০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

লোগো বদলে বিপাকে ইনস্টাগ্রাম, প্রশ্ন অস্পষ্টতা নিয়ে

অ্যাপটিতে এতদিন ব্যবহৃত পেঁচানো অক্ষরের ‘ওয়ার্ডমার্ক’ লোগোটি বদলে অপেক্ষাকৃত বেশ গোলাকার নতুন ডিজাইনের লোগো উন্মোচন করেছে ইনস্টাগ্রাম।

লোগো বদলে বিপাকে ইনস্টাগ্রাম, প্রশ্ন অস্পষ্টতা নিয়ে
ইনস্টাগ্রামের নতুন ও পুরোনো লোগো পাশাপাশি। ছবি: মেটা

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2026, 03:41 PM

Updated : 19 Sep 2026, 02:31 PM

এক দশকের পুরানো লোগো বদলে নতুন চেহারায় সামনে এসেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট প্রতিবেদনে লিখেছে, আধুনিক ও স্পষ্ট রূপ দেওয়ার দাবি করা হলেও নতুন ডিজাইনের অক্ষরের অস্পষ্টতা নিয়ে এরইমধ্যে নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল সমালোচনা ও বিতর্ক।

অ্যাপটিতে এতদিন ব্যবহৃত পেঁচানো অক্ষরের ‘ওয়ার্ডমার্ক’ লোগোটি বদলে অপেক্ষাকৃত বেশ গোলাকার নতুন ডিজাইনের লোগো উন্মোচন করেছে ইনস্টাগ্রাম।

নতুন এ নকশা উন্মোচন করে ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি বলেছেন, “আমরা আজ ইনস্টাগ্রামের ওয়ার্ডমার্ক লোগোটি আপডেট করেছি, যা এক দশকেরও বেশি পুরানো হয়ে পড়েছিল এবং দেখতে কিছুটা সেকেলে লাগছিল।

“আমাদের মনে হয়েছে নতুন রূপটি আগের চেয়ে বেশি দৃষ্টিনন্দন ও আধুনিক। তবে এতে মূল লোগোর ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি সেই সরলতা ও নান্দনিকতা ধরে রাখা হয়েছে, যা সবসময়ই ইনস্টাগ্রামের পরিচয় বহন করে।”

তবে, লোগোটি চালুর পর থেকেই অনলাইনে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

ব্যবহারকারীদের একাংশের দাবি, নতুন ডিজাইনের কারণে লেখাটি অস্পষ্ট হয়ে পড়েছে এবং মনে হচ্ছে অ্যাপটির নাম বদলে রাখা হয়েছে ‘ইনস্টাগজ্যাম’।

মোসেরির এ ঘোষণার পর কমেন্ট বক্সে ব্যবহারকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, নতুন লোগোয় ‘জি’ অক্ষরটি দেখতে এমনভাবে তৈরি করা হয়েছে যেন মনে হচ্ছে মাঝখানে একটি ‘জেড’ যোগ করা হয়েছে।

একইসঙ্গে মেটার বর্তমান কাজের অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তুলে সমালোচনায় মুখর হয়েছেন অনেকে। তারা বলছেন, ব্যবহারকারীরা যা চান তা উপেক্ষা করে অপ্রয়োজনীয় পরিবর্তনের দিকে নজর দিচ্ছে কোম্পানিটি।

আড়াই হাজারেরও বেশি ‘লাইক’ পাওয়া এক মন্তব্যে একজন ব্যবহারকারী লিখেছেন, “মেটা ব্যবহারকারীদের মূল চাহিদাকে উপেক্ষা করে কীভাবে আবারও এমন কাজ করল, যা কেউ কখনোই তাদের কাছে চায়নি। আজকের পর্ব তারই নতুন উদাহরণ…”

অ্যালগরিদম পরিবর্তনের কারণে ইনস্টাগ্রামের ফিডে এখন ফলোয়ারদের চেয়ে অন্য সোর্সের কনটেন্ট বেশি দেখানোর দিকে ইঙ্গিত করে আরেক ব্যবহারকারী লিখেছেন, “হ্যাঁ, বুঝলাম! তবে আমরা খালি চাই আমাদের ফলোয়াররা যেন আমাদের কনটেন্ট দেখতে পায় এবং আমাদের মনিটাইজেশন ফিরিয়ে দেওয়া হয়। এই লোগো নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই।”

আলাদা এক পোস্টে ইনস্টাগ্রামের ডিজাইন টিম বলেছে, প্রস্তুত করা ‘শত শত’ সংস্করণের মধ্য থেকে নতুন ডিজাইনটি বেছে নেওয়া হয়েছে। এ পরিবর্তনের সঙ্গে যোগ হয়েছে নতুন ও আপডেট করা ফন্ট এবং হাতে লেখার শৈলীর একটি নতুন টাইপফেইস।

“নতুন এক ওয়ার্ডমার্ক ও ব্র্যান্ড সিস্টেমের মাধ্যমে আমরা ইনস্টাগ্রামে নতুন অধ্যায়ের সূচনা করছি, যা আমাদের সৃজনশীল উৎসের সেই হাতে গড়া নান্দনিকতাকে প্রতিফলিত করছে।

“আমাদের ডিজাইন টিম প্রতিটির বাক, লিগেচার ও অক্ষরের মধ্যবর্তী দূরত্বের ওপর নিখুঁত নজর দিয়ে শত শত বার পর্যালোচনার পর এই নতুন রূপ চূড়ান্ত করেছে।

“এ সংস্কার কাজ পুরো ব্র্যান্ড সিস্টেমের ফন্ট, মোশন, রং ও অন্যান্য উপাদানেও বাড়ানো হয়েছে, যার মূল উদ্দেশ্য আমাদের ব্যবহারকারী কমিউনিটির অসীম সৃজনশীলতাকে ফুটিয়ে তোলা।”

তবে এ আপডেট পুরো অ্যাপজুড়ে বা মোবাইলের স্ক্রিনে থাকা ইনস্টাগ্রাম আইকনের মূল লোগোটিতে কোনো পরিবর্তন আনেনি। সূর্যাস্তের রঙে রাঙানো এ সমতল বা ফ্ল্যাট চেহারার আইকনটি প্রায় এক দশক আগে চালু হয়েছিল।

ওই সময় ইনস্টাগ্রাম তাদের পুরানো বাস্তবধর্মী পোলারয়েড ক্যামেরার ছবি বদলে নতুন লোগো নিয়েছিল। মোবাইল অ্যাপের ওই মূল আইকনটি ভবিষ্যতে পরিবর্তন করা হবে কি না সে বিষয়ে মেটা এখনো কোনো ইঙ্গিত দেয়নি।

ডিজাইন টিমের দীর্ঘ এক ব্লগ পোস্টে বলা হয়েছে, “সানসেট গ্রেডিয়েন্ট আমাদের ব্র্যান্ডের একটি মূল অংশ হিসেবে বহাল থাকলেও এখন থেকে অ্যাপের মোশন, লেআউট ও ইউআইতে তা আরও সূক্ষ্ম ও মার্জিতভাবে ব্যবহার করতে দেখা যাবে।”