়ে ডাউনলোডের উপায়
ইউটিউব প্রিমিয়ামের ডাউনলোড ফিচার ব্যবহার করা সহজ ও দ্রুতগতির। ছবি: ম্যাগনিফিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Sep 2026, 01:22 PM

Updated : 17 Sep 2026, 02:57 AM

ইউটিউবের ভিডিও অফলাইনে উপভোগ করার জন্য থার্ড-পার্টি অ্যাপ বা অবৈধ ওয়েবসাইটের ঝুঁকি না নিয়ে প্ল্যাটফর্মটির অফিশিয়াল ফিচার ব্যবহার করাটাই সবচেয়ে নিরাপদ ও আইনসম্মত উপায়।

ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই অ্যাপের ভেতরে ভিডিও সংরক্ষণ করতে পারেন, যা ইন্টারনেট সংযোগ ছাড়াই যে কোনো সময় দেখার সুবিধা দেয় বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

স্পন্সর্ড অংশ এড়িয়ে যাওয়ার জন্য ‘জাম্প এড’ বা মন্তব্য দেখার সুবিধার্থে টাইমস্ট্যাম্প ফ্ল্যাশিংয়ের মতো দারুণ সব ফিচার আনছে ইউটিউব। তবে অন্যান্য ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের মতো ইউটিউবও সরাসরি ভিডিও পুরোপুরি ডাউনলোডের অনুমতি দেয় না, ফলে তা করার আইনি উপায় কেবল একটিই রয়েছে।

‘ইউটিউব প্রিমিয়াম’ চালুর মাধ্যমে ভিডিও ডাউনলোডের সুবিধার প্রতিশ্রুতি দেওয়া হলেও সেই সুবিধার সঙ্গে বড় শর্ত জুড়ে দিয়েছে ইউটিউব।

ডাউনলোডের সুবিধাটি ইউটিউব প্রিমিয়ামে দীর্ঘদিন ধরেই রয়েছে। তবে একসময় তা কেবল মোবাইল সংস্করণের জন্যই সীমিত ছিল। ২০২০ সালে কম্পিউটারে ভিডিও ডাউনলোড ফিচারটি পরীক্ষার পর এখন বিভিন্ন প্ল্যাটফর্মেই তা পাওয়া যাচ্ছে।

তবে কমেন্ট্রি বা রিঅ্যাকশন চ্যানেলের মতো সৃজনশীল কাজের জন্য যারা ভিডিও এডিট করতে চান তারা এটা ব্যবহার করতে পারবেন না। কারণ এ উপায়ে ডাউনলোড করা ভিডিওগুলো কেবল অ্যাপের ভেতরেই ব্যবহার করা যায়।

ইউটিউব প্রিমিয়ামের মাধ্যমে প্ল্যাটফর্মের নিয়ম মেনে সম্পূর্ণ আইনসম্মত উপায়ে অফলাইনে দেখার জন্য ভিডিও ডাউনলোডের পদ্ধতি এইরকম–

ইউটিউব প্রিমিয়ামে যেভাবে ভিডিও ডাউনলোড করবেন

ইউটিউব প্রিমিয়ামের ডাউনলোড ফিচার ব্যবহার করা সহজ ও দ্রুতগতির। ইউটিউব প্রিমিয়াম বা ইউটিউব প্রিমিয়াম লাইট উভয় মাধ্যম দিয়েই প্রায় যে কোনো ভিডিও ডাউনলোড সম্ভব।

মোবাইল ও ডেস্কটপ উভয় প্ল্যাটফর্মেই প্রক্রিয়াটি একই। প্রথমে ভিডিওর নিচে থাকা লাইক, ডিসলাইক ও শেয়ার বাটনের ডানপাশে থাকা তিনটি বিন্দুতে ক্লিক করুন। এরপর ‘ডাউনলোড’ অপশনটি সিলেক্ট করলেই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে।

ইউটিউব প্রিমিয়ামের মাধ্যমে কোনো ভিডিও ডাউনলোড করলে তা সরাসরি ব্যবহারকারীর অ্যাকাউন্টের ‘ডাউনলোডস’ সেকশনে চলে যায়। ডেস্কটপের ক্ষেত্রে তা বামদিকের মেনুতে ও মোবাইলের ক্ষেত্রে লাইব্রেরি সেকশনের নিচে পাওয়া যাবে।

এখানে ব্যবহারকারীর ডাউনলোড করা ভিডিও সম্পূর্ণ ইন-অ্যাপ থাকে, যার মানে ব্যবহারকারী ডিভাইসে সরাসরি কোনো ভিডিও ফাইল পাবেন না। এ ছাড়া, একই অ্যাকাউন্ট ব্যবহার করলেও বিভিন্ন ডিভাইসে ডাউনলোডগুলো স্বয়ংক্রিয়ভাবে সিংক হয় না।

যেমন, মোবাইলে ডাউনলোড করা কোনো ভিডিও ডেস্কটপে স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে না। ২০১৮ সালে ডিভাইসগুলোর মধ্যে ডাউনলোড সিংক করার উপায় ইউটিউব পরীক্ষা করেছিল। তবে তা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।

ইউটিউব প্রিমিয়ামের সীমাবদ্ধতা ও বিকল্পের অভাব

অফলাইনে ভিডিও দেখার সুবিধা দিলেও ইউটিউবের ডাউনলোড ফিচারটি ভিডিও ডাউনলোডের ক্ষেত্রে সম্পূর্ণ আদর্শ নয়। সাবস্ক্রিপশন বাতিল হলে যেমন ডাউনলোড করা ভিডিওগুলো হারিয়ে যায়, তেমনই এগুলো কেবল ২৯ দিন পর্যন্ত অফলাইনে রাখা যায়।

এরপর টাইমার আবার চালু করতে ও ভিডিওগুলো পুনরায় অফলাইন উপযোগী করতে ডিভাইসটিকে ইন্টারনেটে সংযোগ করতে হয়। তবে বেশিরভাগ ব্যবহারকারীই সবসময় ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকেন।

এরপরও এর সবচেয়ে বড় নেতিবাচক দিক হচ্ছে এসব ভিডিও অ্যাপের বাইরে নিয়ে যাওয়া যায় না। ব্যবহারকারী এমন কোনো ভিডিও ফাইল পান না, যা এডিট করা যায় বা অন্য ডিভাইসে পাঠানো যায়, কেবল অফলাইনে দেখার সুযোগটুকুই মেলে।

এ ছাড়া, ইউটিউব ভিডিও ডাউনলোডের বিকল্প উপায়ও বেশ সীমিত। অনলাইনে এমন কিছু ইউটিউব ভিডিও ডাউনলোডার রয়েছে, যেখানে লিংক দিলেই ডাউনলোডযোগ্য ফাইল মেলে। তবে এর বেশিরভাগই অ্যাডওয়্যার ও স্পাইওয়্যারে ভরা থাকে।

এর মাধ্যমে গুগলের প্ল্যাটফর্মের নিয়মও লঙ্ঘন করা হয়, যা সম্পূর্ণ নিষিদ্ধ। অতীতে অনুদানের ওপর ভিত্তি করে পরিচালিত কিছু স্পাইওয়্যারমুক্ত সাইট থাকলেও গুগল তার বেশিরভাগই বন্ধ করে দিয়েছে এবং বাকি থাকা সন্দেহজনক সাইটগুলোতে প্রবেশ না করাই শ্রেয়।

ইউটিউবের ‘টার্মস অফ সার্ভিস’-এর নিয়ম অনুসারে, স্বত্বাধিকারী, ইউটিউব বা প্রযোজ্য আইনের অনুমতি ছাড়া এ ধরনের ডাউনলোড বা ভিডিওর স্ক্রিন রেকর্ডিং করা সম্পূর্ণ নিষিদ্ধ।