১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইন খরচ রেকর্ড ১১৮০ কোটি ডলার ছাড়াল

বছরের সবচেয়ে ব্যস্ত কেনাকাটার দিনে যুক্তরাষ্ট্রে অনলাইন খরচ গত বছরের তুলনায় ৯ দশমিক ১ শতাংশ বেড়েছে।

ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইন খরচ রেকর্ড ১১৮০ কোটি ডলার ছাড়াল
অফারের তথ্য খুঁজতে ও পণ্যের দাম তুলনা করতে এ বছর আরও বেশি এআই চ্যাটবট ব্যবহার করেছেন ক্রেতারা। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2025, 05:44 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

এ বছরের ব্ল্যাক ফ্রাইডেতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে অনলাইনে বেশি কেনাকাটা করেছেন আমেরিকানরা, যার কারণে অনলাইনের মোট খরচ পৌঁছেছে রেকর্ড ১ হাজার ১৮০ কোটি ডলারে।

ব্ল্যাক ফ্রাইডেতে প্রচলিত নিয়মের বাইরে গিয়ে ভিড় এড়িয়ে ঘর থেকে কেনাকাটা করেছেন অনেক ক্রেতা, যার ফলে অনলাইনে কেনাকাটার খরচ এই রেকর্ড উচ্চতায় পৌঁছেছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

‘অ্যাডোবি অ্যানালিটিক্স’-এর নতুন তথ্য অনুসারে, বছরের সবচেয়ে ব্যস্ত কেনাকাটার দিনে যুক্তরাষ্ট্রে অনলাইন খরচ গত বছরের তুলনায় ৯ দশমিক ১ শতাংশ বেড়েছে এবং অফারের তথ্য খুঁজতে ও পণ্যের দাম তুলনা করতে এ বছর আরও বেশি এআই চ্যাটবট ব্যবহার করেছেন ক্রেতারা।

২০২৪ সালের তুলনায় এ বছর মার্কিন খুচরা ওয়েবসাইটে এআইচালিত ট্রাফিক ৮০৫ শতাংশ হয়েছে। তবে ওই সময় ওয়ালমার্টের ‘স্পার্কি’ বা অ্যামাজনের ‘রুফাস’-এর মতো টুল চালু হয়নি।

ই-মার্কেটার বিশ্লেষক সুজি ডেভিডখানিয়ান বলেছেন, “প্রয়োজনীয় পণ্য দ্রুত পেতে ক্রেতারা নতুন টুল ব্যবহার করছেন। উপহার খোঁজার বিষয়টি অনেক সময় চাপের হতে পারে। তবে, এই উপহার খোঁজার প্রক্রিয়াকে দ্রুত ও সহজ করে তুলেছে বিভিন্ন এআই মডেল।”

অ্যাডোবি জরিপে আরও উঠে এসেছে, এই মৌসুমে প্রায় অর্ধেক মার্কিন ক্রেতা এরইমধ্যে নিজেদের অনলাইন কেনাকাটায় সহায়তার জন্য এআই ব্যবহার করেছেন বা ব্যবহারের পরিকল্পনা করছেন।

এ ব্ল্যাক ফ্রাইডেতে ক্রেতাদের কাছে চাহিদাসম্পন্ন কিছু পণ্যের মধ্যে রয়েছে পোকেমন কার্ড, লেগো সেট, অ্যাপল এয়ারপড, কিচেনএইড মিক্সার, নিনটেনডো সুইচ ও প্লেস্টেশন ৫।

যুক্তরাষ্ট্রের ‘থ্যাংকসগিভিং’ উৎসবেও অনলাইনে রেকর্ড বিক্রি হয়েছে। এরপর ব্ল্যাক ফ্রাইডেতেও অনলাইন খরচের এই উর্ধ্বগতির দেখা মিলল।

থ্যাংকসগিভিংয়ে অনলাইনে রেকর্ড ৬৪০ কোটি ডলার খরচ করেছেন ক্রেতারা, যার একটি বড় কারণ হচ্ছে অনলাইনে ছাড় বা ডিসকাউন্ট হঠাৎ বেড়ে যাওয়া।

অ্যাডোবি অ্যানালিটিক্স অনুসারে, গত বছরের তুলনায় এ বছর খরচ ৫ দশমিক ৩ শতাংশ বেড়েছে। কারণ, ‘সাইবার উইক’-এর এমন সব ডিল ক্রেতারা কাজে লাগিয়েছেন, যা তাদের প্রত্যাশার চেয়েও ভালো ছিল।