এআই ক্যামেরা টুল ‘আনপ্যাকড’ ইভেন্টের আগেই দেখাল স্যামসাং
গ্যালাক্সি এস২৬ সিরিজের ফোনে থাকছে ‘গ্যালাক্সি এআই’ চালিত নতুন ক্যামেরা সিস্টেম, যা ছবি ও ভিডিও তোলা, এডিট ও শেয়ারিংয়ের কাজকে একসুতোয় গেঁথে দেবে।
আগামী সপ্তাহে আনপ্যাকড ইভেন্টকে সামনে রেখে আসন্ন গ্যালাক্সি এস২৬ সিরিজের বিভিন্ন স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত বিশেষ ক্যামেরা ফিচারের ঝলক দেখিয়েছে স্যামসাং।
প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, স্যামসাংয়ের আনপ্যাকড ইভেন্টের বড় আলোচনার বিষয় হতে যাচ্ছে এআই। এর আগেই এস২৬ সিরিজের স্মার্টফোনে ফটোগ্রাফি টুলে কী ধরনের এআই ফিচার আসতে পারে তার আভাস দিয়েছে কোম্পানিটি।
গ্যালাক্সি এস২৬ সিরিজের বিভিন্ন ফোনে থাকছে ‘গ্যালাক্সি এআই’ চালিত নতুন ক্যামেরা সিস্টেম, যা ছবি ও ভিডিও তোলা, এডিট ও শেয়ারিংয়ের কাজকে একসুতোয় গেঁথে দেবে।
স্যামসাংয়ের একজন প্রতিনিধি বলেছেন, “এ ফিচারের মাধ্যমে কেবল কয়েক সেকেন্ডের মধ্যে দিনের বেলা তোলা ছবিকে রাতের ছবিতে রূপান্তর করতে পারবেন ব্যবহারকারীরা।
“ছবির কোনো বস্তুর হারিয়ে যাওয়া অংশ পুনরুদ্ধার করতে, কম আলোতেও নিখুঁত ছবি তুলতে এবং একাধিক ছবিকে কোনো খুঁত ছাড়াই জোড়া দিয়ে চমৎকার ছবি তৈরি করা যাবে।”
স্যামসাংয়ের শেয়ার করা ভিডিওতে এ এআই টুলের আগের ও পরের ফলাফল দেখানো হয়েছে। সবচেয়ে কার্যকর বিষয় হচ্ছে, এসব ফিচার ব্যবহারের জন্য আলাদা আলাদা অ্যাপে যাওয়ার প্রয়োজন নেই। এসব সুবিধা একটি অ্যাপের ভেতরে থাকবে।
ক্যামেরার এসব আধুনিক ফিচার স্যামসাংয়ের আনপ্যাকড ইভেন্টের একটি অংশ মাত্র। আগামী সপ্তাহে উন্মোচিত হতে যাওয়া গ্যালাক্সি এস২৬, গ্যালাক্সি এস২৬+ ও গ্যালাক্সি এস২৬ আল্ট্রা এ তিনটি ফোনেই এআইনির্ভর ফিচার থাকবে।
