১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডজ নিয়ে মাস্ককে সাহায্যের হাত বাড়িয়েছিলেন জাকারবার্গ

মাস্ক ও জাকারবার্গের মধ্যে সম্পর্কের ইতিহাস বেশ জটিল। ২০২৩ সালে তারা একে অপরের সঙ্গে খাঁচায় বন্দি হয়ে লড়াইয়ের ঘোষণা দিয়েছিলেন, যা শেষ পর্যন্ত ঘটেনি।

ডজ নিয়ে মাস্ককে সাহায্যের হাত বাড়িয়েছিলেন জাকারবার্গ
২০২৫ সালের শুরুতে দুজনেই নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। এ সময় তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হতে দেখা যায়। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2026, 05:10 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

চির প্রতিদ্বন্দ্বী ইলন মাস্ক ও মার্ক জাকারবার্গের মধ্যকার দীর্ঘদিনের ‘শত্রুতা’ হয়ত মিটেছে।

২০২৫ সালের শুরুতে ফাঁস হওয়া এক গোপন বার্তায় উঠে এসেছে, মাস্কের নতুন সরকারি প্রকল্প ‘ডজ’কে সুরক্ষিত রাখতে এবং ওপেনএআইয়ের বিরুদ্ধে লড়াইয়ে সরাসরি সহায়তার প্রস্তাব দিয়েছিলেন জাকারবার্গ।

রাজনৈতিক পটপরিবর্তন ও ব্যবসায়িক স্বার্থে দুই প্রযুক্তি জায়ান্টের এই অভূতপূর্ব ঘনিষ্ঠতা সিলিকন ভ্যালিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

মাস্ক ও জাকারবার্গের মধ্যে সম্পর্কের ইতিহাস বেশ জটিল। ২০২৩ সালে তারা একে অপরের সঙ্গে খাঁচাবন্দি লড়াই বা ‘কেজ ফাইট’-এর ঘোষণা দিয়েছিলেন, যা শেষ পর্যন্ত ঘটেনি।

তবে ২০২৫ সালের শুরুতে দুজনেই সে সময়ের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। এ সময় তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হতে দেখা যায়।

একই বছরের ফেব্রুয়ারিতে জাকারবার্গ মাস্কের তৎকালীন মার্কিন ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ বা ‘ডজ’-এর কাজ নিয়ে ইতিবাচক বার্তা পাঠান।

মেটার সিইও জাকারবার্গ টেক্সট করে মাস্ককে বলেছেন, “মনে হচ্ছে ডজ বেশ উন্নতি করছে। আপনার দলের সদস্যদের ব্যক্তিগত তথ্য ফাঁস বা তাদের হুমকি দেওয়া বিভিন্ন কনটেন্ট সরিয়ে ফেলার জন্য আমি আমার দলকে বলেছি।” 

“আপনার জন্য আরও কিছু করার থাকলে আমাকে অবশ্যই বলবেন।”

এসব টেক্সট মেসেজ শুক্রবার স্যাম অল্টম্যান ও ওপেনএআইয়ের বিরুদ্ধে মাস্কের করা মামলার নথিতে প্রকাশিত হয়েছে। এসব মেসেজ ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারির।

এর ঠিক কয়েক সপ্তাহ আগেই জাকারবার্গ ঘোষণা করেছিলেন, মেটা এখন কনটেন্ট মডারেশনের চেয়ে ‘বাকস্বাধীনতা’কে বেশি গুরুত্ব দেবে।

কাকতালীয়ভাবে, একই দিনে একজন মার্কিন অ্যাটর্নি বলেছিলেন, তিনি ডজ কর্মীদের সমালোচকদের হাত থেকে ‘রক্ষা করবেন’।

জাকারবার্গের মেসেজের উত্তরে মাস্ক হার্ট ইমোজি দেন এবং এরপর সম্পূর্ণ ভিন্ন একটি বিষয় ওপেনএআই নিয়ে কথা শুরু করেন।

মাস্ক জাকারবার্গকে জিজ্ঞেস করেন, তিনি মাস্ক ও আরও ‘কয়েকজনের সঙ্গে মিলে ওপেনএআইয়ের আইপি বা মেধাস্বত্ব কেনার জন্য বিনিয়োগে আগ্রহী কি না’।

জাকারবার্গ এ বিষয়ে ‘সরাসরি আলোচনার প্রস্তাব’ দেন ও মাস্ক বলেন, তিনি পরের দিন ফোন করবেন। মামলার আগের বিভিন্ন নথি থেকে জানা যায়, মাস্ক জাকারবার্গকে ওপেনএআই কিনতে সাহায্যের আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে জাকারবার্গ ওই প্রস্তাবে সায় দেননি।

শুক্রবার প্রকাশ্যে আসা আরেকটি নথিতে মাস্কের আইনজীবীরা যুক্তি দিয়েছেন, মেটা সিইওর সঙ্গে তার এসব আলাপ মামলা থেকে বাদ দেওয়া উচিত।

“অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে মাস্কের ব্যক্তিগত সম্পর্ক ও যোগাযোগ এ মামলার জন্য অপ্রাসঙ্গিক ও ক্ষতিকর।

“বিবাদী পক্ষ (ওপেনএআই) ট্রায়ালের জন্য যে তালিকা দিয়েছে, তাতে মাস্ক ও জাকারবার্গের ব্যক্তিগত আলাপ অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ড ও এ মামলা নিয়ে আলোচনা ছিল। সাম্প্রতিক এসব মেসেজের সঙ্গে মাস্কের মূল অভিযোগের কোনো সম্পর্ক নেই। বিষয়টি জাকারবার্গের সঙ্গে মাস্কের সখ্যতা দেখিয়ে তার প্রতি নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা মাত্র।”

মেটার একজন মুখপাত্র এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

একই নথিতে মাস্কের আইনজীবীরা অল্টম্যানের আইনজীবীদের কিছু প্রশ্ন নিয়ে আপত্তি তুলেছেন।

অল্টম্যানের আইনজীবীরা মাস্কের কথিত ‘কেটামিন’ বা এক ধরনের মাদক গ্রহণ এবং ‘বার্নিং ম্যান’ নামের হিপ্পি উৎসবে যোগ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

ভিডিও জবানবন্দির এক প্রতিলিপি অনুসারে, মাস্ককে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি ২০১৭ সালে বার্নিং ম্যান উৎসবে ‘রাইনো কেট’ নিয়েছিলেন কি না। মাস্ক উত্তরে ‘না’ বলেছিলেন।

মাস্কের আইনজীবীরা বলেছেন, “গান-বাজনার উৎসব বা মাদকের সঙ্গে এ মামলার কোনো সম্পর্ক রয়েছে এমন ইঙ্গিত দেওয়াটা হাস্যকর। আর মাস্ক তার অবসর সময় কীভাবে কাটান সেটিও এ মামলার জন্য সম্পূর্ণ অপ্রাসঙ্গিক।”

তবে এ মাসের শুরুতে একজন বিচারক রায় দিয়েছেন, ওপেনএআইয়ের আইনজীবীরা মাস্ককে ‘বার্নিং ম্যান’ উৎসব সম্পর্কে ‘সীমিত’ আকারে প্রশ্ন করতে পারবেন। তবে ‘কেটামিন’ নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না।