Published : 26 Feb 2026, 07:21 PM
বহুল প্রতীক্ষিত আনপ্যাকড ইভেন্টে নতুন গ্যালাক্সি এস২৬ সিরিজ, গ্যালাক্সি বাডস ৪, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই’সহ আরও কিছু পণ্য উন্মোচন করেছে স্যামসাং। নিজেদের প্রিমিয়াম এস২৬ আল্ট্রা মডেলে বিশ্বের প্রথম প্রাইভেসি ডিসপ্লে এনেছে কোম্পানিটি।
প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’ একেবারে দোরগোড়ায় থাকলেও নিজেদের প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এক ধাপ এগিয়ে থেকে বুধবার নিজেদের প্রথম ‘আনপ্যাকড’ ইভেন্ট আয়োজন করেছে দক্ষিণ কোরিয়ার এই ইলেকট্রনিক্স জায়ান্ট ।
স্যান ফ্রান্সিসকোর প্যালেস অফ ফাইন আর্টসে আয়োজিত এ অনুষ্ঠানে কোম্পানিটি তাদের নতুন গ্যালাক্সি এস২৬ সিরিজ উন্মোচন করেছে, যেখানে রয়েছে মূল ‘এস২৬’-এর পাশাপাশি ‘এস২৬ প্লাস’ ও ‘প্রিমিয়াম এস২৬ আল্ট্রা’ নামের আরও দুটি স্মার্টফোন।
স্মার্টফোনের পাশাপাশি নতুন ইয়ারবাড ‘গ্যালাক্সি বাডস ৪’ এবং এর সঙ্গে প্রত্যাশিত কিছু এআই আপডেট ঘোষণা করেছে কোম্পানিটি। স্যামসাংয়ের উন্মোচিত সবকটি ডিভাইসই বৃহস্পতিবার থেকে প্রি-অর্ডার নেওয়া শুরু হয়েছে। আনপ্যাকড ইভেন্টে স্যামসাং যা যা ঘোষণা করেছে তা এক নজরে দেখে নেওয়া যাক–
গ্যালাক্সি ‘এস২৬’, ‘এস২৬ প্লাস’
নতুন বছর স্যামসাংয়ের নতুন ফোন। ‘এস২৬’ ও ‘এস২৬ প্লাস’ দুটি ফোনের দামই গত বছরের তুলনায় ১০০ ডলার করে বেড়েছে। সম্ভবত র্যাম সংকটের কারণে দাম কমানো সম্ভব হয়নি। ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের জন্য এস২৬-এর দাম শুরু হচ্ছে ৯০০ ডলার থেকে এবং এস২৬ প্লাস-এর দাম ১ হাজার ১০০ ডলার।
স্যামসাং এবার ডিজাইনে কিছুটা পরিবর্তন এনেছে। ফোন দুটির কোণাগুলো কিছুটা ‘রাউন্ড’ বা বৃত্তাকার করেছে কোম্পানিটি, যাতে এগুলো দেখতে অনেকটা ‘এস২৬ আল্ট্রা’র মতো লাগে। মূল এস২৬ মডেলের ডিসপ্লে এস২৫-এর তুলনায় কিছুটা বাড়িয়ে ৬.৩ ইঞ্চি করেছে।
তবে এস২৬ প্লাস-এ আগের মতোই ৬.৭ ইঞ্চি স্ক্রিন থাকছে। তবে এর রেজুলিউশন এস২৬-এর চেয়ে বেশি। এ ছাড়া এবার এ২৬-এ ব্যাটারি সক্ষমতা বেড়ে ৪ হাজার ৩০০ এমএএইচ হয়েছে।
উত্তর আমেরিকা, চীন ও জাপানের বাজারে নিজস্ব ‘এক্সিনোস ২৬০০’ প্রসেসরের বদলে কোয়ালকম চিপ ব্যবহার করছে স্যামসাং। ফলে এসব দেশের গ্রাহকরা এস২৬ বা এস২৬ প্লাস ফোনে পাবেন শক্তিশালী ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫’ চিপসেট।
এসব ফোনের ক্যামেরার হার্ডওয়্যার গত বছরের মতোই তবে সফটওয়্যার ও প্রসেসিংয়ে বড় উন্নতি এসেছে। এতে থাকছে ‘প্রোস্কেলার ইমেজ আপস্কেলিং’ ও একটি ‘এমডিএনআইই’ চিপ, যা ছবির রঙের সঠিকতা বাড়াবে।
ভিডিওর জন্য থাকছে নতুন স্ট্যাবিলাইজেশন ফিচার, যা চলন্ত মানুষ বা পোষা প্রাণীর ভিডিও করার সময় দিগন্ত বা হরাইজন লেভেল ঠিক রাখবে। নতুন ‘অবজেক্ট অ্যাওয়ার ইঞ্জিন’ সেলফিতে ত্বকের রং ও চুলের টেক্সচার আরও নিখুঁতভাবে ফুটিয়ে তুলবে।
নিজেদের বিভিন্ন এআই ফিচারকেও উন্নত করেছে কোম্পানিটি। যেমন, ‘নাও ব্রিফ’ ও ‘অটো ইরেজার’ এখন আগের চেয়ে অনেক বেশি অ্যাপে কাজ করবে।
এস২৬ ও এস২৬৬ প্লাস-এর প্রি-অর্ডার আজ থেকেই শুরু হয়েছে এবং বাজারে পাওয়া যাবে ১১ মার্চ থেকে। এসব ফোন বেগুনি, নীল, কালো, সাদা, সিলভার ও রোজ গোল্ড রঙে মিলবে। তবে শেষ দুটি রং সিলভার ও রোজ গোল্ড কেবল অনলাইনে অর্ডার করা যাবে।

গ্যালাক্সি এস২৬ আল্ট্রা
আগের দুটি ফোনের মতোই গ্যালাক্সি এস২৬ আল্ট্রা একই রঙে ও একই দিনে বা ১১ মার্চ বাজারে আসবে। এর দাম শুরু হচ্ছে ১ হাজার ৩০০ ডলার থেকে। সুখবর হচ্ছে এস২৬ আল্ট্রার তুলনায় এর দাম বাড়ানো হয়নি। এর প্রি-অর্ডারও আজ থেকে শুরু হয়েছে।
এ ফোনে রয়েছে ৬.৯ ইঞ্চির বিশাল অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলিউশন ৩১২০ বাই ১৪৪০ কিউএইচডি প্লাস ও রিফ্রেশ রেট ১২০ হার্টজ। তবে এ ডিসপ্লের ভেতরেই লুকিয়ে আছে এস২৬ আল্ট্রার বাজির ঘোড়া।
এ ফোনে রয়েছে ‘প্রাইভেসি ডিসপ্লে’, যা স্মার্টফোনের জগতে প্রথম বলে দাবি স্যামসাংয়ের। এর মূল কাজ ব্যবহারকারীর পাশের মানুষ যেন বাঁকা কোণ থেকে কারো স্ক্রিনে কী আছে তা দেখতে না পারে। ফিচারটি চালু থাকলে স্ক্রিনের উজ্জ্বলতা বা ব্রাইটনেস কিছুটা কমে যায়, তবে এতে কাস্টমাইজের অনেক অপশন রয়েছে।
ব্যবহারকারী চাইলে এমনভাবে সেট করতে পারেন, যেখানে আপনি যখনই পাসওয়ার্ড বা পিন টাইপ করবেন বা কোনো নোটিফিকেশন আসবে বা নির্দিষ্ট কোনো অ্যাপ খুলবেন তখনই এ ‘প্রাইভেসি ডিসপ্লে’ নিজে থেকেই চালু হয়ে যাবে।
অন্যান্য ফিচারের মধ্যে এস২৬ আল্ট্রাতেও সিরিজের অন্যান্য ফোনের মতো একই প্রসেসর ব্যবহৃত হয়েছে। এতে ১২ জিবি বা ১৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি থেকে ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ সুবিধা মিলবে।
এ ফোনের ব্যাটারি অন্যান্য মডেলের চেয়ে বড় ৫ হাজার এমএএইচ। এর সঙ্গে আছে ‘সুপার ফাস্ট চার্জিং ৩.০’। তবে ২০২৬ সালে এসেও স্যামসাং এই সিরিজে ইন-বিল্ট ‘কিউআই২ চার্জিং ম্যাগনেট’ বা ম্যাগনেটিক চার্জিং যোগ করেনি। বিষয়টিকে বড় খামতি হিসেবে দেখা হচ্ছে।
এর সেলফি ক্যামেরা এস২৬ ও এস২৬ প্লাস-এর মতোই। পেছনের ক্যামেরায় আছে ২০০ মেগাপিক্সেল মেইন লেন্স, ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ও দুটি টেলিফটো লেন্স (১০ মেগাপিক্সেল ৩ গুণ জুম ও ৫০ মেগাপিক্সেল ৫ গুণ জুম)।
এর ক্যামেরার রেজুলিউশন এস২৫ আল্ট্রার মতো থাকলেও মূল ও ৫ গুণ জুম লেন্সের অ্যাপারচার এবার আরও বড় করেছে স্যামসাং, যাতে কম আলোতেও বেশি আলো প্রবেশ করতে পারে ও ছবি ভালো আসে। এ সিরিজের ফোনেও এআই ফিচার থাকছে।

‘গ্যালাক্সি বাডস’ ৪ ও ‘বাডস ৪ প্রো’
এ বছর গ্যালাক্সি এস২৬ সিরিজের ফোনে খুব বড় কোনো পরিবর্তন না এলেও নিজেদের ইয়ারবাড সিরিজে উন্নতমানের পরিবর্তন এনেছে স্যামসাং। ‘গ্যালাক্সি বাডস ৪’ ও ‘বাডস ৪ প্রো’-এর ডিজাইনেও বড় পরিবর্তন এসেছে। আগের ‘কৌণিক’ চেহারা এবং স্টেম বা ডাঁটির লাইটগুলো সরিয়ে ফেলেছে কোম্পানিটি।
স্যামসাংয়ের মতে, তাদের নতুন ইয়ারবাডগুলো গাণিতিক হিসাব-নিকাশের মাধ্যমে এমনভাবে ডিজাইন হয়েছে যাতে এগুলো কানে আরও নিখুঁতভাবে আটকে থাকবে।
কোম্পানিটির দাবি, ইয়ারবাডের ওপরের অংশটি আবার আগের চেয়ে ছোট, যা সারা দিন ব্যবহারেও বেশ আরামদায়ক অভিজ্ঞতা দেবে। গ্যালাক্সি বাডস ৪ আগের মতোই ‘ওপেন ফিট’ ডিজাইনের বা কানের ভেতরে ঢুকিয়ে দিতে হয় না, আর বাডস ৪ প্রো পাওয়া যাবে ‘ক্যানাল ফিট’ ডিজাইনে, যা কানের মধ্যে শক্তভাবে আটকে থাকবে।
নতুন এসব ইয়ারবাডে উন্নত অডিও কোয়ালিটি ও ‘অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন’ ব্যবহারের সুবিধা রয়েছে। এতে ‘অ্যাম্বিয়েন্ট সাউন্ড মোড’, ‘অ্যাডাপ্টিভ ইকিউ’ ও ‘অ্যাডাপ্টিভ এএনসি’ ফিচার থাকছে। বিশেষ করে বাডস ৪ প্রো’তে ‘সাইরেন ডিটেকশন’ ফিচার যোগ করেছে কোম্পানিটি, যা কোনো অ্যালার্ম বা জরুরি যানের সাইরেন বাজলে স্বয়ংক্রিয়ভাবে বাইরের শব্দ শোনার ব্যবস্থা করে দেবে।
স্যামসাং বলেছে, বাডস ৪ প্রো’তে বড় আকারের উফার ব্যবহার করেছে তারা, যা গত বছরের তুলনায় স্পিকারের কার্যকারিতা প্রায় ২০ শতাংশ বাড়িয়েছে। এটি ২৪বিট অডিও সাপোর্ট করে।
এসব ইয়ারবাড গ্যালাক্সি ডিভাইসের সঙ্গে ব্যবহার করলে কোনো বোতাম না চেপেই কেবল ভয়েস কমান্ডের মাধ্যমে ‘বিক্সবি’, ‘গুগল জেমিনাই’ ও ‘পারপ্লেক্সিটি’ ব্যবহার করা যাবে। তবে পারপ্লেক্সিটির জন্য ‘হেই প্লেক্স’ কমান্ডটি দিতে হবে। বাডস ৪ প্রো’তে মাথার গতিবিধি দিয়ে কল রিসিভ বা বিক্সবি নিয়ন্ত্রণের সুবিধাও থাকছে।
এস২৬ ফোনের মতোই এসব ইয়ারবাড প্রি-অর্ডার শুরু হয়েছে এবং বাজারে পাওয়া যাবে ১১ মার্চ থেকে। গ্যালাক্সি বাডস ৪-এর দাম ১৮০ ডলার ও বাডস ৪ প্রো-এর দাম ২৫০ ডলার। দুটি মডেলই ম্যাট ফিনিশ সাদা ও কালো রঙে পাওয়া যাবে। বাডস ৪ প্রো-এর গোলাপি সংস্করণ কেবল অনলাইনে মিলবে।
অ্যান্ড্রয়েড এআই ফিচার
‘আনপ্যাকড’ ইভেন্টের আগেই স্যামসাং বলেছিল, গ্যালাক্সি এস২৬ সিরিজের ফোনে ‘গ্যালাক্সি এআই’ এজেন্ট হিসেবে পারপ্লেক্সিটি ব্যবহারের সুযোগ দেবে তারা। এ আপডেটের অংশ হিসেবে এস২৬ সিরিজের ফোনগুলো ‘হেই প্লেক্স’ বললেই সাড়া দেবে এবং স্যামসাং ব্রাউজার অ্যাপের ভেতরেই পারপ্লেক্সিটির বিভিন্ন ফিচার যোগ থাকবে।
এ ছাড়া কোম্পানিটি তাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বিক্সবি’কেও উন্নত করেছে, যাতে তা মানুষের মতো আরও স্বাভাবিকভাবে কথা বলতে পারে। স্যামসাংয়ের পাশাপাশি গুগলও এ ইভেন্টে অ্যান্ড্রয়েডের নতুন কিছু এআই ফিচারের ঘোষণা দিয়েছে, যা স্বাভাবিকভাবেই এস২৬ ডিভাইসে পাওয়া যাবে।