১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গারমিনের ফ্ল্যাগশিপ স্মার্টওয়াচ ‘ফেনিক্স ৯’ বাজারে

দীর্ঘ কোনো ট্রেকিং বা রোমাঞ্চকর অভিযানের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে আরও সহজে শেয়ার করার জন্য নতুন স্মার্টওয়াচে এমন নকশা করেছে গারমিন।

গারমিনের ফ্ল্যাগশিপ স্মার্টওয়াচ ‘ফেনিক্স ৯’ বাজারে
নিজেদের একদম নতুন ও উচ্চমানের যত উদ্ভাবনী ফিচার থাকে তা ফেনিক্স সিরিজের মাধ্যমেই বিশ্বমঞ্চে তুলে ধরে গারমিন। ছবি: গারমিন

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2026, 03:45 PM

Updated : 11 Sep 2026, 03:54 PM

উন্নত ন্যাভিগেশন, দ্বিগুণ উজ্জ্বল ডিসপ্লে, প্রিমিয়াম সিরিজের সর্বশেষ ও আধুনিক সংস্করণ নিয়ে নিজেদের ফ্ল্যাগশিপ স্মার্টওয়াচ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে প্রযুক্তি কোম্পানি গারমিন।

নতুন ট্রেকিং ফিচার, এআইওয়ালা স্পোর্টস টুল ও দৈনন্দিন স্বাস্থ্য নজরদারির নানা সুবিধাসহ ‘ফেনিক্স ৯’ নামের এ প্রিমিয়াম ডিভাইসটি অগাস্ট থেকে বাজারে মিলবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

পেশাদার অ্যাথলিট ও দুঃসাহসী অভিযাত্রীদের লক্ষ্য করে এ লাইনআপটি বাজারজাত করা হলেও গারমিনের পুরো প্রোডাক্ট লাইনের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল ও আধুনিক প্রযুক্তি সংবলিত ডিভাইস ফেনিক্স ৯’।

সাধারণত নিজেদের একদম নতুন ও উচ্চমানের যত উদ্ভাবনী ফিচার থাকে তা ফেনিক্স সিরিজের মাধ্যমেই বিশ্বমঞ্চে তুলে ধরে গারমিন।

নতুন ‘ফেনিক্স ৯’ সংস্করণে সবচেয়ে বড় পরিবর্তন আনা হয়েছে এর স্ক্রিনে।

গারমিন বলছে, নতুন ডিসপ্লেটি আগের ‘ফেনিক্স ৮’-এর তুলনায় দ্বিগুণ উজ্জ্বল। উন্নত পর্দার পাশাপাশি এতে যোগ হয়েছে আধুনিক সব ট্রেইনিং সরঞ্জাম ও নজরকাড়া ম্যাপ ন্যাভিগেশন সুবিধা।

এর বাইরেও স্মার্টওয়াচটির মাধ্যমে গারমিন প্রথমবারের মতো পরিচয় করিয়ে দিয়েছে তাদের নতুন ‘এপিক’ ফিচার।

দীর্ঘ কোনো ট্রেকিং বা রোমাঞ্চকর অভিযানের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে আরও সহজে আদান-প্রদানের উদ্দেশ্যেই এমন নকশা করেছে গারমিন।

২০২৪ সালের অগাস্টে বাজারে আসা ‘ফেনিক্স ৮’-এর সঙ্গে তুলনা করলে দেখা যায়, নতুন সংস্করণের ট্রেইনিং টুলগুলোতে বৈপ্লবিক পরিবর্তনের বদলে আনা হয়েছে কার্যকর ধারাবাহিক উন্নতি।

শরীরচর্চা বা শারীরিক কসরতের সময় একজন ব্যবহারকারীর দেহে ঠিক কতটা শক্তি অবশিষ্ট রয়েছে তা নিখুঁতভাবে জানাতে পারে এর নতুন ‘স্ট্যামিনা অ্যান্ড এনডিওরেন্স ট্র্যাকিং’ ব্যবস্থা।

এ ছাড়া, রোয়িং বা নৌকা বাইচ জাতীয় শারীরিক অনুশীলনের ডেটা সংগ্রহের ক্ষেত্রেও আনা হয়েছে বড় পরিমার্জন, যা ব্যবহারকারীর সার্বিক ফিটনেসের স্পষ্ট চিত্র তুলে ধরবে।

স্মার্টওয়াচটিতে থাকা ডিজিটাল ম্যাপের কার্যকারিতাও বাড়িয়েছে গারমিন। বাড়তি ন্যাভিগেশন সুবিধা প্রসঙ্গে গারমিন বলেছে, নতুন এ আপগ্রেডের ফলে ডিভাইসের রাউটিং এখন থেকে আগের চেয়ে ‘বেশি সাবলীল ও স্বাচ্ছন্দ্যদায়ক’ মনে হবে।

স্মার্টওয়াচটিতে থাকা ‘এপিক’ ফিচারের মূল নজর হচ্ছে দীর্ঘ কোনো অভিযান বা শারীরিক অ্যাক্টিভিটি শেষ হওয়ার পর ফোন অ্যাপের সাহায্যে সেসব ডেটা একত্র করে শেয়ার করা।

তবে এর বেশ কিছু পরিবর্তন সরাসরি ওয়াচ ডিভাইসেও যোগ হয়েছে।

গারমিন বলেছে, একজন হাইকার দীর্ঘ দিন ধরে হাঁটার অভিযান চালালে তার আলাদা আলাদা সব অ্যাক্টিভিটি একসঙ্গে যোগ করে তিনি পুরো ট্রিপের একটি একক ম্যাপ ও বিস্তারিত তথ্য অনুসারে তা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবেন।

কোম্পানিটির প্রধান বা ফ্ল্যাগশিপ ওয়াচ হওয়ায় সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাদের অন্য সব উন্নত স্পোর্টস ফিচারের সুবিধাগুলোও রাখা হয়েছে ফেনিক্স ৯-এ।

এতে থাকছে লোকেশন ট্র্যাকিং সুবিধা ও ওয়ার্কআউট শুরুর আগের ও পরের শারীরিক অবস্থার পুঙ্খানুপুঙ্খ ফিডব্যাক ব্যবস্থা।

শরীরচর্চার পাশাপাশি দৈনন্দিন স্বাস্থ্যের নজরদারিতেও ডিভাইসটি বেশ কার্যকর। সারাদিনে কী পরিমাণ ক্যালোরি খরচ হচ্ছে তার হিসাব রাখার পাশাপাশি এতে রয়েছে ফোনের নোটিফিকেশন সুবিধা, মাইক্রোফোন ও স্পিকার।

এসবের মাধ্যমে সিরির মতো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে নির্দেশনা দেওয়া যাবে। হোয়াটসঅ্যাপ ও স্পটিফাইয়ের মতো বহুল ব্যবহৃত বিভিন্ন অ্যাপও সরাসরি এ ওয়াচে ইন্টিগ্রেট করার সুযোগ রয়েছে।

যুক্তরাজ্যের বাজার অনুসারে, আগামী ২৮ অগাস্ট থেকে ফেনিক্স ৯ অর্ডারের জন্য পাওয়া যাবে। স্ট্যান্ডার্ড সংস্করণটির দাম শুরু হয়েছে ৮৪৯ পাউন্ড থেকে। আর স্যাটেলাইট মেসেজিং ও সোলার চার্জিং সুবিধা সংবলিত ‘প্রো’ সংস্করণটির সর্বোচ্চ দাম ১ হাজার ২০০ পাউন্ড।

ডিভাইসটি যুক্তরাজ্য সময় দুপুর ১২টায় এক লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উন্মোচনের কথা থাকলেও মঙ্গলবার সকালেই গারমিনের অফিসিয়াল ওয়েবসাইটে ফেনিক্স ৯-এর বিস্তারিত তথ্য প্রকাশ পেয়েছে।