১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইতিহাস গড়ে ৪ ট্রিলিয়ন ডলারে অ্যাপল, মাইক্রোসফট

জুলাইয়ে প্রথমবারের মতো ৪ ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করেছিল মাইক্রোসফট। তবে অ্যাপলের জন্য এবারই প্রথম।

ইতিহাস গড়ে ৪ ট্রিলিয়ন ডলারে অ্যাপল, মাইক্রোসফট
গত তিন মাসে অ্যাপলের শেয়ারের দাম বেড়েছে ২৫ শতাংশ। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2025, 08:58 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

ইতিহাস গড়ে প্রথমবারের মতো ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের মাইলফলক স্পর্শ করল অ্যাপল এবং দ্বিতীয়বারের মতো ৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছাল মাইক্রোসফট।

মঙ্গলবার অ্যাপল ও মাইক্রোসফটের শেয়ারের দাম বেড়ে যাওয়ার ফলে মার্কিন দুই প্রযুক্তি জায়ান্টেরই বাজারমূল্য ৪ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে। এ আর্থিক সাফল্য প্রযুক্তিসেক্টরের কোম্পানিগুলোর জন্য ঐতিহাসিক এক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে, গত জুলাইয়ে প্রথমবারের মতো ৪ ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করেছিল মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। তবে এবারই প্রথম এ মাইলফলক স্পর্শ করল আইফোন নির্মাতা।

বাজারমূল্যে কোম্পানি দুটি এখনও মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়া’র পেছনে রয়েছে। কারণ বর্তমানে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি এনভিডিয়া, যার বাজারমূল্য ৪.৬ ট্রিলিয়ন ডলারেরও বেশি বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।

চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের লাভজনক অংশের ব্যবসায় ২৭ শতাংশ মালিকানা মাইক্রোসফটের– এমন খবর প্রকাশের পর কোম্পানিটির শেয়ারের দাম প্রায় তিন শতাংশ বেড়ে যায়। ২০১৯ সাল থেকেই ওপেনএআইয়ের অন্যতম প্রধান সমর্থক ও বিনিয়োগকারী মাইক্রোসফট।

অ্যাপলের জন্য মাইলফলকটি এমন সময়ে এল যখন কোম্পানিটির শেয়ারের দাম সাম্প্রতিক কয়েক সপ্তাহে দ্রুত বেড়েছে। যার প্রধান কারণ, সেপ্টেম্বরে প্রকাশিত আইফোন ১৭ মডেল এর আগের বিভিন্ন মডেলের তুলনায় বাজারে ভালো পারফর্ম করছে।

গত তিন মাসে অ্যাপলের শেয়ারের দাম বেড়েছে ২৫ শতাংশ। শুক্রবার নিজেদের আর্থিক বছরের চতুর্থ প্রান্তিকের ফলাফল ঘোষণা করবে কোম্পানিটি।

অন্যদিকে, মাইক্রোসফটের শেয়ার তিন মাসে বেড়েছে ছয় শতাংশ এবং বুধবার নিজেদের আয়ের প্রতিবেদন প্রকাশ করবে সফটওয়্যার জায়ান্টটি।

আরও পড়ুন…

৪ ট্রিলিয়ন ডলারের কোম্পানি হওয়ার দ্বারপ্রান্তে অ্যাপল

মাইক্রোসফট এখন ৪ ট্রিলিয়ন ডলারের কোম্পানি