Published : 19 Oct 2025, 07:10 PM
ফেইসবুক ব্যবহারকারীদের জন্য নতুন এক ফিচার চালু করেছে মেটা। এখন থেকে ব্যবহারকারীর ফোনের ফটো লাইব্রেরি স্ক্যান করে এআইয়ের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে কোলাজ তৈরি ও ছবি এডিট করবে ফেইসবুক। ফিচারটি বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডায় চালু হয়েছে।
মেটা পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু করেছিল চলতি বছরের শুরুতে। এটি অপ্ট-ইন ফিচার অর্থাৎ ব্যবহারকারীরা চাইলে সক্রিয় করতে পারবেন, না চাইলে বন্ধ রাখতে পারবেন।
তবে ব্যবহারকারীরা যদি এআই টুলের মাধ্যমে ছবি সম্পাদনা বা শেয়ার করেন তাহলে সেই মিডিয়া মেটার এআই মডেল প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হতে পারে।
মেটার নতুন ফিচারের উদ্দেশ্য হলো ব্যবহারকারীদের ফটো লাইব্রেরিতে থাকা গুরুত্বপূর্ণ ছবিগুলোকে নতুনভাবে উপস্থাপন করা। ব্যবহারকারীর অনুমতি পাওয়ার পর ফেইসবুকের এআই সিস্টেম তাদের ফোনের ছবিগুলো স্ক্যান করে সাজেশন দেবে- যেমন কোনো ভ্রমণের কোলাজ, গ্র্যাজুয়েশন পার্টির রিক্যাপ অথবা কিছু ছবির আকর্ষণীয় এডিট করা সংস্করণ।
প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, ফিচারটি মেটার জন্য আরও বেশি এআই ট্রেইনিং ডেটা সংগ্রহের একটি সুযোগ তৈরি করতে পারে। যদিও কোম্পানিটি বলেছে, ব্যবহারকারীর ক্যামেরা রোল থেকে ডেটা ব্যবহার করা হবে না যদি না ব্যবহারকারী সেই ছবি এআই দিয়ে সম্পাদনা বা শেয়ার করেন।
মেটা আরও বলেছে, ফিচার থেকে পাওয়া সব সাজেশন ব্যবহারকারীর জন্য পুরোপুরি ব্যক্তিগত থাকবে যতক্ষণ না তিনি তা প্রকাশ করেন।
কোম্পানির নীতিতে বলা হয়েছে, “আপনার জন্য আইডিয়া তৈরি করতে আমরা আপনার ক্যামেরা রোল থেকে মিডিয়া নির্বাচন করব এবং সময়, স্থান বা থিমের মতো তথ্যের ভিত্তিতে সেগুলো আমাদের ক্লাউডে আপলোড করব।”
তবে মেটা নিশ্চিত করেছে এই ছবিগুলো বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হবে না।
ফিচারটি সম্পূর্ণভাবে ঐচ্ছিক, ব্যবহারকারীরা চাইলে ফেইসবুকের ক্যামেরা রোল সেটিং থেকে এটি সক্রিয় করতে বা পরবর্তীতে বন্ধ করতে পারবেন।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডায় চালু হলেও শিগগিরই অন্য দেশেও পরীক্ষামূলকভাবে ফিচারটি চালুর পরিকল্পনা করছে মেটা।