‘রিলস’ নামের আওতায় চলে যাচ্ছে ফেইসবুকের সব ভিডিও
পরিবর্তনগুলো আগামী কয়েকমাসে ধীরে ধীরে কার্যকর হবে, তাই ব্যবহারকারীরা নতুন ফর্ম্যাটের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার জন্য কিছুটা সময় পাবে।
ফেইসবুক অ্যাপে পরিচিত ‘ভিডিও’ অংশটিতে পরিবর্তন আনতে যাচ্ছে মেটা। এখন থেকে এ অংশে ‘রিলস’ অপশন দেখা যাবে। কোম্পানিটি বলছে সোশাল নেটওয়ার্কটির সব ভিডিও এখন ‘রিলস’-এর আওতায় আসবে, তা যত দীর্ঘই হোক না কেন।
মেটার বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক সাইট এনগেজেট বলছে, এই পরিবর্তন ব্যবহারকারী এবং নির্মাতাদের জন্য প্ল্যাটফর্মটিতে ভিডিও ক্লিপ শেয়ার করা সহজ করে তুলবে। আগে ব্যবহারকারীদের সিদ্ধান্ত নিতে হত তারা কি একটি নির্দিষ্ট ভিডিওকে ‘রিল’ (ছোট ক্লিপ) হিসেবে দেখাতে চান নাকি একটি ‘ভিডিও’। এখন আর তা করতে হবে না।
একসময় রিলগুলো এক মিনিট বা তার কম সময়ের ছোট ভিডিওর জন্য তৈরি করা হলেও, মেটা ধীরে ধীরে এই ফরম্যাটটির আওতা বাড়াচ্ছিল। ইনস্টাগ্রামে রিল এখন তিন মিনিট পর্যন্ত দীর্ঘ হতে পারে। ফেইসবুকে ‘রিল’ কত দীর্ঘ হতে পারে তার কোনো নির্দিষ্ট সময়সীমা থাকবে না।
মেটা এক ব্যাখ্যায় বলেছে, ‘‘আপনি যে কোনো দৈর্ঘ্যের রিল তৈরি এবং শেয়ার করতে পারবেন, তা ৩০ সেকেন্ডের ক্লিপ ভার্টিকাল বা উল্লম্ব হোক অথবা ২০ মিনিটের হরাইজন্টাল বা ভূসমান্তরাল।’’
ফেইসবুকে এই পরিবর্তন কিছুটা বিভ্রান্তিকর হতে পারে কারণ, বেশিরভাগ মানুষ ‘রিল’-কে ছোট ক্লিপ হিসেবে দেখে অভ্যস্ত। এটি ইনস্টাগ্রামের ভিডিও যেভাবে কাজ করে তার চেয়েও ভিন্ন।
এটি প্রাইভেসির দৃষ্টিকোণ থেকেও প্রশ্ন তুলতে পারে কারণ রিলগুলো সাধারণত পাবলিক পোস্ট হয়, যদিও অনেক ফেইসবুক ব্যবহারকারী এমন ভিডিও আপলোড করেন যা তারা কেবল তাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চান।
এ বিষয়ে মেটা বলছে, পরিবর্তনটি কার্যকর হওয়ার পর ব্যবহারকারীদের তাদের প্রাইভেসি সেটিং আবার দেখার জন্য অনুরোধ করবে মেটা যাতে তাদের ক্লিপ কেবল নির্ধারিত ব্যক্তিদের কাছে পৌঁছায়।
মেটা উল্লেখ করেছে, পরিবর্তনগুলো আগামী কয়েকমাসে ধীরে ধীরে কার্যকর হবে, তাই ব্যবহারকারীরা নতুন ফরম্যাটের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য কিছুটা সময় পাবেন।
