Published : 16 Jul 2025, 06:36 PM
‘মাইক্রোসফট অফিস’ অ্যাপের নতুন সব ফিচার আর পাচ্ছেন না উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা। ২০২৬ এর অগাস্ট থেকে এটি কার্যকর হবে বলে ঘোষণা করেছে কোম্পানিটি।
তবে উইন্ডোজ ১০ এ চলমান অ্যাপগুলোর জন্য ২০২৮ সালের অক্টোবর পর্যন্ত নিরাপত্তা আপডেট মিলবে, পরের বছর ধীরে ধীরে নতুন সব ফিচার দেওয়া বন্ধ করে দেবে মাইক্রোসফট।
মাইক্রোসফট ৩৬৫ ‘পার্সোনাল’ ও ‘ফ্যামিলি প্ল্যান’ ব্যবহারকারীরা ২০২৬ এর অগাস্টের পর থেকে উইন্ডোজের নতুন ফিচারগুলো আর পাবেন না বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ।
এ ছাড়াও উইন্ডোজ ১০ এ মাইক্রোসফট অফিসের মাসিক ‘এন্টারপ্রাইজ চ্যানেল’ ব্যবহারকারীদের জন্য ২০২৬ এর ১৩ অক্টোবর থেকে নতুন ফিচার সরবরাহ বন্ধ করার পরিকল্পনা করছে কোম্পানিটি। একইভাবে ‘সেমি-এন্টারপ্রাইজ চ্যানেল’ ব্যবহারকারীদের জন্যও ২০২৭ এর ১২ জানুয়ারি থেকে বন্ধ হচ্ছে।
চলতি বছরের শুরুতে উইন্ডোজ ১০ এ অফিস অ্যাপের জন্য নিরাপত্তা আপডেট দিতে বাধ্য হয়েছিল মাইক্রোসফট তবে সে সময় ২০২৬ থেকে ফিচারগুলো বন্ধ করে দেওয়া হবে এমন কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
কোম্পানিটির এ সিদ্ধান্তের ফলে মাইক্রোসফট ৩৬৫ এর সর্বশেষ ফিচার পেতে ব্যবহারকারীদের উইন্ডোজ ১১-তে যেতে হবে।
১৪ অক্টোবর শেষ হতে যাচ্ছে উইন্ডোজ ১০ এর মেয়াদ, মাইক্রোসফট ২০২৮ এর ১০ অক্টোবর পর্যন্ত উইন্ডোজ ১০ এর অফিস অ্যাপে নিরাপত্তা আপডেট দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।
অক্টোবরে ‘সাপোর্ট কাটঅফ’ শেষ হওয়ার আগেই উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের উইন্ডোজ ১১ এ নেওয়ার চেষ্টা করছে মাইক্রোসফট। উইন্ডোজ ১১ সবচেয়ে বেশি ব্যবহার করা ডেস্কটপ অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ১০-কে ছাড়িয়ে যাওয়ার পরও লাখ লাখ ডিভাইসে এখনও এ অপারেটিং সিস্টেমটি চলছে।
ব্যবহারকারীরা উইন্ডোজ ব্যাকআপ চালু করে আরও এক বছর কোনো পয়সা খরচ না করেই সিকিউরিটি আপডেট পেতে পারবেন।